নিউজ ডেস্ক | অধিকারপত্র
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার জানান, তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। এর মধ্যে ২৯ নভেম্বর প্রথম দিনে ১৯টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। বাকি ৩৬টি দলের সঙ্গে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর পর্যায়ক্রমে মতবিনিময় করবে ইসি।
প্রকাশিত সূচি অনুযায়ী, দ্বিতীয় দিন ৩০ নভেম্বর ১৮টি এবং শেষ দিন ১ ডিসেম্বর আরও ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। সি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক বৈঠক করবে কমিশন। তিনি আরও জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচন
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা ও ভোটের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কমিশন।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
২০২৭ সালে পাঁচ ধাপে ভোটের তারিখ
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল সংশ্লিষ্ট এলাকার জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন। তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানাবেন। হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে, তারাই এ নির্বাচনে ভোট দিতে পারবেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং নির্বাচনের অন্যান্য প্রস্তুতি শেষ করে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র
