odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th July 2026, ২৮th July ২০২৬
স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সম্পাদকদের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা ও নীতিমালা নিয়ে আলোচনা

স্বাধীন গণমাধ্যম নীতিমালা: সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Special Correspondent | প্রকাশিত: ২৮ July ২০২৬ ০০:০৫

Special Correspondent
প্রকাশিত: ২৮ July ২০২৬ ০০:০৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও সাংবাদিকদের জন্য কার্যকর নীতিমালা তৈরিতে সম্পাদকদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি সংবাদপত্রের সম্পাদকদের সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি জনকল্যাণমূলক ও ইতিবাচক উদ্যোগগুলো যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। এতে সাধারণ মানুষ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

বৈঠকে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীন সংবাদ পরিবেশ তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: