মঙ্গলবার | ২৭ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩
রাজনীতি ডেস্ক | অধিকারপত্র ডটকম
চুয়াডাঙ্গা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, অতীতের আওয়ামী লীগ সরকারের মতো বিএনপিও নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির নীলনকশা তৈরি করছে। তিনি দাবি করেন, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কঠিন হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদেরই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনিক দায়িত্বে বসানো হচ্ছে। অতীতের মতো ভোটাধিকার হরণের সংস্কৃতির পুনরাবৃত্তি রোধে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে দলীয় প্রভাবমুক্ত রাখার দাবি জানান তিনি।
প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকে কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান নিশ্চিত, যোগ্যতার ভিত্তিতে সরকারি নিয়োগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন। তিনি সুশাসন, জবাবদিহি ও ভোটাধিকার নিশ্চিত করতে সংস্কার প্রস্তাবের ওপর গণভোট আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে এনসিপি। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের নাম ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা পরিচালনা করেন জেলার সদস্যসচিব আনাসগীর হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মো. আলী রুকনুদ্দীন যতন।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, মুসাব্বির আহমদ, তানভীর সওয়ার শুভ্রসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম
স্থানীয় সরকার নির্বাচন আখতার হোসেন চুয়াডাঙ্গা নির্বাচন ভোট ইঞ্জিনিয়ারিং বিএনপি হাসনাত আবদুল্লাহ এনসিপি

আপনার মূল্যবান মতামত দিন: