odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 22nd June 2026, ২২nd June ২০২৬
পুত্রজায়ায় দুই প্রধানমন্ত্রীর বৈঠকে শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত, শ্রমবাজার ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব

odhikarpatra | প্রকাশিত: ২২ June ২০২৬ ১৪:১০

odhikarpatra
প্রকাশিত: ২২ June ২০২৬ ১৪:১০

অধিকারপত্র ডটকম প্রকাশ: ২২ জুন ২০২৬

আন্তর্জাতিক প্রতিনিধি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার পেরদানা পুত্রা ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে উভয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করা হয়।

আলোচনায় বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়নের বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদারের বিষয়ও আলোচনায় স্থান পায়।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ বিষয়ক একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসব দলিল বিনিময় করেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: