odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬
ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ, অভিযুক্ত জাহিদুল উদ্ধার ও গ্রেপ্তার | পুলিশ সূত্রে বিস্তারিত তথ্য

আশুগঞ্জে শিশু শিক্ষার্থীকে নৃশংস হত্যা, এলাকায় তীব্র ক্ষোভ

odhikarpatra | প্রকাশিত: ২৫ September ২০২৬ ২০:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২৫ September ২০২৬ ২০:৩৭

অধিকারপত্র ডটকম 

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল বাজারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক জাহিদুলকে (১৮) গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রতিবেশী মৃত মো. শাহ আলম মিয়ার ছেলে ও পেশায় রাজমিস্ত্রি জাহিদুল ওই শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে ঘাতক বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে স্বজনরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার জানাজানি হলে এলাকায় মারাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত জাহিদুলকে আটক করে স্থানীয় একটি ভবনে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশসহ অভিযুক্তকে ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত জাহিদুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী জানান, অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুর লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।