odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬
পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ; নিয়োগে নিরপেক্ষতা ও স্বচ্ছতার দাবি

সরকারি শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ ছাত্রশক্তির

odhikarpatra | প্রকাশিত: ২৫ September ২০২৬ ২২:২৯

odhikarpatra
প্রকাশিত: ২৫ September ২০২৬ ২২:২৯

অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক, 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এসব অভিযোগ তুলে ধরেন।

মানববন্ধনে ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’, ‘নো মোর পলিটিক্যাল ফেভার ইন দ্য জব সেক্টর’ এবং ‘নিয়োগে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত কর’—এমন বিভিন্ন প্ল্যাকার্ড ও লালকার্ড প্রদর্শন করা হয়।

কর্মসূচিতে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস অভিযোগ করেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের চেষ্টা করা হচ্ছে। তার দাবি, কোনো অপরাধের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের নামে সাধারণ শিক্ষার্থীদের মেধাতালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন সমান সুযোগের দাবিতে আন্দোলনের পর ক্ষমতায় আসার পরও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক বসানোর চেষ্টা চলছে বলে তারা মনে করছেন।

রাইয়ান ফেরদৌস বর্তমান প্রশাসনের সরকারি চাকরিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে ভবিষ্যতে আবারও আন্দোলনের আশঙ্কার কথা বলেন।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অতিরিক্ত রাজনীতিকরণ বা দলীয়করণ চলতে পারে না।

তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দলীয় ব্যক্তিদের বসানো হচ্ছে এবং নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী।”

তবে এসব অভিযোগের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে হাসিব আল ইসলাম বলেন, ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, তাদের দাবি মানা না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি নেওয়া হবে।

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ ও পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা নিয়োগে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানান।

#সরকারিচাকরি #শিক্ষকনিয়োগ #প্রাথমিকশিক্ষক #ছাত্রশক্তি #ঢাবি #চাকরিনিয়োগ #পুলিশভেরিফিকেশন #অধিকারপত্র