odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 4th September 2026, ৪th September ২০২৬
যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে।

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

odhikarpatra | প্রকাশিত: ৪ September ২০২৬ ২০:১৪

odhikarpatra
প্রকাশিত: ৪ September ২০২৬ ২০:১৪

যশোর প্রতিনিধি | অধিকার পত্র ডটকম

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে যশোর-সাতক্ষীরা এবং যশোর-খুলনা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের আমজেদ গাজী (৫৪), লক্ষ্মীপুর গ্রামের আসিরন বিবি (৬৫) এবং কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রোকেয়া বেগম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকায় একটি গড়াই পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমজেদ গাজী ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা গুরুতর আহত আসিরন বিবিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

অন্যদিকে, শুক্রবার সকাল ৭টার দিকে কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবিহীন বাস পথচারী রোকেয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি এতিমখানা ভবনের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় বাসের চালকের সহকারী আহত হন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসোনা খাতুন জানান, নিহত রোকেয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

 

🚨 যশোরে পৃথক সড়ক দুর্ঘটনা, দুই নারীসহ নিহত ৩


#অধিকারপত্র #যশোর #সড়কদুর্ঘটনা #নিহত #দুর্ঘটনা #বাংলাদেশ

 



আপনার মূল্যবান মতামত দিন: