নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৭ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল প্রায় ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর ইউনিটের প্রশিক্ষণ এলাকায় পৌঁছান। সেখানে তিনি প্রশিক্ষণের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের কাছ থেকে চলমান মহড়া ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী একটি অপারেশনাল নির্দেশনা উপস্থাপন শুনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, কৌশলগত অনুশীলন এবং বিভিন্ন সমরাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও পর্যবেক্ষণ করেন।
তিনি সেনা বাঙ্কারে গিয়ে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের দায়িত্ব পালনের খোঁজখবর নেন এবং উৎসাহ প্রদান করেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। দীর্ঘ সময় মাঠপর্যায়ে উপস্থিত থেকে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান তিনি।
পরে সেনাসদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বাহিনীর ধারাবাহিক সাফল্য কামনা করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: