অধিকারপত্র ডটকম, রাজনৈতিক ডেক্স :বিশেষ প্রতিবেদক :
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বাকি ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার রাতে গ্রেপ্তার দেখানো ২৭ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁদের বিরুদ্ধে জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ এনেছে।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাঁদের জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামিপক্ষের জামিন শুনানির জন্য পরদিন দিন নির্ধারণ করা হয়েছে।
পুলিশের আবেদনে যে অভিযোগ
আদালতে দেওয়া পুলিশের আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে আসার বিষয়ে তাঁরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, তাঁরা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন—এমন প্রাথমিক ধারণা রয়েছে। এ কারণে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়।
২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ
আটক ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তার দেখানো ২৭ জন হলেন—মো. দিনারুল আলম, ইমান আহম্মেদ, মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ, জয় সরকার, মো. মিরাজ আহমেদ, মো. মিরাজ মল্লিক, মো. রবিউল ইসলাম, মিলন কুমার, মো. কাউসার হোসেন, শ্রী অন্তর শিল, জালাল উদ্দিন মণ্ডল, আবদুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, মো. সুজন আলী, মো. তরিকুল ইসলাম, মো. সাইফুল্লার সাদেক, নয়ন আলী, সাজিদুল ইসলাম, তাজুল ইসলাম, নিস্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আল আমিন হাওলাদার, মো. তুষার আলী, মো. রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
জাসদের বক্তব্য
শনিবার বিকেলে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করে পুলিশ। জাসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই দিন তাদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলছিল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নিয়ে কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং সারা দেশ থেকে আসা প্রায় ৪০০ নেতা-কর্মী এতে অংশ নিয়েছিলেন।
জাসদের দাবি, সভা চলাকালে বিএনপির নেতা-কর্মীরা সেখানে হামলা চালান। পরে পুলিশ কার্যালয় ঘেরাও করে নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায়। রাতেই যাচাই-বাছাই শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, রোববার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের চাবি দলটির নেতাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিকে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় সোমবার তাঁদের জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
