নিউজ ডেস্ক | অধিকারপত্র
দীর্ঘদিনের অমীমাংসিত দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি’। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বাদল মাদবর এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি নিশ্চিত করেন।
সাধারণ সম্পাদক বাদল মাদবর গণমাধ্যমকে বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই আমরা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। বুধবার সকাল ৬টা থেকে দেশের কোথাও কোনো বেসরকারি অ্যাম্বুল্যান্স চলবে না।
বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবি
সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো:
বাণিজ্যিক নীতিমালা: অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা।
পার্কিং সুবিধা: দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা।
টোল মওকুফ: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুলেন্সের কাছ থেকে টোল আদায় বন্ধ করা (টোল ফ্রি বাস্তবায়ন)।
লাশবাহী গাড়ির টোল ফ্রি: লাশবাহী ফ্রিজিং ভ্যান ও মরদেহ পরিবহনকারী অ্যাম্বুলেন্সের ওপর থেকে সব ধরনের টোল সম্পূর্ণ মওকুফ করা।
জ্বালানি সরবরাহ: রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা।
সংশ্লিষ্ট মহলের অবহেলা এবং বারবার তাগিদ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির শঙ্কার মাঝেই এই অনির্দিষ্টকালের ধর্মঘট পালিত হচ্ছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: