অধিকার পত্র ডটকম,আন্তর্জাতিক ডেক্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবারের ভাষণে তিনি মামদানিকে ইহুদিবিদ্বেষী আখ্যা দেন এবং ইসরায়েল ও দেশটির সামরিক বাহিনী নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন।
রয়টার্সের প্রতিবেদনের বরাতে প্রথম আলো জানায়, মামদানি বিভিন্ন সময়ে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিয়েছেন। এর জবাবেই জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু মামদানির সমালোচনা করেন।
নেতানিয়াহু বলেন, সত্যকে বিকৃত করা এবং আক্রান্ত ব্যক্তি ও আক্রমণকারীকে উল্টোভাবে উপস্থাপনের জন্য মামদানিকে ধিক্কার জানানো উচিত।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর অনেক ইহুদি নগরটিতে নিজেদের নিরাপদ মনে করছেন না। তাঁর দাবি, এসব মানুষ তাঁর সঙ্গে কথা বলেছেন এবং নিউইয়র্ক দ্রুত বদলে যাচ্ছে বলে জানিয়েছেন।
মামদানির উদ্দেশে নেতানিয়াহু বলেন, তিনি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছেন এবং নেতানিয়াহুকে নিউইয়র্কে আসতে বাধা ও চুপ করানোর চেষ্টা করেছেন। তবে এসবের মাধ্যমে তাঁকে চুপ করানো যাবে না বলেও মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ভাষণে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তাঁর দাবি, ইসরায়েল গণহত্যা করেনি; বরং একটি গণহত্যা ঠেকিয়েছে।
ইসরায়েল শুরু থেকেই গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তারা হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে এবং হামাস বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
ভাষণে নেতানিয়াহু মামদানিকে হামাসের ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন।
তবে জোহরান মামদানি হামাসকে সমর্থন করেন না বলে তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়েছে। তিনি ইহুদিবিদ্বেষেরও তীব্র নিন্দা করেছেন। মামদানির বক্তব্য, ইসরায়েলের নীতি ও সামরিক কর্মকাণ্ডের সমালোচনাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে।
