odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 13th September 2026, ১৩th September ২০২৬
রাজশাহীর বাঘায় বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি। এক নারী গ্রেপ্তার।

বাঘায় বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার; নারী গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ১৩ September ২০২৬ ১৯:০০

odhikarpatra
প্রকাশিত: ১৩ September ২০২৬ ১৯:০০

অধিকারপত্র ডটকম, রাজশাহী  প্রতিনিধি

রাজশাহী, ১৩ সেপ্টেম্বর ২০২৬: রাজশাহীর বাঘায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মোছা. রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রোজিনা খাতুনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের তার বসতবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ।

ডিবি পুলিশের ভাষ্য, বাড়িটির শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রোজিনা খাতুন জিজ্ঞাসাবাদে তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪)-এর পরিচয় ও ঠিকানা জানিয়েছেন। তবে রুবেল হোসেন বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে রুবেল হোসেন প্রায় ছয় মাস ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ডিবি পুলিশের দাবি, বিগত সরকার আমলে রুবেল এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার করা অস্ত্রগুলো রুবেল হোসেন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করে থাকতে পারেন। তবে অস্ত্রগুলোর মালিকানা ও ব্যবহারের বিষয়ে তদন্ত চলছে।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসান জানান, পলাতক রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার রোজিনা খাতুনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: