অধিকারপত্র ডটকম ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার: নিজস্ব প্রতিবেদক
ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই-পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের নতুন আশা জাগিয়েছেন। তিনি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি মানুষের আচরণগত সংস্কৃতির পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজে ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং সিটি করপোরেশনগুলোকে পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি তরুণ সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি করছেন।
তিনি বলেন, মানুষের মন-মানসিকতায় পরিবর্তন না এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গত পাঁচ মাসে দৃশ্যমান পরিবর্তন খুব বেশি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অতীতে যারা ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের কেউ কেউ এখন নতুন পরিস্থিতিতে নিজেদের অবস্থান বদলে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এ ধরনের সংস্কৃতি পরিবর্তনে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ১৯৪৭ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং সেই চেতনাকে ধারণ করেই দেশ গড়তে হবে।
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের মানুষের জন্য খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং প্রতিশোধ ও প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌসসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন এবং আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: