odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th July 2026, ২৮th July ২০২৬

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ২৭ July ২০২৬ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ২৭ July ২০২৬ ২৩:৫৮

মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩

অধিকারপত্র ডেস্ক

বরিশাল: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে কাজ করে। একটি সভ্য সমাজে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা, যা রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আত্মসমালোচনার সুযোগ করে দেয়। সমাজের বাস্তব চিত্র নিয়মিতভাবে গণমাধ্যমে প্রতিফলিত না হলে কোনো দেশই সঠিক পথে এগোতে পারে না।

তিনি বলেন, বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের যুগে বস্তুনিষ্ঠ তথ্যকে যাচাই-বাছাই করে উপস্থাপন করা সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা ও অপসাংবাদিকতার মধ্যে পার্থক্য নির্ধারণ করাও সময়ের দাবি।

মন্ত্রী আরও বলেন, ব্ল্যাকমেইলিংকে সাংবাদিকতা হিসেবে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। প্রকৃত সাংবাদিকতা এবং অপব্যবহারের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে রাষ্ট্রের পাশাপাশি সাংবাদিক সমাজকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতায় ধনী হওয়ার সুযোগ কম হলেও সমাজ, রাষ্ট্র ও মানুষের স্বার্থে অসংখ্য মানুষ নিষ্ঠার সঙ্গে এই মহান পেশায় কাজ করে যাচ্ছেন। তাদের অবদান সবসময় সম্মানের দাবিদার।

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ের সাংবাদিকতা ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম ও অডিও জার্নালিজমের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকেও নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে।

সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)। মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর আগে সকালে তিনি বরিশালের চরকাউয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম

 



আপনার মূল্যবান মতামত দিন: