odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 28th September 2026, ২৮th September ২০২৬
দামি ফোন বা নতুন বন্ধুত্ব নয়—আচরণ, বন্ধুবৃত্ত, বিদ্যালয় ও অনলাইন জীবনে একাধিক পরিবর্তনই হতে পারে বিপদের সংকেত। অপ্রতীমের মৃত্যু প্রশ্ন রাখে: আমরা কি সন্তানের অদৃশ্য জগৎটি সত্যিই জানি?

বিশেষ অনুসন্ধানী ফিচার: আর কত অপ্রতীম? আপনার সন্তান বিপদের দিকে যাচ্ছে কি না—আজই যে সংকেতগুলো দেখুন এবং প্রয়োজনে KGRS–PTB (কিশোর গ্যাং ও কিশোর অপরাধ ঝুঁকি নিরূপণ স্কেল) ব্যবহার করে কিশোরসমাজকে রক্ষায় এগিয়ে আসুন

Dr Mahbub | প্রকাশিত: ২৭ September ২০২৬ ২২:৩৬

Dr Mahbub
প্রকাশিত: ২৭ September ২০২৬ ২২:৩৬

অধিকারপত্র বিশেষ ফিচার  •  শিক্ষা  •  সমাজ  •  কৈশোর  •  নীতি  •  দেশচিন্তা

একটি শিশুর হাতে দামি ফোন থাকা, বন্ধুদের সঙ্গে ঘোরা কিংবা কৈশোরের স্বাভাবিক স্বাধীনতা চাওয়া তাকে অপরাধী বানায় না। কিন্তু বন্ধুবৃত্তের আকস্মিক পরিবর্তন, বয়সে অনেক বড় ঝুঁকিপূর্ণ সঙ্গী, গোপনীয়তা, ভয় দেখানো, স্কুল থেকে বিচ্ছিন্নতা, সহিংসতার প্রতি আকর্ষণ ও অজানা অর্থের উৎস—এসব সংকেত একসঙ্গে দেখা দিলে পরিবার, বিদ্যালয় ও সমাজকে দ্রুত সাড়া দিতে হয়। অপ্রতীমের মৃত্যু আমাদের সেই কঠিন প্রশ্নটির সামনে দাঁড় করিয়েছে—আমরা কি সন্তানকে শুধু ভালোবাসছি, নাকি সত্যিই তার জীবনের ভেতরের পৃথিবীটিও জানছি?

একনজরে নিবন্ধটি (সারাংশ)

এই নিবন্ধে দুইটি অংশ রয়েছে।

  • প্রথম অংশ: মূল নিবন্ধ এবং
  • দ্বিতীয় অংশ : অভিভাবক ও শিক্ষকের হাতে একটি ব্যবহারিক টুল KGRS–PTB: Kishore Gang & Juvenile Delinquency Risk Screening Scale—Parent/Teacher, Bangladesh Version। বাংলায় একে বলা যেতে পারে—কিশোর গ্যাং ও কিশোর অপরাধ ঝুঁকি নিরূপণ স্কেল: অভিভাবক ও শিক্ষক সংস্করণ।

কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কিশোরদের ঝুঁকিপূর্ণ বন্ধুত্ব, বয়সে বড় সঙ্গীর প্রভাব, গোপনীয়তা, বিদ্যালয় থেকে বিচ্ছিন্নতা, অনলাইন তৎপরতা, আগ্রাসন এবং কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার সম্ভাব্য সংকেত বিশ্লেষণ করা হয়েছে এই বিশেষ অনুসন্ধানী ফিচারে। কোনো একটি আচরণ দেখে শিশুকে অপরাধী হিসেবে চিহ্নিত না করে কীভাবে অভিভাবক ও শিক্ষক ধারাবাহিক পরিবর্তন পর্যবেক্ষণ করবেন, সন্তানের সঙ্গে সংবেদনশীলভাবে কথা বলবেন, ঝুঁকির মাত্রা বুঝবেন এবং প্রয়োজনমতো নিরাপত্তা ও পেশাদার সহায়তার ব্যবস্থা করবেন—তার গবেষণাভিত্তিক ও ব্যবহারিক নির্দেশনাও রয়েছে নিবন্ধটিতে।

এই নিবন্ধের উদ্দেশ্য কোনো অভিভাবককে আতঙ্কিত করা কিংবা সন্তানের প্রতি সন্দেহপ্রবণ করে তোলা নয়। বরং কৈশোরের স্বাভাবিক পরিবর্তন এবং বিপদের সম্ভাব্য সংকেতের মধ্যে পার্থক্য বুঝতে সহায়তা করাই এর মূল লক্ষ্য। নতুন বন্ধু তৈরি, ব্যক্তিগত গোপনীয়তা চাওয়া, পোশাক বা ভাষায় পরিবর্তন কিংবা মাঝে মাঝে তর্ক করা—এসব কৈশোরের স্বাভাবিক অংশ হতে পারে। কিন্তু বন্ধুবৃত্তের আকস্মিক পরিবর্তন, বিদ্যালয় থেকে বিচ্ছিন্নতা, নিয়মিত মিথ্যা বলা, ভয় দেখানো, দলগত সহিংসতা, অজানা অর্থ বা জিনিসপত্র এবং অস্ত্র বা মাদকের সঙ্গে সম্পৃক্ততার মতো একাধিক আচরণ ধারাবাহিকভাবে দেখা গেলে তা উপেক্ষা করা নিরাপদ নয়।

অভিভাবকদের জন্য নিবন্ধটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—সন্তানকে নিয়ন্ত্রণের আগে তার জীবনে কী ঘটছে, তা জানতে হবে। সে কার সঙ্গে সময় কাটায়, কোথায় যায়, কখন ফেরে, অনলাইনে কী ধরনের চাপের মুখে পড়ে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাকে ভয় দেখাচ্ছে কি না—এসব বিষয়ে খোলামেলা যোগাযোগ প্রয়োজন। নজরদারি ও যত্নশীল পর্যবেক্ষণ এক নয়; সন্তানের ব্যক্তিগত মর্যাদা অক্ষুণ্ণ রেখেই তার নিরাপত্তার সঙ্গে যুক্ত তথ্য জানা সম্ভব।

এই নিবন্ধ অভিভাবকদের একটি সহজ সিদ্ধান্তকাঠামোও দেয়: ঘটনা–পুনরাবৃত্তি–নিরাপত্তা। কী ঘটেছে, সেটি কতবার ঘটছে এবং এতে সন্তান বা অন্য কারও তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে কি না—এই তিনটি প্রশ্ন করণীয় নির্ধারণে সহায়ক হতে পারে। সাধারণ পরিবর্তনে শান্তভাবে পর্যবেক্ষণ, একাধিক ধারাবাহিক সংকেতে বিদ্যালয় ও মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা এবং অস্ত্র, গুরুতর হুমকি বা সংঘবদ্ধ হামলার আশঙ্কায় তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন।

সবচেয়ে বড় কথা, ঝুঁকিপূর্ণ আচরণ করা কোনো কিশোরও শুধু ‘অপরাধী’ নয়; সে একই সঙ্গে ভয়, চাপ, শোষণ, একাকিত্ব কিংবা গ্রহণযোগ্যতার অভাবের শিকার হতে পারে। তাই অভিভাবকের প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত তকমা বা অপমান নয়—শোনা, বোঝা, সীমা নির্ধারণ এবং নিরাপদ সহায়তার ব্যবস্থা করা।

এই নিবন্ধটি অভিভাবকের হাতে কোনো শিশুকে ‘গ্যাং সদস্য’ ঘোষণার পরীক্ষা তুলে দেয় না; এটি সময় থাকতে সন্তানের পাশে দাঁড়ানোর একটি সচেতনতার মানচিত্র দেয়। কারণ অনেক বিপদ শুরু হওয়ার আগেই একটি মনোযোগী প্রশ্ন, একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক এবং একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্কের উপস্থিতি শিশুর জীবনের গতিপথ বদলে দিতে পারে।

পাঠকের জন্য মূল সূত্র: একটি লক্ষণ দিয়ে সিদ্ধান্ত নয়। দেখুন—কী বদলেছে, পরিবর্তনটি কতদিন ধরে চলছে, একাধিক ক্ষেত্রে কি একই সঙ্গে পরিবর্তন ঘটছে, এবং কারও নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে কি না। “ঘটনা–পুনরাবৃত্তি–নিরাপত্তা” এই তিনটি প্রশ্ন পুরো নিবন্ধের ব্যবহারিক মেরুদণ্ড। এবং শেষে প্রদত্ত  অভিভাবক ও শিক্ষকের জন্য ব্যবহারিক টুল: KGRS–PTB ব্যবহার করেবিৃঝতে চেষ্টা করুন।

প্রথম অংশ: মূল নিবন্ধ

সন্ধ্যায় সন্তান বলল, “মা, একটু বাইরে যাচ্ছি।”

মা হয়তো জিজ্ঞেস করলেন, “কোথায়?”

উত্তর এল, “বন্ধুদের সঙ্গে।”

“কোন বন্ধু?”

“তুমি চেনো না।”

কৈশোরে এমন কথোপকথন অস্বাভাবিক নয়। সন্তান বড় হচ্ছে। তার নিজের বন্ধু থাকবে, ব্যক্তিগত জগৎ তৈরি হবে, পরিবার থেকে কিছুটা স্বাধীনতাও চাইবে। এটাই স্বাভাবিক বিকাশ। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়।

“তুমি চেনো না”—এই চারটি শব্দের আড়ালে থাকা পৃথিবীটি বাবা-মা কতটা চেনেন?

১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মৃত্যুর পর প্রশ্নটি আর নিছক পারিবারিক প্রশ্ন নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতীম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পর লালমাই পাহাড় এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ পরে জানায়, তার সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে নির্জন স্থানে নিয়ে হত্যার অভিযোগে ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম তুহিনসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তুহিনের বাড়ি থেকে ফোনটিও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ২০ সেপ্টেম্বর পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করে; তবে মামলাটি এখনও বিচারিক প্রক্রিয়ার বিষয় এবং অভিযুক্তদের অপরাধের চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। পরে আটক এক কিশোরের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়েও দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।

অপ্রতীমের ঘটনাকে তাই সরলভাবে “কিশোর গ্যাংয়ের একটি ঘটনা” বলে লেবেল দিলে তদন্তের চেয়ে আমরা এগিয়ে যাব। কিন্তু ঘটনাটি যে বড় একটি সামাজিক সতর্কবার্তা সামনে এনেছে, তা উপেক্ষা করার সুযোগও নেই।

সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশের বক্তব্য অনুযায়ী, নিজের বয়সী সহপাঠীর গণ্ডির বাইরে বয়সে বড় কয়েকজন তরুণের সঙ্গে অপ্রতীমের যোগাযোগ ছিল। একসঙ্গে ভিডিও তৈরিসহ তাদের মধ্যে সামাজিক মেলামেশাও ছিল বলে পুলিশ জানিয়েছে।

এখানেই বাবা-মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি—আপনার সন্তান কার সঙ্গে সময় কাটায়, সেটি কি আপনি সত্যিই জানেন?

কিশোর গ্যাং মানেই কয়েকজন কিশোরের আড্ডা নয়

প্রথমেই একটি ভুল ধারণা ভাঙা দরকার। পাঁচ-দশজন কিশোর একসঙ্গে আড্ডা দিলেই তারা “কিশোর গ্যাং” নয়। কৈশোরে peer group বা সমবয়সী বন্ধুবৃত্তের প্রয়োজন অত্যন্ত স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে খেলাধুলা, ভ্রমণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলা কিংবা দল তৈরি করা—এসব বিকাশেরই অংশ।

সমস্যা তৈরি হয় যখন একটি দলীয় পরিচয়ের সঙ্গে যুক্ত হতে শুরু করে—অন্যকে ভয় দেখানো, এলাকা নিয়ন্ত্রণ, মারামারি, অস্ত্র বহন, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, যৌন হয়রানি, পরিকল্পিত প্রতিশোধ, অপরাধ লুকানো কিংবা অপরাধী বড়দের হয়ে কাজ করা।

গবেষণায় youth gang-এর সংজ্ঞা দেশ ও গবেষণা অনুযায়ী ভিন্ন। তাই শুধু পোশাক, চুলের স্টাইল, মোটরসাইকেল, মোবাইল ফোন কিংবা বন্ধুবৃত্ত দেখে কোনো কিশোরকে “গ্যাং সদস্য” ঘোষণা করা বৈজ্ঞানিকও নয়, নিরাপদও নয়। বরং দেখতে হবে—দলটির পরিচয় কী এবং দলগত আচরণে অপরাধ, সহিংসতা বা ভয় প্রদর্শন কতটা কেন্দ্রীভূত।

কেন কিশোর বয়স এত সংবেদনশীল?

কৈশোরকে অনেক সময় আমরা শুধু “বয়ঃসন্ধি” হিসেবে দেখি। বাস্তবে এটি পরিচয় তৈরির সময়।

“আমি কে?”
“আমাকে কে গুরুত্ব দেয়?”
“বন্ধুরা আমাকে গ্রহণ করছে তো?”
“আমি কি সাহসী?”
“আমি কি দুর্বল?”
“আমার কথা কি কেউ শোনে?”

এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকে একজন কিশোর।

এই বয়সে বন্ধুদের গ্রহণযোগ্যতা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই যে কিশোর পরিবার, বিদ্যালয় বা সমাজে সম্মান, belonging বা নিজের গুরুত্বের অনুভূতি পাচ্ছে না, তার কাছে অন্য কোনো দল সেই শূন্যস্থান পূরণ করতে পারে। Campbell Collaboration-এর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো নিয়ে systematic review দেখিয়েছে, কিশোর গ্যাংয়ে যুক্ত হওয়ার সঙ্গে কোনো একটি কারণ নয়; ব্যক্তিগত আচরণ, অপরাধপ্রবণ বন্ধু, পারিবারিক পরিবেশ, বিদ্যালয়ের সঙ্গে দুর্বল সংযুক্তি এবং প্রতিবেশের সহিংসতা—সবকিছুর সম্পর্ক রয়েছে। গবেষকেরা একই সঙ্গে সতর্ক করেছেন, এগুলো association; সব ক্ষেত্রে সরাসরি cause হিসেবে ধরা যাবে না। অর্থাৎ—একটি খারাপ ফলাফল কিশোরকে গ্যাং সদস্য করে না। একটি ঝগড়াও করে না। একটি দামি ফোনও করে না। ঝুঁকি বাড়ে যখন বিভিন্ন স্তরের একাধিক সংকেত একসঙ্গে জমতে থাকে।

📌 আরও পড়ুন: এই ধারাবাহিকের পূর্বে প্রকাশিত পর্ব: স্মার্টনেস যখন ভুল পথে: আট–দশ বছর স্কুলে পড়েও যদি কিশোর গ্যাংয়ে যায়—আমাদের শিক্ষা তাহলে কী শেখাচ্ছে? কিশোর গ্যাং সমস্যাকে শুধু আইনশৃঙ্খলার সংকট হিসেবে নয়, বরং শিক্ষা, পরিবার, বিদ্যালয়, মূল্যবোধ, সামাজিক সংযোগ এবং কিশোর বিকাশের বৃহত্তর প্রশ্ন হিসেবে বুঝতে পূর্বের এই নিবন্ধটি পড়ুন।

বাবা-মা কী দেখে সতর্ক হবেন?

এখানেই সবচেয়ে প্রয়োজনীয় অংশ। নিচের কোনো একটি আচরণ দেখেই সন্তানকে অপরাধী ভাববেন না। কৈশোরে mood change, privacy, বন্ধুদের প্রতি বেশি আকর্ষণ এবং বাবা-মায়ের সঙ্গে মতবিরোধ স্বাভাবিক হতে পারে। কিন্তু একাধিক আচরণের আকস্মিক পরিবর্তন, বিশেষ করে সহিংসতা, অপরাধ বা বিপজ্জনক বন্ধুত্বের সঙ্গে মিললে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

১. বন্ধুবৃত্ত হঠাৎ পুরো বদলে গেছে

পুরোনো বন্ধুদের বাদ দিয়ে সম্পূর্ণ নতুন বন্ধুদের সঙ্গে সময় কাটানো নিজে সমস্যা নয়। কিন্তু সতর্ক হবেন যদি সন্তান— বন্ধুদের পরিচয় গোপন করে; কোথায় থাকে জানাতে না চায়; বন্ধুদের পরিবারের সঙ্গে পরিচয় করাতে অনীহা দেখায়; অথবা তার নতুন বন্ধুদের বিরুদ্ধে এলাকায় সহিংসতা বা অপরাধের অভিযোগ থাকে।

বিশেষ করে একটি ১২–১৪ বছরের শিশুর নিয়মিত বন্ধুবৃত্তে অনেক বেশি বয়সী তরুণদের আধিপত্য থাকলে বাবা-মাকে জানতে হবে সম্পর্কটির প্রকৃতি কী। বয়সের পার্থক্য নিজে অপরাধের প্রমাণ নয়; কিন্তু power imbalance তৈরি করতে পারে।

২. কোথায় যাচ্ছে—তার উত্তর অস্পষ্ট হয়ে যাচ্ছে

“বাইরে যাচ্ছি।”
“একটু কাজ আছে।”
“বন্ধুর কাছে।”
“ফোন দিয়ো না।”
এগুলো মাঝে মাঝে স্বাভাবিক। কিন্তু নিয়মিত location লুকানো, মিথ্যা বলা, গভীর রাতে বাইরে থাকা, পরিকল্পনা বারবার বদলানো বা কয়েক ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকা হলে বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে।

CDC parental monitoring-কে শুধু নজরদারি হিসেবে দেখে না। এর অর্থ হলো বাবা-মা জানবেন— সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কখন ফিরবে, এবং সমস্যায় পড়লে কাকে ফোন করবে।

গবেষণায় উপযুক্ত parental monitoring কিশোরদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ কমার সঙ্গে সম্পর্কিত। তবে monitoring আর surveillance এক জিনিস নয়। কেননা সন্তানের প্রতিটি message গোপনে পড়া বিশ্বাস ভেঙে দিতে পারে। লক্ষ্য হওয়া উচিত—যোগাযোগের দরজা খোলা রাখা।

৩. ভাষায় ক্রমশ হুমকি, আধিপত্য ও ‘বড় ভাই’ সংস্কৃতি

“ওরে দেখে নেব।”
“আমাদের গ্রুপ আছে।”
“আমাদের এলাকায় কেউ কিছু বলতে পারবে না।”
“ভাই আছে, সমস্যা হবে না।”
“আমাকে কেউ ধরতে পারবে না।”
এ ধরনের ভাষা যদি বারবার আসে, অবহেলা করবেন না। বিশেষ করে যদি কোনো বড় বয়সী ব্যক্তি বা স্থানীয় প্রভাবশালীকে কেন্দ্র করে সন্তানের মধ্যে অস্বাভাবিক ক্ষমতার অনুভূতি তৈরি হয়।  অপরাধতত্ত্বের social learning ধারণা আমাদের একটি সহজ কথা শেখায়—মানুষ শুধু নির্দেশ শুনে আচরণ শেখে না; সে দেখে, অনুকরণ করে এবং দেখে কোন আচরণে পুরস্কার মিলছে। যদি কোনো কিশোর দেখে হুমকি দিলে সম্মান পাওয়া যাচ্ছে, সহিংসতায় জনপ্রিয়তা বাড়ছে, কিংবা অপরাধ করেও কেউ “হিরো” হয়ে যাচ্ছে—তাহলে সেই আচরণের আকর্ষণ বাড়তে পারে। এ কারণেই peer group এত গুরুত্বপূর্ণ।

৪. হঠাৎ টাকা, দামি জিনিস বা অজানা সম্পদ

একজন কিশোরের হাতে দামি ফোন থাকা অপরাধের লক্ষণ নয়।  মোটরসাইকেলে চড়াও নয়। ভালো পোশাকও নয়। কিন্তু বাবা-মা যদি জানেন সন্তানের নিয়মিত কোনো আয় নেই, অথচ হঠাৎ তার কাছে—অস্বাভাবিক পরিমাণ টাকা, নতুন ফোন, দামি হেডফোন, ঘড়ি, পোশাক, গেমিং ডিভাইস, বা অন্যের জিনিস দেখা যাচ্ছে—তাহলে শান্তভাবে উৎস জানতে হবে। এক্ষেত্রে “চুরি করেছ?” দিয়ে শুরু করবেন না। জিজ্ঞেস করুন—“এটা কোথা থেকে পেলে?”

উত্তরের ধারাবাহিকতা দেখুন।

৫. স্কুলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে

একদিন স্কুলে না যাওয়া অপরাধপ্রবণতার সংকেত নয়। কিন্তু কয়েকটি বিষয় একসঙ্গে ঘটলে তা গুরুত্বপূর্ণ—

  • অনুপস্থিতি বাড়ছে,
  • ক্লাস ফাঁকি,
  • হঠাৎ ফলাফল কমে যাওয়া,
  • শিক্ষকের সঙ্গে ক্রমাগত সংঘাত,
  • স্কুল সম্পর্কে প্রচণ্ড নেতিবাচক কথা,
  • অন্য শিক্ষার্থীদের ভয় দেখানো,
  • বুলিং করা বা বুলিংয়ের শিকার হওয়া,
  • স্কুল থেকে suspension বা disciplinary complaint।

নিম্ন ও মধ্যম আয়ের দেশের gang research-এ low school attachment উল্লেখযোগ্য ঝুঁকিসংকেত হিসেবে উঠে এসেছে। এখানে school connectedness ধারণাটি গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যখন মনে করে—

  • “এই স্কুলে আমাকে কেউ চেনে,”
  • “শিক্ষক আমার ব্যাপারে ভাবেন,”
  • “আমি এখানে গুরুত্বপূর্ণ,”
  • “সমস্যা হলে কাউকে বলতে পারি,”

তখন বিদ্যালয় একটি protective factor হয়ে ওঠে। CDC-র গবেষণা-সংশ্লিষ্ট নির্দেশনায় school connectedness সহিংসতা, substance use ও অন্যান্য ঝুঁকি কমার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে।

৬. মারামারি এখন ‘সম্মানের’ বিষয়

কৈশোরে ঝগড়া হতে পারে। কিন্তু যদি মারামারির গল্প বলতে গিয়ে সন্তান গর্ব অনুভব করে—

  • “আমি একাই তিনজনকে মারছি।”
  • “ভিডিও ভাইরাল হয়েছে।”
  • “ওরা এখন আমাকে ভয় পায়।”

তাহলে সেটি aggression-এর সঙ্গে identity যুক্ত হওয়ার ইঙ্গিত হতে পারে। আরও উদ্বেগের বিষয়—

  • অস্ত্রের ছবি সংগ্রহ,
  • চাকু বা ধারালো বস্তু সঙ্গে রাখা,
  • মারধরের ভিডিও বারবার দেখা,
  • বাস্তব সহিংসতার ভিডিও আনন্দ নিয়ে share করা,
  • অন্যের কষ্টকে বিনোদন হিসেবে দেখা।

এসবের একটি আচরণ দিয়ে diagnosis করা যায় না। কিন্তু pattern তৈরি হলে দ্রুত intervention প্রয়োজন।

৭. অনলাইনে আরেকটি জীবন তৈরি হয়েছে

TikTok, Facebook, Messenger, WhatsApp, gaming community—এসব নিজে অপরাধের উৎস নয়। কোটি কোটি তরুণ এগুলো ইতিবাচকভাবে ব্যবহার করে। সমস্যা হয় যখন digital space ব্যবহৃত হয়—

  • সহিংসতার পরিকল্পনায়,
  • অন্যকে অপমান করতে,
  • gang identity প্রচারে,
  • অস্ত্র প্রদর্শনে,
  • হুমকি দিতে,
  • victim targeting-এ,
  • অপরাধের ভিডিও ছড়াতে, বা
  • অপরাধী বড়দের সঙ্গে যোগাযোগে।
WHO-র ২০২৬ সালের youth violence fact sheet প্রযুক্তিনির্ভর সহিংসতাকেও youth violence-এর বর্তমান পরিসরের অংশ হিসেবে বিবেচনা করেছে। সুতরাং সমাধান “ফোন কেড়ে নাও” নয়। সমাধান হলো:
digital literacy + relationship + reasonable boundaries

সন্তান বিপথে গেলে কি বাবা-মাই দায়ী?

না। অবশ্যই সবসময় মা-বাবা দায়ী নন। তবে অনেক ক্ষেত্রে অজ্ঞতা, অসচেতনতা বা দীর্ঘদিনের উদাসীনতা ঝুঁকি বাড়াতে পারে। তবে এখানে একটি বিপজ্জনক সামাজিক প্রবণতা আছে। এখানে চলে দোষারোপের খেলা। কিশোর কোনো অপরাধে জড়িয়ে পড়লেই আমরা বলি—“বাবা-মা খেয়াল রাখেনি।” আবার কোনো শিশু victim হলে বলি—“ওকে এত স্বাধীনতা দিল কেন?”

আসলে এটি victim blaming এবং অতিসরলীকরণ। ভালো পরিবারের সন্তানও ঝুঁকিতে পড়তে পারে। শিক্ষিত পরিবারের সন্তানও। ধনী পরিবারের সন্তানও। দরিদ্র পরিবারের সন্তানও। একটি systematic review-এ family environment ও parental monitoring-এর সম্পর্ক পাওয়া গেলেও গবেষকেরা স্পষ্ট করে দিয়েছেন—gang involvement বহুমাত্রিক এবং causal relationship সব ক্ষেত্রে নিশ্চিত নয়। অতএব বাবা-মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ—কিন্তু বাবা-মা একমাত্র কারণও নন, একমাত্র সমাধানও নন।

শাসনের নামে সহিংসতা আবার নতুন সহিংসতা শেখাচ্ছে কি?

বাংলাদেশের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। UNICEF ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর MICS 2025 অনুযায়ী, ১–১৪ বছর বয়সী শিশুদের ৮৫.৭ শতাংশ আগের এক মাসে শারীরিক শাস্তি অথবা psychological aggression-এর কোনো না কোনো রূপের মুখোমুখি হয়েছে। ১০–১৪ বছর বয়সীদের ক্ষেত্রেও হার ৮০.৯ শতাংশ। অর্থাৎ আমাদের শিশুদের একটি বড় অংশ যে পরিবেশে বড় হচ্ছে সেখানে “শাসন” এবং “সহিংসতা”-র সীমারেখা প্রায়ই অস্পষ্ট।

একদিকে আমরা সন্তানকে বলছি—“মারামারি করবে না।” অন্যদিকে ভুল করলেই তাকে মারছি। আবার বলছি— “কাউকে অপমান করবে না।” আবার রাগের সময় বলছি— “তুই কোনো কাজের না।” তখন কী নিজেকে প্রশ্ন করছি, এতে আমার শিশু তখন কী শিখছে?

WHO বলছে, পরিবারে সহিংসতার exposure পরবর্তী youth violence-এর risk factor হতে পারে। সুতরাং positive parenting দুর্বল parenting নয়। শিশুকে ভালোবাসা মানে সীমাহীন স্বাধীনতাও নয়। প্রয়োজন—
warmth + boundaries + monitoring + communication + consequence

দামি ফোন নয়, সম্পর্কটি দেখুন

আমাদের জনআলোচনায় প্রায়ই বলা হয়—“দামি মোবাইল দিয়েই সর্বনাশ।” এমন বক্তব্য আকর্ষণীয়, কিন্তু গবেষণাভিত্তিক ব্যাখ্যা নয়।

মোবাইল একটি tool। একই ফোন দিয়ে একটি শিশু গণিত শিখতে পারে, বন্ধুকে bullying করতে পারে, coding করতে পারে, গোপন অপরাধী নেটওয়ার্কেও যুক্ত হতে পারে। অতএব প্রশ্ন—“ফোন আছে কি?” তা কিন্তু নয়। আসলে প্রশ্ন হলো—ফোনটি কীভাবে ব্যবহার হচ্ছে?

একইভাবে মোটরসাইকেল, পোশাক, hairstyle, গান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমকে অপরাধের কারণ হিসেবে ঘোষণা করলে আমরা প্রকৃত risk factors হারিয়ে ফেলব। গবেষণায় যে বিষয়গুলো বারবার সামনে এসেছে সেগুলো অনেক গভীর—

  • অপরাধপ্রবণ peer,
  • parental monitoring-এর ঘাটতি,
  • সহিংস পরিবেশ,
  • school disengagement,
  • substance use,
  • অপরাধের সুযোগ,
  • সামাজিক বিচ্ছিন্নতা, এবং
  • ভবিষ্যৎ সম্পর্কে আশাহীনতা।

বিদ্যালয় কি শুধু উপস্থিতি আর নম্বর দেখবে?

একজন শিক্ষার্থী তিন দিন অনুপস্থিত। স্কুল SMS পাঠাল—“Absent.” এতেই কি দায়িত্ব শেষ?

এর উত্তর এক কথায় দিতে গেলে বরতে হবে “না”-এত বিদ্যালয়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। কেননা এক্ষেত্রে প্রশ্ন হওয়া উচিত—

  • সে কোথায়?
  • কেন আসছে না?
  • কেউ তাকে bullying করছে?
  • সে কি কোনো দলের চাপে আছে?
  • বাড়িতে সমস্যা?
  • মাদক?
  • ভয়?
  • নাকি পড়াশোনায় ব্যর্থতার লজ্জায় স্কুল এড়িয়ে চলছে?

WHO school-based violence prevention নির্দেশনায় বিদ্যালয়কে শুধু পাঠদানের জায়গা নয়, violence prevention-এর গুরুত্বপূর্ণ institutional setting হিসেবে দেখা হয়েছে। বাংলাদেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে তাই অন্তত একটি কার্যকর student safeguarding mechanism দরকার:

  • একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।
  • গোপন অভিযোগের ব্যবস্থা।
  • bullying reporting protocol।
  • attendance early-warning system।
  • parent contact protocol।
  • কাউন্সেলিং referral।

সহিংসতার credible threat হলে দ্রুত professional response। শুধু বছরে একদিন “কিশোর গ্যাংবিরোধী আলোচনা সভা” যথেষ্ট নয়।

খেলার মাঠ কি সত্যিই গুরুত্বপূর্ণ?—হ্যাঁ, কিন্তু কারণটি বুঝতে হবে

খেলার মাঠ কমে যাওয়াই সরাসরি gang তৈরি করে—এমন সরল causal claim করা যাবে না। তবে structured recreation, sport, arts, debate, volunteering এবং supervised youth activities গুরুত্বপূর্ণ protective environment তৈরি করতে পারে। কারণ এগুলো দেয়—

  • পরিচয়,
  • বন্ধুত্ব,
  • mentor,
  • সাফল্যের অনুভূতি,
  • নিয়ম শেখার সুযোগ,
  • দলের সঙ্গে কাজ, এবং
  • legitimate status।

Gang যদি একটি কিশোরকে বলে—“তুই আমাদের লোক”, তাহলে সমাজকেও বিকল্প পরিচয় দিতে হবে—

  • “তুই খেলোয়াড়,”
  • “তুই debater,”
  • “তুই volunteer,”
  • “তুই musician,”
  • “তুই coder,”
  • “তুই আমাদের community leader।”

শুধু “ওদের সঙ্গে যেও না” বলে যে শূন্যস্থান তৈরি হয়, তা অন্য কেউ পূরণ করবে।

‘কঠোর আইন’—কিন্তু শিশু অধিকার কোথায়?

কিশোর অপরাধের ঘটনা ঘটলেই একটি দাবি শোনা যায়— “শিশু হিসেবে সুবিধা কেন পাবে?”

এখানে গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক পার্থক্য আছে। বাংলাদেশের শিশু আইন, ২০১৩ আইন-সংঘাতে জড়িত শিশুর জন্য পৃথক শিশু আদালতের ব্যবস্থা করেছে। আইনটির উদ্দেশ্য হলো জবাবদিহি বাদ দেওয়া নয়; বরং শিশু অপরাধীর বয়স, বিকাশ ও পুনর্বাসনের প্রয়োজন বিবেচনা করে juvenile justice নিশ্চিত করা। আইনে শিশুদের ওপর কিছু ধরনের দণ্ড আরোপেও বিশেষ সীমাবদ্ধতা রয়েছে। অতএব দুটি নীতি একসঙ্গে সত্য হতে পারে— গুরুতর অপরাধের কার্যকর বিচার প্রয়োজন। এবং শিশুকে প্রাপ্তবয়স্ক অপরাধীর মতো আচরণ করা সমাধান নয়। আসলে Juvenile justice-এর লক্ষ্য হওয়া উচিত accountability, rehabilitation এবং public safety—তিনটিই।

‘আমার ছেলে এমন নয়’—সবচেয়ে বিপজ্জনক নিশ্চয়তা

বাবা-মায়ের একটি স্বাভাবিক psychological blind spot আছে। নিজের সন্তানকে আমরা তার শৈশবের ছবিতেই দেখতে চাই। যে ছেলে মায়ের পাশে ঘুমাত, যে মেয়েটি বাবার হাত ধরে স্কুলে যেত—সে এখন এমন কোনো কাজ করতে পারে, আমরা বিশ্বাস করতে চাই না। আবার উল্টো সমস্যাও আছে। সামান্য আচরণ পরিবর্তনেই সন্তানকে “নষ্ট”, “বখাটে”, “অপরাধী” ঘোষণা করি।

—দুটিই ভুল। তাই সন্তানের behaviour নিয়ে বিচার নয়—curiosity দরকার। বলুন—

  • “কিছুদিন ধরে তোমাকে একটু বদলে যেতে দেখছি।”
  • “কোনো সমস্যা হচ্ছে?”
  • “কেউ কি তোমাকে চাপ দিচ্ছে?”
  • “কোনো ঝামেলায় পড়েছ?”
  • “আমাকে বললে প্রথমে তোমার কথা শুনব।”

এই শেষ বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কিশোর যদি বিশ্বাস করে সত্য বললেই প্রথমে মার খাবে, ফোন হারাবে বা অপমানিত হবে—সে সত্য লুকাবে।

কখন বিষয়টি জরুরি হয়ে যায়?

কিছু সংকেতকে “কৈশোরের স্বাভাবিক আচরণ” বলে অপেক্ষা করা উচিত নয়। যেমন—

  • অস্ত্র বহন বা অস্ত্র সংগ্রহ,
  • কাউকে হত্যার বা গুরুতর আঘাতের স্পষ্ট হুমকি,
  • মাদক বিক্রি,
  • চুরি বা ছিনতাইয়ের প্রমাণ,
  • গুরুতর মারামারি,
  • অপরাধী গোষ্ঠীর চাপ,
  • নিখোঁজ থাকা,
  • নিজে সহিংসতার শিকার হওয়ার তথ্য,
  • ব্ল্যাকমেইল,
  • যৌন সহিংসতার ঝুঁকি, বা
  • জীবননাশের আশঙ্কা।

এক্ষেত্রে প্রথম কাজ “পরিবারের সম্মান বাঁচানো” নয়। প্রথম কাজ হলো শিশুর নিরাপত্তা। বাংলাদেশে শিশু সুরক্ষাসংক্রান্ত সহায়তার জন্য জাতীয় Child Helpline 1098-এ যোগাযোগ করা যায়; প্রয়োজন অনুযায়ী counselling, protection ও referral support পাওয়া যায়। তাৎক্ষণিক জীবনঝুঁকি থাকলে দ্রুত আইনশৃঙ্খলা ও জরুরি সহায়তা নিতে হবে।

সমাধানের সাত স্তর: শুধু পুলিশ দিয়ে হবে না

WHO-র INSPIRE framework শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সাত ধরনের কৌশলকে গুরুত্ব দেয়—আইনের কার্যকর প্রয়োগ, সামাজিক norms, নিরাপদ পরিবেশ, parent support, অর্থনৈতিক সহায়তা, response services এবং শিক্ষা ও life skills।

বাংলাদেশের কিশোর গ্যাং ও youth violence প্রতিরোধেও এই বহুমাত্রিক ভাবনাই দরকার।

১. পরিবারে: সন্তানের বন্ধুদের চিনুন। তার বন্ধুদের বাবা-মাকে চিনুন। কোথায় যাচ্ছে জানুন। নির্দিষ্ট ফেরার সময় ঠিক করুন। ফোন ব্যবহারের নিয়ম যৌথভাবে তৈরি করুন। মারধরের বদলে consequence ব্যবহার করুন। প্রতিদিন অন্তত কিছু সময় judgement-free conversation রাখুন।

২. বিদ্যালয়ে:

  • attendance early-warning system দরকার।
  • anti-bullying policy কার্যকর করতে হবে।
  • student counsellor বা referral network রাখতে হবে।
  • শিক্ষার্থীর আচরণের পরিবর্তন record করে পরিবারকে জানাতে হবে।
  • life skills, conflict resolution ও digital citizenship শেখাতে হবে।

৩. পাড়া বা মহল্লায়: শিশু-কিশোরদের নিরাপদ খেলা, সংস্কৃতি, debate, volunteering ও youth club দরকার। কিন্তু community meeting যেন কোনো শিশুকে প্রকাশ্যে চিহ্নিত করার জায়গা না হয়। “ওই ছেলেটার দিকে সবাই নজর রাখবেন”—এ ধরনের public labelling শিশুকে আরও বিচ্ছিন্ন করতে পারে।

৪. আইনশৃঙ্খলা ব্যবস্থায়: অপরাধী নেটওয়ার্কে যারা শিশুদের ব্যবহার করে তাদের বিরুদ্ধে বিশেষ নজর প্রয়োজন। একজন ১৪ বছরের কিশোরকে ধরাই যথেষ্ট নয় যদি তার পেছনে ২৫ বা ৩৫ বছরের organiser অক্ষত থাকে।

৫. ডিজিটাল জগতে: cyberbullying, threat, violent group networking ও exploitation বিষয়ে school–parent digital literacy প্রয়োজন।

৬. মানসিক স্বাস্থ্য ও সামাজিক সেবায়: high-risk adolescent-দের জন্য accessible counselling, social work এবং family intervention দরকার।

৭. নীতিতে: শুধু কতজন কিশোর গ্রেপ্তার হলো সেটি success indicator হওয়া উচিত নয়। দেখতে হবে—

  • school dropout কমল কি না,
  • repeat offending কমল কি না,
  • violent incidents কমল কি না,
  • high-risk child referral কার্যকর হচ্ছে কি না, এবং
  • পুনর্বাসিত শিশু আবার বিদ্যালয় বা প্রশিক্ষণে ফিরছে কি না।

অপরাধী নয়—আগে শিশু

একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। কিশোর গ্যাং নিয়ে আতঙ্ক তৈরি করতে গিয়ে আমরা যেন প্রত্যেক কৈশোরকে সন্দেহের চোখে না দেখি।

  • hoodie পরা ছেলে অপরাধী নয়।
  • রাতে online থাকা ছেলে অপরাধী নয়।
  • মোটরসাইকেলপ্রিয় ছেলে অপরাধী নয়।
  • TikTok করা মেয়ে বা ছেলে অপরাধী নয়।
  • কম নম্বর পাওয়া শিক্ষার্থীও অপরাধী নয়।

এমনকি খারাপ বন্ধু নির্বাচন করাও অনেক ক্ষেত্রে সংশোধনযোগ্য কৈশোরের ভুল। Risk factor মানে destiny নয়। একটি শিশু একই সঙ্গে risk-এর মধ্যে থেকেও ভালো mentor, caring teacher, supportive family, sport, meaningful opportunity এবং timely intervention-এর কারণে পথ বদলাতে পারে। এটিই prevention-এর সবচেয়ে আশাব্যঞ্জক সত্য।

অপ্রতীম আমাদের কী প্রশ্ন রেখে গেল?

একটি ১৩ বছরের শিশু বাড়ি থেকে বের হলো। তারপর আর ফিরে এল না। এর চেয়ে ভয়াবহ কোনো বাক্য মা-বাবার জীবনে হয়তো খুব কমই আছে। কিন্তু অপ্রতীমের মৃত্যুকে ঘিরে আমাদের প্রতিক্রিয়া যদি শুধু কয়েক দিনের ক্ষোভ, Facebook post, কয়েকটি seminar এবং “আজকালকার ছেলেমেয়েরা নষ্ট হয়ে গেছে”—এই সিদ্ধান্তে শেষ হয়, তাহলে আমরা কিছুই শিখলাম না। প্রশ্ন করতে হবে—

  • আমাদের সন্তানের বন্ধুরা কারা?
  • তারা কোথায় সময় কাটায়?
  • বিদ্যালয় অনুপস্থিতির খোঁজ নেয় কি?
  • কোন শিশু bullying-এর শিকার হচ্ছে?
  • কোন শিশু হঠাৎ সহিংস হয়ে উঠছে?
  • কার হাতে অজানা টাকা আসছে?
  • কোন বড় বয়সী ব্যক্তি কিশোরদের ব্যবহার করছে?
  • কোন পাড়া শিশুদের নিরাপদ recreation দিতে পারছে না?
  • কোন শিশু ভয় পেয়েও কাউকে বলতে পারছে না?

এগুলো surveillance-এর প্রশ্ন নয়।এগুলো care-এর প্রশ্ন।

শেষকথা: আর কত?

অপ্রতীমকে আমরা ফিরিয়ে আনতে পারব না। তার পরিবারের যে শূন্যতা তৈরি হয়েছে, কোনো গবেষণা, আইন বা সামাজিক কর্মসূচি তা পূরণ করতে পারবে না। কিন্তু একটি সমাজ একটি শিশুর মৃত্যুর প্রতি দুইভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

একটি হলো—কয়েক দিন শোক, ক্রোধ, আতঙ্ক; তারপর ভুলে যাওয়া। অন্যটি হলো—ঘটনাটি থেকে এমন ব্যবস্থা তৈরি করা যাতে পরবর্তী শিশুটির ক্ষেত্রে বিপদের সংকেত একটু আগে ধরা পড়ে।

বাবা-মায়ের কাজ সন্তানকে বন্দী করে রাখা নয়। আবার শুধু খাবার, ভালো স্কুল, ফোন আর pocket money দিয়েও দায়িত্ব শেষ হয় না।

সন্তানের জীবনের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। তার বন্ধুদের নাম জানতে হয়।তার ভয় শুনতে হয়। তার ব্যর্থতার গল্প শুনতে হয়।তার গোপন বিপদের জন্য এমন একটি দরজা খোলা রাখতে হয়, যেখান দিয়ে সে বিচার পাওয়ার আগে সাহায্য চাইতে পারে।

বিদ্যালয়ের কাজ শুধু ফল প্রকাশ নয়। পুলিশের কাজ শুধু ঘটনার পরে গ্রেপ্তার নয়। সমাজের কাজ শুধু অপরাধী বলে কাউকে দাগিয়ে দেওয়া নয়। আর রাষ্ট্রের কাজ শুধু শাস্তির আইন শক্ত করা নয়।

একটি নিরাপদ কৈশোর তৈরি হয় তখনই, যখন পরিবার দেখে, বিদ্যালয় শোনে, সমাজ জায়গা দেয়, আইন রক্ষা করে এবং প্রয়োজন হলে পেশাজীবীরা সময়মতো পাশে দাঁড়ান।

অপ্রতীমের মায়ের কান্নাকে আমরা কোনো slogan-এ নামিয়ে আনতে চাই না। বরং সেই কান্না আমাদের একটি প্রশ্ন মনে করিয়ে দিক—আজ রাতে আপনার সন্তান যখন বলবে, “বন্ধুদের সঙ্গে একটু বাইরে যাচ্ছি”—আপনি কি শুধু বলবেন, “তাড়াতাড়ি ফিরো”?

নাকি ভালোবাসার সঙ্গে আরও তিনটি প্রশ্ন করবেন—

  • প্রশ্ন -১: কোথায় যাচ্ছ?
  • প্রশ্ন -২: কার সঙ্গে যাচ্ছ?
  • প্রশ্ন -৩: কোনো বিপদ হলে প্রথমে আমাকে ফোন করবে তো?

এই তিনটি প্রশ্ন সব দুর্ঘটনা ঠেকাতে পারবে না। কিন্তু একটি শিশুকে জানাতে পারে—“তোমার জীবনের খোঁজ রাখার মতো একজন মানুষ ঘরে অপেক্ষা করছে।” — সম্ভবত prevention-এর শুরু এখানেই।

পাঠকের ব্যবহারিক গাইড: কী দেখে বুঝবেন সন্তান ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর দিকে যাচ্ছে?

একটি লক্ষণ ≠ গ্যাং সদস্য

কৈশোরে বন্ধুত্ব, গোপনীয়তা, পোশাক, ভাষা বা আচরণে পরিবর্তন স্বাভাবিক বিকাশের অংশও হতে পারে। একটি মাত্র সংকেত দেখে কোনো শিশুকে “গ্যাং সদস্য” বলা যাবে না। ধারাবাহিক একাধিক পরিবর্তন, দৈনন্দিন কার্যকারিতায় প্রভাব, সহিংসতা বা coercion-এর বাস্তব প্রমাণ এবং প্রাসঙ্গিক পরিস্থিতি একসঙ্গে দেখতে হবে।

কী দেখে বুঝবেন সন্তান ঝুঁকিপূর্ণ কিশোর-গোষ্ঠীর দিকে যাচ্ছে?—অভিভাবক ও শিক্ষকের জন্য দৃশ্যমান সংকেত

কৈশোরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি শিশুর আচরণে পরিবর্তন আসবে—এটাই স্বাভাবিক। ক্লাস সিক্স থেকে টুয়েলভের সময়টায় বন্ধুর গুরুত্ব বাড়ে, ব্যক্তিগত গোপনীয়তার চাহিদা তৈরি হয়, পোশাক-চুলে পরীক্ষা-নিরীক্ষা আসে, কখনো মা-বাবার সঙ্গে তর্কও বাড়ে। এসবের কোনোটিই একা ‘কিশোর গ্যাং’-এ যুক্ত হওয়ার প্রমাণ নয়। বরং গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—একটি লক্ষণ নয়, একই সময়ে একাধিক আচরণগত পরিবর্তন, সেগুলোর ধারাবাহিকতা এবং শিশুর দৈনন্দিন কার্যকারিতায় তার প্রভাব দেখতে হবে। CDC-ও youth violence-এর ক্ষেত্রে বলছে, কোনো একক risk factor দিয়ে সহিংস আচরণ ব্যাখ্যা করা যায় না; ব্যক্তিগত, পরিবার, peer group, school ও community—বিভিন্ন স্তরের কারণ একসঙ্গে কাজ করে। (সূত্র: CDC)

তাই সন্তানের দিকে নজর রাখা মানে তাকে সন্দেহের চোখে দেখা নয়। বরং লক্ষ্য করা—তার আচরণ, বন্ধু, সময়ব্যবহার, বিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক এবং অনলাইন জীবনে হঠাৎ কী পরিবর্তন ঘটছে।

পুরোনো বন্ধু হারিয়ে যাচ্ছে, নতুন বন্ধুর পরিচয় গোপন হচ্ছে

কৈশোরে নতুন বন্ধু হওয়া স্বাভাবিক। উদ্বেগের বিষয় হয় তখন, যখন সন্তান হঠাৎ তার দীর্ঘদিনের বন্ধুদের বাদ দিয়ে এমন একটি নতুন গোষ্ঠীর সঙ্গে প্রায় সব সময় কাটাতে শুরু করে, অথচ তাদের পরিচয় সম্পর্কে পরিবারকে কিছুই বলতে চায় না। আরও গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে—

  • “ওদের ব্যাপারে তোমাদের জানার দরকার নেই” ধরনের অতিরিক্ত গোপনীয়তা;
  • বন্ধুদের পুরো নাম, স্কুল বা পরিবারের পরিচয় এড়িয়ে যাওয়া;
  • পরিচিত বন্ধুদের সঙ্গে সম্পর্ক দ্রুত ছিন্ন হওয়া;
  • বয়সে অনেক বড় তরুণ বা অপরাধে জড়িত বলে পরিচিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা;
  • বন্ধুদের প্রতি এমন আনুগত্য তৈরি হওয়া, যেখানে পরিবার, বিদ্যালয় বা নিয়মের চেয়ে ‘গ্রুপের কথা’ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

Delinquent বা gang-involved peers-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ gang involvement এবং youth violence-এর গুরুত্বপূর্ণ risk factor হিসেবে গবেষণায় বারবার উঠে এসেছে। (সূত্র: OJJDP)

স্কুলে ফল খারাপ হওয়া নয়—স্কুল থেকে সম্পর্কটাই ভেঙে যাচ্ছে কি?

একটি পরীক্ষায় নম্বর কম পাওয়া কোনো বড় warning sign নয়। কিন্তু কয়েক মাস ধরে যদি দেখা যায়—

  • ক্লাস ফাঁকি দিচ্ছে,
  • বিদ্যালয়ে দেরিতে যাচ্ছে,
  • অকারণে অনুপস্থিত থাকছে,
  • শিক্ষকের সঙ্গে বারবার সংঘাতে জড়াচ্ছে,
  • আগের পছন্দের বিষয় বা extracurricular activity ছেড়ে দিয়েছে,
  • homework বা পরীক্ষা নিয়ে আর কোনো আগ্রহ নেই;

—তাহলে প্রশ্ন করা দরকার, শিশুটি শুধু লেখাপড়ায় পিছিয়ে পড়ছে, নাকি বিদ্যালয়ের সঙ্গে তার psychological attachment-ই কমে যাচ্ছে?

কম academic performance, school failure এবং বিদ্যালয়ের প্রতি কম commitment যুব সহিংসতা ও gang involvement-এর risk factor হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এগুলো কারণ নয়, ঝুঁকির সূচক—এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। (সূত্র: CDC)

সময়ের হিসাব হঠাৎ অস্বচ্ছ হয়ে যাওয়া

“স্কুল শেষ হয়েছে তিনটায়—বাসায় ফিরল সন্ধ্যা সাতটায়। এই চার ঘণ্টা কোথায় ছিল?”

এমন ঘটনা একদিন হলে সমস্যা নয়। কিন্তু নিয়মিত যদি দেখা যায়—

  • কোথায় যাচ্ছে বলতে চায় না;
  • বাসায় ফেরার সময় ক্রমশ পিছিয়ে যাচ্ছে;
  • রাতে বাইরে থাকার প্রবণতা তৈরি হচ্ছে;
  • একই বিষয়ে ভিন্ন ভিন্ন গল্প বলছে;
  • ফোন বন্ধ রাখছে বা location নিয়ে ইচ্ছাকৃত মিথ্যা বলছে;
  • পরিবার জানে না এমন জায়গায় নিয়মিত যাচ্ছে—

তাহলে বিষয়টি আলাপের দাবি রাখে।

OJJDP-এর অভিভাবক নির্দেশিকায় অকারণে রাতে বাইরে থাকা, পারিবারিক কার্যক্রম থেকে সরে যাওয়া এবং আচরণের আকস্মিক পরিবর্তন সম্ভাব্য gang involvement-এর পর্যবেক্ষণযোগ্য লক্ষণের মধ্যে উল্লেখ করা হয়েছে। (সূত্র: OJJDP)

‘কে আমাকে কী বলল’—এ নিয়ে অতিরিক্ত এলাকা ও মর্যাদাবোধ

কিছু কিশোর গোষ্ঠীতে পরিচয়ের কেন্দ্র হয়ে উঠতে পারে—“আমাদের এলাকা”, “আমাদের গ্রুপ”, “আমাদের ভাই”, “আমাদের সঙ্গে লাগলে দেখিয়ে দেব”। দেখুন সন্তান কি—

  • নির্দিষ্ট এলাকা বা রাস্তা নিয়ে মালিকানাসুলভ ভাষা ব্যবহার করছে;
  • অন্য স্কুল, পাড়া বা গ্রুপকে ‘শত্রু’ হিসেবে দেখছে;
  • সামান্য অপমানকে ‘সম্মানের প্রশ্ন’ বানাচ্ছে;
  • প্রতিশোধ নেওয়াকে সাহস বা মর্যাদার প্রমাণ মনে করছে;
  • কার সঙ্গে কে কথা বলবে, কে কোথায় যাবে—এসব নিয়ন্ত্রণ করতে চাইছে।

এখানে উদ্বেগের বিষয় বন্ধুত্ব নয়; উদ্বেগের বিষয় হলো group identity-এর সঙ্গে intimidation, retaliation বা violence যুক্ত হয়ে যাচ্ছে কি না।

আচরণে আগ্রাসনের মাত্রা বদলে যাচ্ছে

কৈশোরে রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু যদি রাগের সঙ্গে নতুন কিছু আচরণ যোগ হয়—যেমন নিয়মিত মারামারি, হুমকি, দুর্বল সহপাঠীকে ভয় দেখানো, ভাঙচুর, ছোট ঘটনাতেও প্রতিশোধের ভাষা—তাহলে সেটি খেয়াল করা জরুরি।

OJJDP excessive aggression-কে সম্ভাব্য gang-involvement sign-এর মধ্যে রেখেছে; CDC-ও aggressive/violent behaviour, poor behavioural control এবং antisocial peer association-কে youth violence risk-এর সঙ্গে যুক্ত করেছে। (সূত্র: OJJDP)

এখানে বিশেষভাবে দেখতে হবে—আগ্রাসনটি কি একক, নাকি দলগত?

“আমি ওকে মারব”—এর সঙ্গে

“আমরা ওদের দেখে নেব”—এর সামাজিক অর্থ এক নয়।

ফোনটি শুধু ব্যক্তিগত নয়, ‘গোপন অপারেশন’-এর জায়গা হয়ে উঠছে কি?

আজকের কিশোর-গোষ্ঠী শুধু মাঠ, গলি বা চায়ের দোকানে তৈরি হয় না। তাদের সম্পর্কের একটি বড় অংশ digital space-এও চলতে পারে। অভিভাবকের উদ্বেগ বাড়তে পারে যদি দেখা যায়—

  • একাধিক গোপন social-media account;
  • অজানা group chat নিয়ে অতিরিক্ত সতর্কতা;
  • হুমকি, অপমান বা প্রতিপক্ষকে লক্ষ্য করে পোস্ট;
  • মারামারি বা অস্ত্র প্রদর্শনের ভিডিও শেয়ার;
  • নির্দিষ্ট প্রতীক, code word বা group name বারবার ব্যবহার;
  • অনলাইনে “call দেওয়া”, “লোক জড়ো করা”, “শোডাউন” বা revenge planning-এর ভাষা।

National Gang Center স্কুলগুলোকে gang-related activity বোঝার সময় social media pattern-ও পর্যবেক্ষণ করতে বলেছে। তবে একই সঙ্গে OJJDP সতর্ক করেছে—প্রমাণ যাচাই ছাড়া কোনো শিক্ষার্থীকে gang member হিসেবে label করা উচিত নয়। (সূত্র: National Gang Center) অর্থাৎ ফোন পরীক্ষা নয়, pattern বোঝা দরকার।

হঠাৎ টাকা, নতুন ফোন, পোশাক বা জিনিস—কিন্তু উৎস অজানা

কিশোরের কাছে নতুন জুতা বা ফোন থাকলেই সন্দেহ করার কিছু নেই। প্রশ্ন আসে যখন তার কাছে নিয়মিত এমন অর্থ বা সামগ্রী দেখা যায় যার উৎস সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা নেই। যেমন—

  • “বন্ধু দিয়েছে।”
  • “এক ভাই দিয়েছে।”
  • “এটা আমার না, রেখে গেছে।”

এই ব্যাখ্যা বারবার আসছে কি না দেখতে হবে।

একইভাবে বাসা থেকে টাকা বা জিনিস হারিয়ে যাওয়া, সন্তানের কাছে অজানা cash পাওয়া কিংবা সে হঠাৎ অন্যদের জন্য ব্যয় করতে শুরু করলে বিষয়টি শান্তভাবে খতিয়ে দেখা দরকার।

নতুন নাম, ডাকনাম, symbol বা group identity

কখনো gang বা highly cohesive delinquent group নিজেদের পরিচয়ের জন্য নাম, abbreviation, সংখ্যা, graffiti, hand sign, symbol বা নির্দিষ্ট পোশাক ব্যবহার করতে পারে। OJJDP-এর parent guide এগুলোকে সম্ভাব্য gang indicators হিসেবে উল্লেখ করে। (সূত্র: OJJDP)

তবে এখানে সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার। কালো টি-শার্ট, বিশেষ haircut, rap music, tattoo বা কোনো হাতের gesture—কোনোটিই নিজে gang membership প্রমাণ করে না। সংস্কৃতি, fashion এবং peer imitation-কে অপরাধের সঙ্গে গুলিয়ে ফেললে শিশু অন্যায়ভাবে labelled হতে পারে।

‘বড় ভাই’ হঠাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন

বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ—“এই ভাই কে?”

সন্তান যদি বারবার এমন কোনো ‘বড় ভাই’-এর কথা বলে:

  • “ভাই সব ম্যানেজ করে দেবেন”,
  • “ভাই থাকলে কেউ কিছু করতে পারবে না”,
  • “ভাইয়ের লোক আছে”,
  • “ভাই ডাকছে, যেতে হবে”

—তাহলে অভিভাবকের উচিত ব্যক্তিটিকে জানার চেষ্টা করা।

বয়সে বড় mentorship নিজে সমস্যা নয়। একজন coach, senior student বা বড় ভাই শিশুর জীবনে protective influence-ও হতে পারেন। সমস্যা তখনই, যখন সেই সম্পর্কের সঙ্গে আনুগত্য, ভয়, অর্থ, সহিংসতা বা বেআইনি কাজের বিনিময় যুক্ত হয়।

ঘরে আচরণ বদলে যাচ্ছে—পরিবার থেকে যেন ‘দ্বিতীয় জীবন’ তৈরি হচ্ছে

কৈশোরে privacy চাওয়া স্বাভাবিক। কিন্তু privacy এবং secrecy এক জিনিস নয়। এখানে উদ্বেগের pattern হতে পারে—

  • পরিবারের সঙ্গে খাওয়া ছেড়ে দেওয়া,
  • সব পারিবারিক অনুষ্ঠান এড়িয়ে যাওয়া,
  • কোথায় যাচ্ছে তা নিয়ে নিয়মিত মিথ্যা বলা,
  • ঘরে ফিরেই ফোন লুকিয়ে ফেলা,
  • স্বাভাবিক প্রশ্নে অতিরিক্ত defensiveness,

হঠাৎ পরিবারকে ‘শত্রু’ বা ‘কেউ আমাকে বোঝে না’ হিসেবে দেখা। OJJDP পারিবারিক কার্যক্রম থেকে withdrawal-কে সম্ভাব্য warning sign হিসেবে উল্লেখ করে। (সূত্র: OJJDP)

কিন্তু আবারও মনে রাখতে হবে—withdrawal depression, bullying, trauma, relationship problem বা অন্য মানসিক চাপের লক্ষণও হতে পারে। তাই ‘গ্যাং’ ধরে নিয়ে জেরা শুরু করা ভুল।

মারামারির ব্যাখ্যায় একই বাক্য—‘আমি কিছু করিনি, বন্ধুরা ছিল’

একটি গুরুত্বপূর্ণ behavioural pattern হলো collective trouble।

বারবার অভিযোগ আসছে—

  • স্কুলের বাইরে মারামারি হয়েছে,
  • অন্য গ্রুপকে ধাওয়া করা হয়েছে,
  • কাউকে ভয় দেখানো হয়েছে,
  • দোকান বা সম্পদ ভাঙচুর হয়েছে,

—কিন্তু প্রতিবার শিশুর বক্তব্য: “আমি কিছু করিনি, আমি শুধু সঙ্গে ছিলাম।”

এখানে ‘সঙ্গে থাকা’-টিই গুরুত্বপূর্ণ। Gang involvement সবসময় প্রথম দিন থেকেই সরাসরি অপরাধ করার মাধ্যমে শুরু হয় না; delinquent peers-এর সঙ্গে association নিজেই একটি গুরুত্বপূর্ণ risk pathway। (সূত্র: CDC)

সবচেয়ে গুরুতর RED FLAG: অস্ত্র, মাদক বা সংঘবদ্ধ সহিংসতার সঙ্গে সংযোগ

কিছু সংকেতের ক্ষেত্রে আর অপেক্ষা করে “দেখি কী হয়” বলা নিরাপদ নয়। যেমন—

  • ধারালো অস্ত্র বা অন্য অস্ত্র বহন;
  • কাউকে মারার বা গুরুতর ক্ষতির নির্দিষ্ট হুমকি;
  • সংঘবদ্ধ মারামারিতে অংশ নেওয়া;
  • মাদক বহন, বিক্রি বা নিয়মিত ব্যবহার;
  • চাঁদাবাজি বা জোর করে টাকা নেওয়া;
  • অপরাধের ভিডিও ধারণ বা প্রচার;
  • নিজের বা অন্যের নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক ঝুঁকি।

Youth violence-এর মধ্যে fighting, weapon threats এবং gang-related violence-ও অন্তর্ভুক্ত; substance involvement এবং delinquent peers-এর সঙ্গে সম্পর্কও risk profile-এ গুরুত্বপূর্ণ। (সূত্র: CDC)

এ ধরনের পরিস্থিতিতে শিশুকে শুধু শাস্তি দেওয়া নয়—তার নিরাপত্তা, সম্ভাব্য victimization, coercion এবং exploitation-এর প্রশ্নটিও দেখতে হবে। কারণ কোনো কিশোর একই সঙ্গে offender, victim এবং witness—তিন ভূমিকাতেই থাকতে পারে। (সূত্র: CDC)

একটি সংকেত নয়—‘চারটি পরিবর্তন’ একসঙ্গে দেখুন

অভিভাবক ও শিক্ষকের জন্য সহজ একটি পর্যবেক্ষণ কাঠামো হতে পারে:

 

ক্ষেত্র

কী পরিবর্তন দেখবেন

বন্ধু

কার সঙ্গে মিশছে, বন্ধুদের পরিচয় গোপন করছে কি না

স্কুল

attendance, ফলাফল, শিক্ষক-সম্পর্ক ও school attachment

আচরণ

aggression, intimidation, lying, unexplained absence

ডিজিটাল জীবন

threat, group rivalry, secret accounts, coordinated activity

অর্থ ও জিনিসপত্র

unexplained money বা নতুন সম্পদ

পরিবার

withdrawal, secrecy, নিয়মিত দ্বন্দ্ব

আইনভঙ্গ

fighting, extortion, theft, weapon বা drug involvement

একটি ঘরে টিক পড়লেই শিশুকে ‘কিশোর গ্যাং সদস্য’ বলা যাবে না। কিন্তু একই সময়ে কয়েকটি ক্ষেত্রে দ্রুত ও স্থায়ী পরিবর্তন দেখা গেলে অভিভাবক, বিদ্যালয় এবং প্রয়োজনে child-protection বা psychosocial professionals-এর সমন্বিতভাবে বিষয়টি বোঝা দরকার। গবেষণাভিত্তিক gang prevention-ও একক আচরণের বদলে multiple risk factors এবং protective factors একসঙ্গে বিবেচনা করার ওপর গুরুত্ব দেয়। (সূত্র: CDC)

সবচেয়ে বড় ভুল: আগে ‘গ্যাং’ তকমা, পরে অনুসন্ধান

একটি স্কুলছাত্রের ওপর “তুমি কিশোর গ্যাংয়ের সদস্য” তকমা লাগিয়ে দেওয়া নিজেই ক্ষতিকর হতে পারে। OJJDP-এর school guidance-এ তথ্য যাচাই এবং একাধিক উৎসের মাধ্যমে corroboration-এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে—যাতে কোনো শিক্ষার্থী অপ্রমাণিত অভিযোগে gang-labelled না হয়। (সূত্র: OJJDP)

তাই প্রথম প্রশ্ন হওয়া উচিত নয়—“তুমি গ্যাংয়ে ঢুকেছ?”; বরং—

  • “তোমার জীবনে সম্প্রতি কী বদলেছে?”
  • “তোমার বন্ধুদের সঙ্গে কী হচ্ছে?”
  • “কেউ কি তোমাকে কিছু করতে চাপ দিচ্ছে?”
  • “তুমি কি কোথাও নিরাপত্তাহীন বোধ করছ?”
  • “তোমাকে কি কোনো বড় ছেলে বা গ্রুপ ভয় দেখাচ্ছে?”

এই প্রশ্নগুলো শিশুকে অভিযুক্ত করে না; তাকে কথা বলার দরজা খুলে দেয়।

বিশেষ কথা: আচরণের পেছনের প্রয়োজনটিও দেখতে হবে

একজন কিশোর কোনো ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর দিকে যাচ্ছে দেখলে শুধু “সে খারাপ হয়ে যাচ্ছে” বললে সমস্যার অর্ধেকও বোঝা হয় না। সে হয়তো খুঁজছে belonging, recognition, protection, status, friendship বা এমন একটি জায়গা যেখানে তাকে গুরুত্ব দেওয়া হয়। Gang-prevention গবেষণাতেও protection, excitement, respect, money এবং বন্ধুদের প্রভাবকে gang involvement-এর কারণ হিসেবে পাওয়া গেছে। (সূত্র: OJJDP)

সুতরাং সবচেয়ে কার্যকর প্রশ্ন হতে পারে—“এই গোষ্ঠীটি আমার সন্তানকে কী দিচ্ছে, যা পরিবার, স্কুল বা সমাজ তাকে দিতে পারছে না?”

সেই উত্তরটি খুঁজে পাওয়া গেলে prevention শুরু হয় কেবল পুলিশি হস্তক্ষেপ দিয়ে নয়; শুরু হয় সম্পর্ক পুনর্গঠন, নিরাপত্তা, বিদ্যালয়ের সঙ্গে পুনঃসংযোগ, ইতিবাচক peer group, খেলাধুলা ও সৃজনশীল কাজের সুযোগ এবং একজন বিশ্বাসযোগ্য প্রাপ্তবয়স্কের উপস্থিতি দিয়ে। CDC-র evidence framework-ও পরিবার ও বিদ্যালয়ের সঙ্গে connectedness, parental communication এবং prosocial school relationships-কে protective factors হিসেবে চিহ্নিত করে। (সূত্র: CDC)

আপনার সন্তান কি ঝুঁকিপূর্ণ দলে জড়িয়ে পড়ছে? অভিভাবকদের জন্য পর্যবেক্ষণ ফরম

এই ফরমটি রোগ নির্ণয়ের পরীক্ষা বা ‘কিশোর গ্যাং সদস্য’ শনাক্ত করার প্রমাণ নয়। এটি অভিভাবককে আচরণের পরিবর্তন লিখে রাখতে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সাহায্য করবে। কৈশোরে বন্ধু বদলানো, গোপনীয়তা চাওয়া, পোশাক নিয়ে পরীক্ষা করা বা মা-বাবার সঙ্গে তর্ক হওয়া স্বাভাবিক। উদ্বেগের বিষয় হলো নতুন আচরণের ধারাবাহিকতা, একাধিক ক্ষেত্রে পরিবর্তন এবং শিশুর পড়াশোনা, সম্পর্ক বা নিরাপত্তায় তার প্রভাব। সহিংসতার ঝুঁকি কোনো একটি লক্ষণ দিয়ে বোঝা যায় না।

কীভাবে ফরমটি ব্যবহার করবেন

গত দুই থেকে চার সপ্তাহে আপনি নিজে যা দেখেছেন, সন্তানের আগের আচরণের সঙ্গে তা মিলিয়ে লিখুন। প্রতিটি সারিতে ‘না’, ‘একবার’, ‘বারবার’ অথবা ‘নিশ্চিত নই’ চিহ্ন দিন। সম্ভব হলে ঘটনার তারিখ ও নির্দিষ্ট বিবরণ লিখুন—ব্যাখ্যা বা অভিযোগ নয়।

 

পর্যবেক্ষণের ক্ষেত্র

কোন পরিবর্তনটি খেয়াল করবেন

আপনার নোট

বন্ধু ও দল

পুরোনো সম্পর্ক হঠাৎ ছিন্ন; নতুন দলের পরিচয় নিয়ে নিয়মিত অসংগত কথা; দলের নির্দেশে অনিচ্ছাসত্ত্বেও কোথাও যাওয়া

 

বিদ্যালয়

বারবার ক্লাস ফাঁকি; অনুপস্থিতি; শিক্ষক বা সহপাঠীর সঙ্গে ঘন ঘন সংঘাত; আগে পছন্দের কাজ থেকে সরে যাওয়া

 

সময় ও অবস্থান

কোথায় ছিল সে বিষয়ে বারবার পরস্পরবিরোধী কথা; অনুমতি ছাড়া নিয়মিত রাত পর্যন্ত বাইরে থাকা

 

হুমকি ও আগ্রাসন

কাউকে ভয় দেখানো; দল বেঁধে ধাওয়া, মারামারি বা প্রতিশোধের পরিকল্পনার কথা বলা

 

দলের প্রতি আনুগত্য

‘গ্রুপের সম্মান’ রক্ষায় আঘাত করাকে সমর্থন; কোনো ‘বড় ভাই’-এর নির্দেশ অমান্য করতে ভয় পাওয়া

 

অনলাইন আচরণ

নির্দিষ্ট কাউকে হুমকি দেওয়া; মারামারির জন্য লোক জড়ো করা; সহিংসতার ভিডিও বানানো বা ছড়ানো

 

টাকা ও জিনিসপত্র

বারবার অজানা উৎসের টাকা বা জিনিস পাওয়া; ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

 

নিজের নিরাপত্তা

কেউ তাকে বাধ্য, ব্ল্যাকমেল বা ভয় দেখাচ্ছে বলে ইঙ্গিত; আঘাত পেয়েও কারণ বলতে ভয় পাওয়া

 

পরিবার ও মানসিক অবস্থা

পরিবার থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা; ঘুম, মেজাজ বা স্বাভাবিক কাজকর্মে বড় পরিবর্তন

 

গবেষণায় সহিংসতায় জড়িত সমবয়সীদের সঙ্গ, বিদ্যালয়ের সঙ্গে সংযোগ কমে যাওয়া এবং আগ্রাসী আচরণকে ঝুঁকির সঙ্গে যুক্ত পাওয়া যায়। আবার পরিবারে কথা বলার সুযোগ ও বিদ্যালয়ে ইতিবাচক সম্পর্ক সুরক্ষার উপাদান হতে পারে। ঝুঁকির সঙ্গে সম্পর্ক থাকা মানেই কোনো শিশুর ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছে—এমন নয়।

পর্যবেক্ষণের পর কী করবেন

যা দেখছেন

করণীয়

একটি অস্পষ্ট পরিবর্তন, নিরাপত্তার আশঙ্কা নেই

কয়েক দিন শান্তভাবে লক্ষ্য করুন। সন্তানের সঙ্গে নিয়মিত সময় কাটান; প্রশ্ন করুন, কিন্তু তকমা দেবেন না।

একাধিক ক্ষেত্রে বারবার পরিবর্তন, বা বিদ্যালয় ও সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে

শিগগির সন্তানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলুন। প্রয়োজনমতো শ্রেণিশিক্ষক বা বিদ্যালয়ের কাউন্সেলরের সঙ্গে নির্দিষ্ট ঘটনা যাচাই করুন। শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ নিন।

অস্ত্র, গুরুতর হুমকি, চলমান মারামারি, জোর করে অপরাধে যুক্ত করা, চাঁদাবাজি, অথবা নিজের/অন্যের তাৎক্ষণিক ক্ষতির আশঙ্কা

অপেক্ষা করবেন না। শিশুকে নিরাপদ স্থানে নিন এবং স্থানীয় জরুরি সেবা বা যথাযথ শিশু সুরক্ষা সহায়তা নিন। পরিস্থিতি নিজে গিয়ে সংঘর্ষের মাধ্যমে মেটানোর চেষ্টা করবেন না।

এটি কোনো নম্বরভিত্তিক, বৈজ্ঞানিকভাবে যাচাইকৃত স্কোর নয়। তাই ‘তিনটি ঘরে টিক পড়েছে, অর্থাৎ গ্যাংয়ে আছে’—এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। গুরুতর একটি ঘটনাই দ্রুত পদক্ষেপের কারণ হতে পারে; আবার কয়েকটি সাধারণ পরিবর্তনের পেছনে বিষণ্নতা, বুলিং, ভয় বা অন্য চাপও থাকতে পারে। উদ্বেগজনক পরিবর্তন স্কুল, বন্ধু ও দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে কি না, তা নিয়ে কিশোরের সঙ্গে কথা বলার পরামর্শ দেয় American Academy of Pediatrics।

কথোপকথন শুরু করার পাঁচটি প্রশ্ন

শান্ত সময়ে, অন্যদের সামনে নয়, বলতে পারেন—

  1. “তোমাকে কিছুদিন ধরে চিন্তিত মনে হচ্ছে। কী হচ্ছে, আমাকে বলবে?”
  2. “স্কুলে বা বন্ধুদের মধ্যে কারও সঙ্গে কোনো সমস্যা হচ্ছে?”
  3. “কেউ কি তোমাকে এমন কিছু করতে বলছে, যা তুমি করতে চাও না?”
  4. “কোথাও গেলে বা কারও সঙ্গে থাকলে তুমি কি নিরাপদ বোধ করো?”
  5. “আমি এখন কী করলে তোমার সাহায্য হবে?”

উত্তর শুনে পরের পদক্ষেপ ঠিক করুন। শিশুকে প্রকাশ্যে ‘গ্যাং সদস্য’ বলা, তার বন্ধুদের সামনে অপমান করা বা যাচাই ছাড়া অভিযোগ ছড়ানো তার সাহায্য পাওয়ার পথ বন্ধ করতে পারে। বিদ্যালয়ে গ্যাং সংশ্লিষ্ট উদ্বেগ যাচাইয়ের ক্ষেত্রেও একাধিক উৎসের তথ্য মিলিয়ে দেখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ফরমটির সবচেয়ে জরুরি প্রশ্ন:

শিশুটি কী করছে, তার পাশাপাশি কেন করছে এবং সে নিজে কোনো ভয় বা চাপের মধ্যে আছে কি না। সেই উত্তরই শাস্তি, সহায়তা ও নিরাপত্তার মধ্যে কোন পদক্ষেপ আগে প্রয়োজন, তা বুঝতে সাহায্য করবে।

অভিভাবকের জন্য সহজ পর্যবেক্ষণ: উদ্বেগ কতটা জরুরি?

সন্তান ‘কিশোর গ্যাংয়ে আছে কি না’ ঘরে বসে নিশ্চিত করার কোনো সহজ পরীক্ষা নেই। তবে কী ঘটছে, কতবার ঘটছে এবং কারও নিরাপত্তা ঝুঁকিতে আছে কি না—এই তিনটি প্রশ্নে করণীয় ঠিক করা যায়।

স্তর

যা দেখছেন

এখন কী করবেন

লক্ষ্য রাখুন

নতুন বন্ধু, বেশি ব্যক্তিগত সময় চাওয়া বা একবার দেরিতে ফেরা; হুমকি বা সহিংসতার তথ্য নেই

বকাঝকা ছাড়া কথা বলুন। কয়েক দিন নির্দিষ্ট পরিবর্তন লিখে রাখুন।

সহায়তা নিন

বারবার ক্লাস ফাঁকি, কোথায় ছিল সে বিষয়ে অসংগত কথা, দলের চাপে চলা, অন্যকে ভয় দেখানোর অভিযোগ—একাধিক আচরণ কয়েক সপ্তাহ ধরে চলছে

সন্তানের সঙ্গে একান্তে কথা বলুন। বিদ্যালয়ের বিশ্বস্ত শিক্ষক বা কাউন্সেলরের সঙ্গে ঘটনা যাচাই করুন; প্রয়োজন হলে শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সাহায্য নিন।

আজই নিরাপত্তার ব্যবস্থা নিন

অস্ত্র বহন, কাউকে গুরুতর আঘাতের নির্দিষ্ট হুমকি, সংঘবদ্ধ হামলার পরিকল্পনা, চাঁদাবাজি, অথবা কেউ সন্তানকে ভয় দেখিয়ে অপরাধে বাধ্য করছে

সন্তান ও সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নিরাপদে রাখুন। স্থানীয় জরুরি সেবা বা শিশু সুরক্ষা সহায়তার সঙ্গে যোগাযোগ করুন। নিজে গিয়ে ওই দলের মুখোমুখি হবেন না।

মনে রাখার সূত্র:

“ঘটনা–পুনরাবৃত্তি–নিরাপত্তা”। যেমন, “নতুন বন্ধু হয়েছে” একটি তথ্য; “গত দুই সপ্তাহে তিনবার ক্লাস ফাঁকি দিয়ে সেই বন্ধুদের সঙ্গে মারামারিতে গেছে” একটি নির্দিষ্ট উদ্বেগ। আবার অস্ত্র বা গুরুতর হুমকির ক্ষেত্রে কয়েক সপ্তাহ অপেক্ষা করার দরকার নেই।

সন্তানকে শুরুতেই “তুমি গ্যাংয়ের সদস্য” বলবেন না। বরং বলুন: “আমি শুনেছি গত সপ্তাহে দুবার মারামারি হয়েছে। তুমি কি নিরাপদ আছ? কেউ কি তোমাকে এতে অংশ নিতে চাপ দিচ্ছে?” এভাবে নির্দিষ্ট ঘটনা ধরে কথা বললে সত্য জানার এবং শিশুকে সাহায্য করার সুযোগ বাড়ে।

ঘরের ভেতরেই প্রথম বদল ধরা পড়ে: ঝুঁকিপূর্ণ কিশোরের দৈনন্দিন আচরণে যে পরিবর্তনগুলো পরিবার দেখতে পায়

কিশোর গ্যাং বা ঝুঁকিপূর্ণ কোনো বন্ধুগোষ্ঠীর সঙ্গে একটি কিশোরের যোগাযোগ তৈরি হলে তার প্রথম সংকেত সব সময় থানায়, স্কুলের disciplinary report-এ বা কোনো বড় ঘটনায় ধরা পড়ে না। অনেক সময় পরিবর্তনটি প্রথম দেখা যায় ঘরের ভেতরে—খাওয়ার টেবিলে, ঘুমের সময়সূচিতে, ফোন ব্যবহারে, বাইরে যাওয়া-আসায়, ভাইবোনের সঙ্গে কথাবার্তায় কিংবা বাবা-মায়ের সাধারণ প্রশ্নের উত্তরে।

তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ সতর্কতা প্রয়োজন। কৈশোরে ব্যক্তিগত গোপনীয়তা চাওয়া, নতুন বন্ধু তৈরি করা, মা-বাবার সঙ্গে তর্ক করা, বেশি সময় ফোনে থাকা কিংবা একা থাকতে চাওয়া—এসব স্বাভাবিক বিকাশের অংশও হতে পারে। একটি আচরণ কখনোই গ্যাং-সংশ্লিষ্টতার প্রমাণ নয়। উদ্বেগ বাড়ে যখন একই সময়ে কয়েকটি ক্ষেত্রে দ্রুত, ধারাবাহিক এবং অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়—বিশেষ করে যখন তার সঙ্গে ভয়, সহিংসতা, গোপনীয়তা, স্কুল থেকে বিচ্ছিন্নতা বা ঝুঁকিপূর্ণ মানুষের প্রভাব যুক্ত হয়।

“কোথায় যাচ্ছ?”—এই সহজ প্রশ্নটির উত্তর বদলে যায়

আগে যে সন্তান স্কুল থেকে ফিরে বলত কোথায় যাচ্ছে, কার সঙ্গে খেলবে বা কখন ফিরবে, সে হয়তো এখন বলতে শুরু করছে—“একটু কাজ আছে”, “বন্ধুর কাছে যাচ্ছি”, “তুমি চেনো না”, “ফোন দিয়ো না”।

এক-দুদিন এমন হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু নিয়মিত location গোপন করা, বাড়ি ফেরার সময় ক্রমে পিছিয়ে যাওয়া, কয়েক ঘণ্টা ফোন বন্ধ রাখা, একই ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া কিংবা পরিবার জানে না এমন স্থানে নিয়মিত যাওয়া—এসব পরিবর্তন পরিবারের চোখে পড়ার মতো গুরুত্বপূর্ণ সংকেত।

ভাইবোনেরা অনেক সময় এসব আরও আগে টের পায়। কারণ তারা একই বয়সী ভাষা ও আচরণের সূক্ষ্ম পরিবর্তন বুঝতে পারে—কে ফোন করছে, কার নাম লুকানো হচ্ছে, হঠাৎ কার সঙ্গে দেখা করতে বেরিয়ে যাচ্ছে, অথবা কেন একটি সাধারণ প্রশ্নে অতিরিক্ত বিরক্ত হচ্ছে।

পরিবারের সঙ্গে থাকা কমে, ‘দ্বিতীয় জীবন’ বড় হতে থাকে

একটি দৃশ্য ধরা যাক। আগে রাতের খাবারে সবাই একসঙ্গে বসত। এখন সে প্লেট নিয়ে ঘরে চলে যায়। পরিবারের অনুষ্ঠান এড়িয়ে চলে। ভাই বা বোন ঘরে ঢুকলে ফোনের screen বদলে ফেলে। “কার সঙ্গে কথা বলছ?”—এই প্রশ্নে অস্বাভাবিক রেগে যায়।

কৈশোরে privacy স্বাভাবিক, কিন্তু privacy আর secrecy এক বিষয় নয়। পরিবার থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকা, কোথায় যাচ্ছে সে বিষয়ে নিয়মিত মিথ্যা বলা, ঘরে ফিরেই ফোন লুকিয়ে ফেলা, স্বাভাবিক প্রশ্নে অতিরিক্ত defensive হয়ে ওঠা বা হঠাৎ “কেউ আমাকে বোঝে না” ধরনের hostile অবস্থান তৈরি হওয়া—এসব আচরণ একসঙ্গে দেখা গেলে কারণটি বোঝা দরকার।

তবে withdrawal-এর পেছনে bullying, depression, trauma, সম্পর্কের সমস্যা বা অন্য মানসিক চাপও থাকতে পারে। তাই “তুই নিশ্চয় গ্যাংয়ে ঢুকেছিস”—এভাবে জেরা করা সবচেয়ে খারাপ শুরু হতে পারে।

বন্ধুর নাম বদলায়, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ—বন্ধুত্বের ধরন বদলায়

নতুন বন্ধু হওয়া সমস্যা নয়। সমস্যা তখন, যখন পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক দ্রুত ছিন্ন হয়ে যায়, নতুন বন্ধুদের পরিচয় নিয়ে সন্তান অসংগত কথা বলে, বয়সে অনেক বড় তরুণদের সঙ্গে অতিরিক্ত সময় কাটায় অথবা কোনো বিশেষ ব্যক্তির নির্দেশ অমান্য করতে ভয় পায়।

বাংলাদেশের বাস্তবতায় অভিভাবকের কানে নতুন একটি শব্দও বারবার আসতে পারে—“ভাই” বা “বড় ভাই”।

“ভাই সব ম্যানেজ করবে।”

“ভাই বলেছে যেতে।”

“ভাই থাকলে কেউ কিছু করতে পারবে না।”

বয়সে বড় mentor থাকা নিজে সমস্যা নয়। কিন্তু যখন সেই সম্পর্কের সঙ্গে ভয়, অন্ধ আনুগত্য, অর্থ, সহিংসতা বা বেআইনি কাজের বিনিময় যুক্ত হয়, তখন সেটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

ভাষায় ‘আমি’ কমে, ‘আমরা’ বাড়ে

কিশোরের কথাবার্তাতেও পরিবর্তন ধরা পড়তে পারে। আগে বলত—“ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে।” আর এখন বলছে—

  • “আমরা ওদের দেখে নেব।”
  • “আমাদের গ্রুপ আছে।”
  • “আমাদের এলাকায় কেউ কিছু বলতে পারবে না।”

এখানে পরিবর্তনটি শুধু রাগের নয়; ব্যক্তিগত বিরোধের সঙ্গে দলীয় পরিচয়, আধিপত্য এবং প্রতিশোধের ভাষা যুক্ত হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। যখন ছোটখাটো অপমানও “সম্মানের প্রশ্ন” হয়ে যায় এবং প্রতিশোধকে সাহসের প্রমাণ হিসেবে দেখা শুরু হয়, তখন পরিবারকে বিষয়টি হালকাভাবে না নেওয়াই ভালো।

ভাইবোনের সঙ্গে আচরণেও ক্ষমতার ভাষা ঢুকে পড়তে পারে

ঘরের সবচেয়ে সূক্ষ্ম আয়না অনেক সময় ভাই বা বোন।

যে কিশোর আগে ছোট ভাইকে পড়াত বা বোনের সঙ্গে গল্প করত, সে হয়তো এখন অকারণে ধমক দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তার জিনিস জোর করে নিচ্ছে অথবা “আমার কথা শুনবি” ধরনের কর্তৃত্ব দেখাচ্ছে।

একটি ঘটনা দিয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে না। কিন্তু বাইরে যে dominance বা intimidation culture তৈরি হচ্ছে, তার প্রতিফলন ঘরেও দেখা যেতে পারে। নিয়মিত aggressive language, ভয় দেখানো, ভাঙচুর, ছোট ঘটনায় প্রতিশোধের কথা বলা—এসব আচরণ যদি বাড়তে থাকে, সেটি বিশেষভাবে লক্ষ্য করা দরকার।

স্কুলব্যাগ আছে, কিন্তু স্কুলের সঙ্গে সম্পর্ক নেই

আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দৈনন্দিন routine-এ। বাড়ি থেকে স্কুলের পোশাক পরে বের হয়েছে—কিন্তু ক্লাসে যায়নি।

Homework নিয়ে উদাসীনতা, বারবার ক্লাস ফাঁকি, স্কুলে দেরি, শিক্ষকের সঙ্গে ঘন ঘন সংঘাত, extracurricular activity ছেড়ে দেওয়া, আগে পছন্দের বিষয়েও আগ্রহ হারিয়ে ফেলা—এসব একসঙ্গে ঘটলে পরিবারকে শুধু “ফল খারাপ করছে” বলে দেখলে চলবে না।

প্রশ্ন হওয়া উচিত—সে কি স্কুল থেকে psychologically বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে?

হঠাৎ টাকা আসে—কিন্তু গল্পটি পরিষ্কার নয়

পরিবারের চোখে সহজেই পড়ার মতো আরেকটি পরিবর্তন হলো অর্থ ও জিনিসপত্র। যেমন:

  • নতুন ফোন।
  • দামি হেডফোন।
  • অজানা cash।
  • নতুন পোশাক।
  • অন্য কারও জিনিস।

এসবের কোনোটিই নিজে অপরাধের প্রমাণ নয়। কিন্তু যখন উৎস নিয়ে উত্তর বারবার বদলায়—“বন্ধু দিয়েছে”, “এক ভাই দিয়েছে”, “আমার না, রেখে গেছে”—তখন শান্তভাবে জানতে হবে জিনিসটি কোথা থেকে এসেছে।

একই সঙ্গে ঘর থেকে টাকা বা জিনিস হারাচ্ছে কি না, ভাইবোনের কাছ থেকে ধার নিচ্ছে কিন্তু কারণ বলছে না কি না—এসবও পরিবারের দৈনন্দিন পর্যবেক্ষণের অংশ হতে পারে।

ফোনটি যোগাযোগের যন্ত্র থেকে গোপন জগতের দরজায় পরিণত হয়

ফোনে password থাকা সমস্যা নয়। social media account থাকাও নয়। কিন্তু উদ্বেগ বাড়ে যখন একই সঙ্গে দেখা যায়—একাধিক গোপন account, অজানা group chat, screen সব সময় লুকানো, রাতে বারবার call, হুমকি বা প্রতিপক্ষকে নিয়ে পোস্ট, মারামারির ভিডিও, নির্দিষ্ট code word বা group name, কিংবা হঠাৎ লোক জড়ো করার আলোচনা।

এখানেও লক্ষ্য হওয়া উচিত ফোন বাজেয়াপ্ত করা নয়, pattern বোঝা।

শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু ব্যাখ্যা অস্পষ্ট

একদিন হাতে কাটা দাগ। পরদিন জামা ছেঁড়া। আরেকদিন মুখে ফোলা। প্রতিবার একই উত্তর—“কিছু হয়নি”, “পড়ে গেছি”, “বন্ধুদের সঙ্গে একটু ঝামেলা।”

একবার এমন হলে তা স্বাভাবিক দুর্ঘটনাও হতে পারে। কিন্তু বারবার আঘাত, ভয়, প্রশ্ন এড়িয়ে যাওয়া অথবা কে করেছে তা বলতে অস্বীকৃতি থাকলে পরিবারকে দেখতে হবে—কিশোরটি সহিংসতায় অংশ নিচ্ছে, নাকি নিজেই coercion, bullying বা victimisation-এর শিকার হচ্ছে।

এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কিশোর একই সময়ে অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তি, সহিংসতার শিকার এবং কোনো ঘটনার সাক্ষী—তিন ভূমিকাতেই থাকতে পারে।

পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র: পরিবর্তন, পুনরাবৃত্তি, নিরাপত্তা

অভিভাবক এবং ভাইবোনেরা তাই একটি আচরণ দেখে সিদ্ধান্ত নেবেন না। বরং তিনটি প্রশ্ন করবেন—

  • প্রশ্ন-০১: কী বদলেছে?
  • প্রশ্ন-০২: পরিবর্তনটি কতদিন ধরে চলছে?
  • প্রশ্ন-০৩: কারও নিরাপত্তা কি ঝুঁকিতে পড়ছে?

নতুন বন্ধু হয়েছে—এটি একটি ঘটনা। কিন্তু দুই সপ্তাহ ধরে ক্লাস ফাঁকি দিয়ে একই দলের সঙ্গে মারামারিতে যাচ্ছে—এটি একটি pattern।

রাতে একদিন দেরি হয়েছে—এটি একটি ঘটনা। কিন্তু নিয়মিত location লুকাচ্ছে, ফোন বন্ধ রাখছে, অজানা টাকা আসছে এবং “আমাদের গ্রুপ” বলে হুমকির ভাষা ব্যবহার করছে—এটি আর একক আচরণ নয়।

সেই কারণেই পরিবারকে “প্রমাণ খোঁজা গোয়েন্দা” হওয়ার চেয়ে বিশ্বাসযোগ্য পর্যবেক্ষক হতে হবে। প্রথম প্রশ্নটি হওয়া উচিত নয়—“তুই গ্যাংয়ে ঢুকেছিস?” বরং বলা যায়—

  • “কিছুদিন ধরে তোমার আচরণে কিছু পরিবর্তন দেখছি। কী হচ্ছে?”
  • “কেউ কি তোমাকে কোনো কিছু করতে চাপ দিচ্ছে?”
  • “তুমি কি কোথাও ভয় পাচ্ছ?”
  • “আমি কী করলে তোমাকে সাহায্য করতে পারি?”

কারণ শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটি হয়তো কোনো পোশাক, ফোন বা বন্ধুর নাম নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো—সন্তান কি ধীরে ধীরে এমন একটি গোপন জীবনে ঢুকে যাচ্ছে, যেখানে পরিবারের সঙ্গে তার বিশ্বাসের সম্পর্ক কমছে এবং অন্য একটি দলের সঙ্গে ভয়, আনুগত্য ও পরিচয়ের সম্পর্ক বাড়ছে?

সেই পরিবর্তনটি সময়মতো দেখতে পারলে intervention শুরু হতে পারে সংঘাতের পরে নয়, সংঘাতের আগেই।

ঝুঁকির তীব্রতা কীভাবে বুঝবেন: আচরণ থেকে সংঘবদ্ধ অপরাধে যাওয়ার স্তর

সব উদ্বেগজনক আচরণের গুরুত্ব সমান নয়। একদিন ক্লাস ফাঁকি দেওয়া, রাগের মাথায় খারাপ কথা বলা এবং পরিকল্পিতভাবে দল বেঁধে কাউকে আক্রমণ করা—তিনটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার ঘটনা। তাই সন্তানকে তাড়াহুড়া করে ‘অপরাধপ্রবণ’ বা ‘কিশোর গ্যাংয়ের সদস্য’ না বলে দেখতে হবে—আচরণটি কতটা গুরুতর, কতবার ঘটছে, পরিকল্পিত কি না এবং এতে কারও নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে কি না।

নিচের স্তরগুলো কোনো রোগনির্ণয় বা বৈজ্ঞানিকভাবে যাচাইকৃত স্কোর নয়। এগুলো অভিভাবক ও শিক্ষককে পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রাথমিক করণীয় নির্ধারণে সহায়তা করার একটি ব্যবহারিক কাঠামো।

স্তর ১—প্রাথমিক পরিবর্তন: পর্যবেক্ষণ প্রয়োজন

এই পর্যায়ে কিছু আচরণগত পরিবর্তন দেখা গেলেও অপরাধ বা সহিংসতার সুনির্দিষ্ট প্রমাণ থাকে না। যেমন—

  • নতুন বন্ধুবৃত্ত তৈরি করা;
  • পরিবারের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়ানো;
  • মাঝেমধ্যে দেরিতে বাড়ি ফেরা;
  • মেজাজের পরিবর্তন বা তর্ক বেড়ে যাওয়া;
  • পোশাক, ভাষা বা অনলাইন পরিচয়ে পরীক্ষা-নিরীক্ষা;
  • একবার ক্লাস ফাঁকি দেওয়া বা নিয়ম ভাঙা।

এগুলো কৈশোরের স্বাভাবিক বিকাশের অংশও হতে পারে। তাই এই স্তরে করণীয় হলো শান্তভাবে পর্যবেক্ষণ, নিয়মিত কথা বলা এবং সন্তানের বন্ধু, বিদ্যালয় ও সময়ব্যবহার সম্পর্কে স্বাভাবিকভাবে খোঁজ রাখা। গোপন তল্লাশি, অপমান বা ‘গ্যাং সদস্য’ তকমা দেওয়া উচিত নয়।

স্তর ২—ক্রমবর্ধমান ঝুঁকি: দ্রুত আলাপ ও সহায়তা প্রয়োজন

একাধিক ক্ষেত্রে পরিবর্তন কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলে উদ্বেগ বাড়ে। যেমন—

  • নিয়মিত ক্লাস ফাঁকি বা বিদ্যালয়ে অনুপস্থিতি;
  • কোথায় ছিল সে বিষয়ে বারবার অসংগত তথ্য দেওয়া;
  • পুরোনো বন্ধু ও পছন্দের কার্যক্রম থেকে সরে যাওয়া;
  • পরিবারের নিয়ম অমান্য করে দীর্ঘ সময় বাইরে থাকা;
  • সহপাঠীকে ভয় দেখানো বা বুলিং করা;
  • অজানা উৎস থেকে টাকা বা দামি জিনিস পাওয়া;
  • কোনো ‘বড় ভাই’ বা দলের নির্দেশ নিয়ে অতিরিক্ত আনুগত্য দেখানো;
  • গোপন অনলাইন গ্রুপে হুমকি, প্রতিশোধ বা সংঘাতের ভাষা ব্যবহার।

এই স্তরে শুধু নজর রাখা যথেষ্ট নয়। সন্তানের সঙ্গে একান্তে কথা বলতে হবে, বিদ্যালয়ের বিশ্বস্ত শিক্ষক বা কাউন্সেলরের কাছ থেকে নির্দিষ্ট তথ্য যাচাই করতে হবে এবং প্রয়োজন হলে শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা নিতে হবে।

স্তর ৩—উচ্চ ঝুঁকি: সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ততার সম্ভাবনা

এই পর্যায়ে আচরণ আর শুধু বিদ্রোহ বা নিয়ম ভাঙার মধ্যে সীমাবদ্ধ থাকে না; দলগত ভয় প্রদর্শন, অপরাধে সহায়তা বা ক্ষতিকর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। যেমন—

  • বারবার দলগত মারামারি বা প্রতিপক্ষকে ধাওয়া করা;
  • দল নিয়ে কাউকে ভয় দেখানো বা টাকা আদায় করা;
  • অপরাধের সময় পাহারা দেওয়া, তথ্য দেওয়া বা ‘শুধু সঙ্গে থাকা’;
  • মারামারির জন্য অনলাইনে লোক জড়ো করা;
  • অপরাধ বা নির্যাতনের ভিডিও ধারণ ও প্রচার করা;
  • গোষ্ঠীর পরিচয় রক্ষায় সহিংসতাকে বৈধ মনে করা;
  • মাদক বহন, সরবরাহ বা বিক্রির সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ;
  • দল ছাড়তে চাইলে ক্ষতির ভয় প্রকাশ করা।

এখানে শিক্ষার্থী একই সঙ্গে অপরাধে অংশগ্রহণকারী এবং ভয়, প্ররোচনা বা শোষণের শিকার হতে পারে। অভিভাবককে একা গিয়ে কথিত দল বা ‘বড় ভাই’-এর মুখোমুখি হওয়া উচিত নয়। বিদ্যালয় কর্তৃপক্ষ, শিশু সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য পেশাজীবী এবং পরিস্থিতি অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষকে যুক্ত করে লিখিত নিরাপত্তা ও সহায়তা পরিকল্পনা করতে হবে।

স্তর ৪—চরম বা তাৎক্ষণিক ঝুঁকি: এখনই নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন

কিছু আচরণে পর্যবেক্ষণ বা পরবর্তী বৈঠকের জন্য অপেক্ষা করা নিরাপদ নয়। যেমন—

  • অস্ত্র বহন বা অস্ত্র সংগ্রহের চেষ্টা;
  • নির্দিষ্ট ব্যক্তি, সময় বা স্থান উল্লেখ করে আক্রমণের হুমকি;
  • চলমান সংঘবদ্ধ হামলা বা অপহরণের পরিকল্পনা;
  • গুরুতর আঘাত, ছিনতাই, চাঁদাবাজি বা যৌন সহিংসতায় অংশগ্রহণ;
  • অপরাধ করতে বাধ্য করা বা দল ছাড়লে হত্যার হুমকি;
  • নিজের বা অন্যের জীবন নিয়ে তাৎক্ষণিক আশঙ্কা;
  • প্রমাণ লুকানো, ভুক্তভোগীকে চুপ করানো বা সাক্ষীকে ভয় দেখানোর চেষ্টা।

এই পরিস্থিতিতে প্রথম কাজ স্বীকারোক্তি আদায় বা শাস্তি দেওয়া নয়—জীবন ও নিরাপত্তা রক্ষা করা। সম্ভাব্য অস্ত্র নিজে কাড়তে যাওয়া, দলকে মোকাবিলা করা বা উত্তেজিত শিশুকে ঘিরে ধরা বিপজ্জনক হতে পারে। অন্য শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে যথাযথ জরুরি, আইনগত ও শিশু সুরক্ষা সহায়তা নিতে হবে।

তীব্রতা বোঝার ছয়টি প্রশ্ন

অভিভাবক ও শিক্ষক একসঙ্গে ছয়টি প্রশ্ন বিবেচনা করতে পারেন—

  1. আচরণটি একবার ঘটেছে, নাকি বারবার ঘটছে?
  2. একা ঘটছে, নাকি একটি দলের সঙ্গে সমন্বয় করে?
  3. আকস্মিক রাগের ঘটনা, নাকি আগে থেকে পরিকল্পিত?
  4. কাউকে ভয় দেখানো, নিয়ন্ত্রণ করা বা লাভবান হওয়ার উদ্দেশ্য আছে কি?
  5. অস্ত্র, মাদক, চাঁদাবাজি বা গুরুতর সহিংসতা যুক্ত হয়েছে কি?
  6. শিশুটি অন্যকে ক্ষতি করছে, নিজে ভয় বা চাপে আছে—নাকি দুটোই ঘটছে?

শেষ সতর্কতা

ঝুঁকির মাত্রা শুধু লক্ষণ গুনে নির্ধারণ করা যাবে না। পাঁচটি অপেক্ষাকৃত সাধারণ পরিবর্তনের চেয়েও অস্ত্রসহ একটি নির্দিষ্ট হুমকি বেশি জরুরি। আবার বিষণ্নতা, বুলিং, ট্রমা, মাদকাসক্তি বা পারিবারিক সংকটের কারণেও কিছু আচরণ দেখা দিতে পারে। তাই সিদ্ধান্তের ভিত্তি হবে নির্দিষ্ট ঘটনা, পুনরাবৃত্তি, পরিকল্পনা, দলগত সম্পৃক্ততা এবং নিরাপত্তার ঝুঁকি—শিশুর পোশাক, বন্ধুত্ব বা সামাজিক পরিচয় নয়।

শেষ কথা: আচরণের পেছনের প্রয়োজনটিও দেখতে হবে

একজন কিশোর কোনো ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর দিকে যাচ্ছে দেখলে শুধু “সে খারাপ হয়ে যাচ্ছে” বললে সমস্যার অর্ধেকও বোঝা হয় না। সে হয়তো খুঁজছে belonging, recognition, protection, status, friendship বা এমন একটি জায়গা যেখানে তাকে গুরুত্ব দেওয়া হয়। Gang-prevention গবেষণাতেও protection, excitement, respect, money এবং বন্ধুদের প্রভাবকে gang involvement-এর কারণ হিসেবে পাওয়া গেছে। সুতরাং সবচেয়ে কার্যকর প্রশ্ন হতে পারে—“এই গোষ্ঠীটি আমার সন্তানকে কী দিচ্ছে, যা পরিবার, স্কুল বা সমাজ তাকে দিতে পারছে না?”

সেই উত্তরটি খুঁজে পাওয়া গেলে prevention শুরু হয় কেবল পুলিশি হস্তক্ষেপ দিয়ে নয়; শুরু হয় সম্পর্ক পুনর্গঠন, নিরাপত্তা, বিদ্যালয়ের সঙ্গে পুনঃসংযোগ, ইতিবাচক peer group, খেলাধুলা ও সৃজনশীল কাজের সুযোগ এবং একজন বিশ্বাসযোগ্য প্রাপ্তবয়স্কের উপস্থিতি দিয়ে। CDC-র evidence framework-ও পরিবার ও বিদ্যালয়ের সঙ্গে connectedness, parental communication এবং prosocial school relationships-কে protective factors হিসেবে চিহ্নিত করে।

শিক্ষার্থীর আচরণে উদ্বেগজনক পরিবর্তন দেখলে শিক্ষক কী করবেন

বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বারবার সহপাঠীকে ভয় দেখাচ্ছে, দল বেঁধে সংঘাতে জড়াচ্ছে বা কোনো বড় শিক্ষার্থীর নির্দেশে কাজ করছে—এমন খবর পেলে শিক্ষককে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তবে আচরণ পর্যবেক্ষণ আর শিক্ষার্থীকে ‘কিশোর গ্যাং সদস্য’ ঘোষণা করা এক বিষয় নয়। তথ্য মিলিয়ে দেখা অপ্রমাণিত তকমা থেকে শিক্ষার্থীকে রক্ষা করে। ojjdp.ojp.gov

শিক্ষকের জন্য চার ধাপের পদ্ধতি

  • ধাপ-১. ঘটনা লিখুন। তারিখ, স্থান, কারা উপস্থিত ছিল এবং শিক্ষার্থী ঠিক কী বলেছে বা করেছে, তা নথিবদ্ধ করুন। যেমন, “মঙ্গলবার ছুটির পর তিনজন মিলে এক সহপাঠীকে ঘিরে টাকা চেয়েছে বলে অভিযোগ এসেছে”—এটি যাচাইযোগ্য। “ছেলেটি গ্যাংস্টার”—এটি সিদ্ধান্ত, পর্যবেক্ষণ নয়।
  • ধাপ-২. নিরাপদে, একান্তে কথা বলুন। অন্য শিক্ষার্থীর সামনে জেরা করবেন না। বলতে পারেন: “গত কয়েক দিনে দুটি সংঘাতের খবর পেয়েছি। তোমার দিক থেকে কী ঘটেছে শুনতে চাই। কেউ কি তোমাকে ভয় দেখাচ্ছে বা কিছু করতে চাপ দিচ্ছে?” সে সংঘাতে অংশ নিয়েছে কি না, তার পাশাপাশি সে নিজেও হুমকির মুখে আছে কি না, বুঝতে চেষ্টা করুন।
  • ধাপ-৩. বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের যুক্ত করুন। বারবার সংঘাত, অনুপস্থিতি বা ভয় দেখানোর অভিযোগ থাকলে প্রধান শিক্ষক, শ্রেণিশিক্ষক ও কাউন্সেলর বা শিশু সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সীমিত পরিসরে তথ্য যাচাই করুন। অভিভাবকের সঙ্গে নির্দিষ্ট ঘটনা নিয়ে কথা বলুন এবং শিক্ষার্থীর জন্য একটি সহায়তা পরিকল্পনা করুন। ঘটনার বিবরণ শুধু যাঁদের দায়িত্ব পালনে প্রয়োজন, তাঁদের মধ্যেই রাখুন।
  • ধাপ-৪. সহায়তা ও অনুসরণ নিশ্চিত করুন। একজন বিশ্বাসযোগ্য শিক্ষককে নিয়মিত খোঁজ নেওয়ার দায়িত্ব দেওয়া, ক্লাসে ফেরার পরিকল্পনা, সংঘাত মেটানোর সহায়তা এবং নিরাপদ খেলাধুলা বা সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ কাজে আসতে পারে। বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীর সংযোগ ও শিক্ষকদের ইতিবাচক সম্পর্ক সহিংসতা প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ।

পরিস্থিতি

শিক্ষকের তাৎক্ষণিক পদক্ষেপ

নতুন বন্ধু, পোশাক বা ভাষার পরিবর্তন; ক্ষতির তথ্য নেই

তকমা দেবেন না। সম্পর্ক গড়ে তুলুন এবং নির্দিষ্ট পরিবর্তন হলে পর্যবেক্ষণ লিখুন।

বারবার ক্লাস ফাঁকি, ভয় দেখানো বা দলগত সংঘাতের অভিযোগ

আলাদা করে কথা বলুন; তথ্য যাচাই করুন; বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দল ও অভিভাবককে যুক্ত করুন।

অস্ত্র, আঘাতের নির্দিষ্ট হুমকি বা চলমান হামলা

শিক্ষার্থীদের নিরাপদে সরান; বিদ্যালয়ের জরুরি নিরাপত্তা পদ্ধতি চালু করুন এবং প্রয়োজন অনুযায়ী জরুরি সেবা ডাকুন। শিক্ষক একা অস্ত্র উদ্ধার বা দলকে মোকাবিলা করতে যাবেন না।

বিদ্যালয়ের মূল নিয়মটি সহজ: ঘটনা যাচাই করুন, নিরাপত্তা নিশ্চিত করুন, শিক্ষার্থীকে কথা বলার সুযোগ দিন এবং নিয়মিত সহায়তার ব্যবস্থা করুন। গুরুতর হুমকির মূল্যায়নে বিভিন্ন উৎসের তথ্য ও একাধিক দায়িত্বশীল ব্যক্তির মত নেওয়ার নির্দেশনাও রয়েছে। schoolsafety.gov

শাসনের দড়ি: খুব ঢিলেও নয়, অতিরিক্ত টানও নয়

একটি দড়িতে প্রয়োজনের তুলনায় কম পাক দিলে সেটি দুর্বল থাকে—অল্প চাপেই খুলে বা ছিঁড়ে যেতে পারে। আবার অতিরিক্ত পাক ও টান দিলেও দড়ির তন্তু ক্ষতিগ্রস্ত হয়ে একসময় ছিঁড়ে যায়। সন্তান প্রতিপালনের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা এমন। একদিকে অতিরিক্ত নিয়ন্ত্রণ, কঠোর শাসন, অপমান ও নজরদারি; অন্যদিকে সন্তানের চলাফেরা, বন্ধুবৃত্ত ও আচরণ সম্পর্কে সম্পূর্ণ উদাসীনতা—দুটিই তার সুস্থ বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

অতিরিক্ত শাসনের পরিবেশে সন্তান সব সময় সত্য বলা নিরাপদ মনে নাও করতে পারে। শাস্তি, অপমান বা ফোন কেড়ে নেওয়ার ভয়ে সে তথ্য গোপন করতে, মিথ্যা বলতে কিংবা পরিবার থেকে মানসিকভাবে দূরে সরে যেতে পারে। তখন অভিভাবক হয়তো মনে করছেন সন্তান নিয়ন্ত্রণে আছে; বাস্তবে তার জীবনের একটি বড় অংশ পরিবারের দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ কোনো দল সেই গোপন জগতে যদি গ্রহণযোগ্যতা, মর্যাদা বা সুরক্ষার প্রতিশ্রুতি দেয়, তবে তার আকর্ষণ বাড়তে পারে।

আবার সম্পূর্ণ ছেড়ে দেওয়াও স্বাধীনতা নয়। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে, কখন ফিরবে কিংবা সমস্যায় পড়লে কাকে জানাবে—এসব সম্পর্কে অভিভাবকের কোনো ধারণা না থাকলে ঝুঁকিপূর্ণ সম্পর্ক ও আচরণ শনাক্ত করার সুযোগ কমে যায়। কৈশোরে স্বাধীনতা প্রয়োজন, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে বয়সোপযোগী সীমা, নিয়মিত যোগাযোগ এবং দায়িত্ববোধও প্রয়োজন।

সুতরাং কার্যকর অভিভাবকত্বের অবস্থান হলো মধ্যবর্তী—স্নেহপূর্ণ কিন্তু দৃঢ়, পর্যবেক্ষণশীল কিন্তু অনুপ্রবেশকারী নয়, স্বাধীনতাকে সম্মান করে কিন্তু দায়িত্বহীনভাবে ছেড়ে দেয় না। মনোবিজ্ঞানের ভাষায় একে authoritative parenting বা স্নেহশীল-দৃঢ় অভিভাবকত্বের সঙ্গে তুলনা করা যায়। এখানে নিয়ম থাকে, কিন্তু নিয়মের কারণও ব্যাখ্যা করা হয়; ভুলের পরিণতি থাকে, কিন্তু শিশুকে অপমান করা হয় না; প্রশ্ন করা হয়, আবার তার উত্তরও মন দিয়ে শোনা হয়।

প্রতিটি শিশুর বয়স, মানসিক পরিপক্বতা, ব্যক্তিত্ব, ঝুঁকির মাত্রা ও পারিবারিক পরিস্থিতি ভিন্ন। তাই একই নিয়ম সবার ওপর যান্ত্রিকভাবে প্রয়োগ করা যাবে না। আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দিলে শাসন বাড়ানোর আগে জানতে হবে—সে কি ভয় পাচ্ছে, বুলিংয়ের শিকার, কোনো দলের চাপে আছে, নাকি গ্রহণযোগ্যতা ও বন্ধুত্ব খুঁজছে?

অভিভাবকের কাজ শুধু দড়ি শক্ত করে ধরা নয়; কখন একটু ছাড়তে হবে, কখন দৃঢ়ভাবে সীমা টানতে হবে এবং কখন সন্তানের পাশে দাঁড়িয়ে পেশাদার সহায়তা নিতে হবে—সেই ভারসাম্য বোঝা। কারণ সন্তানের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে পর্যবেক্ষণের পথও বন্ধ হয়ে যায়; আর সম্পর্ক অটুট থাকলে বিপদের মধ্যেও তার ঘরে ফিরে কথা বলার একটি নিরাপদ দরজা খোলা থাকে।

উপসংহার: সংকেত দেখার পর দায়িত্ব শুরু

কিশোরের নতুন বন্ধু হয়েছে, সে একা থাকতে চাইছে, কিংবা আগের মতো সব কথা বাবা-মাকে বলছে না—এসব দেখে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু অনুপস্থিতি, ভয় দেখানো, দলগত সংঘাত, অজানা অর্থের উৎস কিংবা কারও চাপে কাজ করার মতো ঘটনা বারবার ঘটলে নীরব থাকাও দায়িত্বশীল আচরণ নয়। তখন প্রয়োজন নির্দিষ্ট ঘটনা জানা, শিশুর কথা শোনা এবং তার নিরাপত্তা যাচাই করা।

এই কাজে অভিভাবক ও শিক্ষক কেউ একা নন। পরিবার জানতে পারে বাড়ির বাইরের সময়টায় কী বদলেছে; শিক্ষক দেখতে পারেন বিদ্যালয়ে তার সম্পর্ক ও আচরণে কী ঘটছে। তথ্য মিলিয়ে তাঁরা বুঝতে পারেন, শিশুটি অন্যকে ক্ষতি করছে, নিজে বিপদে পড়েছে, নাকি দুটোই ঘটছে। প্রয়োজন হলে কাউন্সেলর, শিশু সুরক্ষা বিশেষজ্ঞ ও যথাযথ কর্তৃপক্ষকে যুক্ত করতে হবে। অস্ত্র বা গুরুতর হুমকির মতো তাৎক্ষণিক বিপদে অবশ্যই আগে নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে।

অপ্রতীমের মৃত্যুর বিচার হবে তদন্ত ও আদালতের প্রক্রিয়ায়। সেই ঘটনার নামে অন্য কোনো শিশুকে প্রমাণ ছাড়া ‘গ্যাং সদস্য’ বলা ন্যায়সংগত হবে না। একই সঙ্গে ঘটনাটি যে প্রশ্ন সামনে এনেছে, তা এড়িয়ে যাওয়ারও উপায় নেই: একটি শিশু যাদের সঙ্গে সময় কাটায়, তাদের কাছ থেকে সে বন্ধুত্ব, স্বীকৃতি ও নিরাপত্তা পাচ্ছে—নাকি ক্রমে এমন এক সম্পর্কে ঢুকে পড়ছে, যেখানে ভয় ও ক্ষমতার অপব্যবহার আছে? প্রশ্নটির উত্তর খোঁজাই প্রতিরোধের প্রথম কাজ।

চূড়ান্ত প্রতিফলন: সন্তান কথা বলার জায়গা পাচ্ছে তো?

সন্ধ্যায় সন্তান বাড়ি ফিরে চুপচাপ ঘরে ঢুকে গেল। পরদিন শিক্ষক দেখলেন, সে আগের বন্ধুদের এড়িয়ে চলছে। এই দুই দৃশ্যের কোনোটিই একা বিপদের প্রমাণ নয়। কিন্তু বাবা-মা ও শিক্ষক যদি নিজেদের দেখা পরিবর্তন নিয়ে দায়িত্বশীলভাবে কথা বলেন, আর শিশুটির কাছেও জানতে চান কী ঘটছে, তবে সে হয়তো বলার সুযোগ পাবে—কেউ তাকে ভয় দেখাচ্ছে, কোনো দলে থাকতে চাপ দিচ্ছে, অথবা সে নিজেই এমন কিছু করেছে যা থেকে বেরিয়ে আসতে চাইছে।

একটি শিশুর জীবন বদলানোর সুযোগ অনেক সময় সেখানেই তৈরি হয়: যখন একজন প্রাপ্তবয়স্ক তাকে মন দিয়ে শোনেন, প্রয়োজন হলে দৃঢ় সীমা টানেন এবং বিপদে তাকে একা ছেড়ে দেন না।

অপ্রতীমকে ফিরিয়ে আনা যাবে না। তাঁর স্মৃতির প্রতি আমাদের দায়িত্ব হলো অন্য শিশুদের ক্ষেত্রে সেই সুযোগটি সময় থাকতে তৈরি করা।

দ্বিতীয় অংশ : KGRS–PTB

অভিভাবক ও শিক্ষকের হাতে একটি ব্যবহারিক টুল: KGRS–PTB

কিশোর গ্যাং বা juvenile delinquency নিয়ে আলোচনায় আমরা সাধারণত দুটি প্রান্তে চলে যাই। একদিকে আতঙ্ক—“ছেলেটা বদলে গেছে, নিশ্চয়ই খারাপ কিছু করছে”; অন্যদিকে অস্বীকার—“আমার সন্তান এমন হতে পারে না।” কিন্তু ঝুঁকিপূর্ণ আচরণ বোঝার জন্য প্রয়োজন আতঙ্ক নয়, আবার অন্ধ বিশ্বাসও নয়; প্রয়োজন পর্যবেক্ষণ, প্রমাণ, সম্পর্ক এবং সময়মতো সহায়তা।

এই প্রয়োজন থেকেই তৈরি করা হয়েছে KGRS–PTB: Kishore Gang & Juvenile Delinquency Risk Screening Scale—Parent/Teacher, Bangladesh Version। বাংলায় একে বলা যেতে পারে—কিশোর গ্যাং ও কিশোর অপরাধ ঝুঁকি নিরূপণ স্কেল: অভিভাবক ও শিক্ষক সংস্করণ।

এটি কোনো শিশুকে “অপরাধী”, “বখাটে” বা “গ্যাং সদস্য” ঘোষণা করার পরীক্ষা নয়। বরং এটি একটি early-warning screening tool—অর্থাৎ শিশুর আচরণ, বন্ধুবৃত্ত, পরিবার, বিদ্যালয় এবং বৃহত্তর পরিবেশে এমন কোনো পরিবর্তন ঘটছে কি না, যা ভবিষ্যতে গুরুতর ঝুঁকির দিকে ইঙ্গিত করতে পারে—সেটি বুঝতে সাহায্য করার একটি কাঠামোবদ্ধ পদ্ধতি।

স্কেলটি কোথায় পাওয়া যাবে?

অভিভাবক, শিক্ষক, শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, কাউন্সেলর, সমাজকর্মী এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা সম্পূর্ণ KGRS–PTB Print-Ready Bangladesh Version বিনামূল্যে দেখতে ও সংগ্রহ করতে পারবেন নিচের Google Drive link থেকে:

👉 KGRS–PTB পূর্ণাঙ্গ স্কেল, নির্দেশিকা ও স্কোরিং শিট: [KGRS–PTB ডাউনলোড/অ্যাক্সেস লিংক: https://bit.ly/4d7AO68 ]- এই লিংকে ক্লিক করলে ব্যবহারকারী পুরো booklet দেখতে পারবেন, প্রয়োজন হলে print করতে পারবেন এবং Parent Form বা Teacher Form হিসেবে ব্যবহার করতে পারবেন।

অথবা KGRS–PTB পূর্ণাঙ্গ স্কেল, নির্দেশিকা ও স্কোরিং শিট-এর জন্য নিচের  QR code Scan করুন :KGRS–PTB পূর্ণাঙ্গ স্কেল, নির্দেশিকা ও স্কোরিং শিট-এর জন্য Scan the QR code :স্কেলটি কীভাবে কাজ করে?

KGRS–PTB-তে ঝুঁকি মূল্যায়নের জন্য পাঁচটি প্রধান ক্ষেত্র বিবেচনা করা হয়েছে।

  • প্রথমটি হলো আচরণ ও আত্মনিয়ন্ত্রণ। শিশুর মধ্যে আগ্রাসন, মারামারি, ভয় দেখানো, impulsive behaviour বা অপরাধমূলক আচরণের প্রবণতা বাড়ছে কি না—তা দেখা হয়।
  • দ্বিতীয়টি বন্ধুবৃত্ত ও peer influence। নতুন বন্ধুবৃত্তের প্রতি অস্বাভাবিক গোপনীয়তা, অপরাধপ্রবণ বন্ধু, বয়সে বড় প্রভাবশালী ব্যক্তির নিয়ন্ত্রণ, “বড় ভাই” সংস্কৃতি বা দলের চাপে সহিংস আচরণ—এসব ঝুঁকিসংকেত হিসেবে বিবেচিত হয়।
  • তৃতীয় ক্ষেত্রটি পরিবার, যোগাযোগ ও parental monitoring। পরিবার কি জানে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে, কখন ফিরছে? সন্তান কি সমস্যায় পড়লে বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পারে? পরিবারে নিয়ম-কানুন কি ধারাবাহিক? এগুলো গুরুত্বপূর্ণ।
  • চতুর্থ ক্ষেত্রটি বিদ্যালয়ের সঙ্গে সংযুক্তি। স্কুল ফাঁকি, অনুপস্থিতি, ফলাফলের আকস্মিক অবনতি, bullying, disciplinary problem কিংবা স্কুলের সঙ্গে আবেগগত দূরত্ব—এসব এখানে বিবেচিত হয়।
  • পঞ্চম ক্ষেত্রটি ডিজিটাল, মাদক, অর্থনৈতিক ও কমিউনিটি ঝুঁকি। সহিংস online group, অপরাধ-সম্পর্কিত যোগাযোগ, মাদক, অজানা উৎসের টাকা বা দামি জিনিস, এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত সময় কাটানো—এসব পর্যবেক্ষণের অংশ।

এই পাঁচটি ক্ষেত্র মিলিয়ে মোট ২০টি risk item রয়েছে।

কীভাবে স্কোর করবেন?

প্রতিটি ঝুঁকিসংকেতের জন্য খুব সহজ তিন-পয়েন্ট স্কোর ব্যবহৃত হয়েছে:

০ = দেখা যায়নি
১ = মাঝে মাঝে দেখা যায় / নিশ্চিত নই
২ = বারবার বা স্পষ্টভাবে দেখা যায়

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো—একটি আচরণ দেখেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। একদিন রাগ করা, নতুন বন্ধু তৈরি করা, ফলাফল কমে যাওয়া বা রাতে ফোন ব্যবহার করা—এসব কোনো শিশুকে “গ্যাং ঝুঁকিতে” প্রমাণ করে না। দেখতে হবে— পরিবর্তনটি নতুন কি না, বারবার হচ্ছে কি না, অন্য ঝুঁকিসংকেতের সঙ্গে মিলছে কি না এবং সময়ের সঙ্গে বাড়ছে কি না।

স্কেলটি তাই গত প্রায় তিন মাসের আচরণগত pattern বিবেচনা করে পূরণ করাই উত্তম।

মোট স্কোর কী বলবে?

KGRS–PTB-এর ২০টি risk item-এর সর্বোচ্চ মোট স্কোর ৪০। Pilot ব্যবহারিক ব্যাখ্যায় স্কোরকে চারটি স্তরে ভাগ করা হয়েছে:

০–৭: Green — কম দৃশ্যমান ঝুঁকি
এ পর্যায়ে নিয়মিত পারিবারিক যোগাযোগ, school engagement এবং protective activities বজায় রাখাই মূল কাজ।

৮–১৫: Yellow — উদীয়মান উদ্বেগ
এখানে সন্তানের সঙ্গে বিচারহীন কথোপকথন, parent–teacher communication এবং দুর্বল protective factors শক্তিশালী করা দরকার।

১৬–২৪: Orange — উল্লেখযোগ্য উদ্বেগ
এ পর্যায়ে কাঠামোবদ্ধ intervention, counsellor, psychologist, social worker বা উপযুক্ত পেশাজীবীর পরামর্শ বিবেচনা করা উচিত।

২৫–৪০: Red — উচ্চ উদ্বেগ
এটি multidimensional assessment এবং প্রয়োজন অনুযায়ী পরিবার, বিদ্যালয় ও professional support-এর সমন্বিত পদক্ষেপের সংকেত।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সতর্কতা রয়েছে।

এই score band-গুলো বর্তমানে field-pilot interpretation। এগুলো এখনো বাংলাদেশি বৃহৎ নমুনায় psychometrically validated clinical cut-off নয়। তাই “স্কোর ১৮, অর্থাৎ সে অপরাধী”—এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল হবে।

স্কোরের উদ্দেশ্য হলো ঝুঁকির picture তৈরি করা, ভবিষ্যৎ অপরাধ predict করা নয়।

শুধু ঝুঁকি নয়, শিশুর শক্তিও মাপা হয়

KGRS–PTB-এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—এটি শুধু সমস্যা খোঁজে না; protective factors, অর্থাৎ শিশুকে বিপদ থেকে রক্ষা করতে পারে এমন শক্তিও মূল্যায়ন করে। এখানে ১০টি protective factor রয়েছে। যেমন:

  • বাবা-মায়ের সঙ্গে বিশ্বাসভিত্তিক সম্পর্ক;
  • অন্তত একজন trusted adult;
  • caring teacher বা mentor;
  • ভালো বন্ধু;
  • বিদ্যালয়ের সঙ্গে ইতিবাচক সংযোগ;
  • খেলাধুলা, সংস্কৃতি, debate, volunteering বা club activity;
  • ভবিষ্যৎ নিয়ে আশা;
  • conflict resolution skill;
  • ভুল স্বীকার করার ক্ষমতা;
  • আচরণ পরিবর্তনের সক্ষমতা।

Protective score-এর সর্বোচ্চ মান ২০।

এখানেই স্কেলটির একটি বড় ব্যবহারিক সুবিধা রয়েছে।

ধরা যাক, কোনো শিশুর Risk Score ২২/৪০। কিন্তু Protective Score ১৮/২০।

এর অর্থ এই নয় যে ২২ থেকে ১৮ বাদ দিয়ে risk score ৪ হয়ে গেল। বরং এর মানে—ঝুঁকি আছে, কিন্তু শিশুটির জীবনে এমন অনেক সম্পর্ক ও সম্পদও আছে যেগুলো ব্যবহার করে intervention সফল করা সম্ভব।

অন্যদিকে Risk Score ৯ হলেও Protective Score যদি ৩ হয়, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ এখনো বড় অপরাধী আচরণ দেখা না গেলেও শিশুটি খুব কম সামাজিক সুরক্ষার মধ্যে আছে।

একটি স্কোর নয়—একটি Risk Profile তৈরি করুন

ধরা যাক, একজন শিশুর মোট Risk Score ২০। শুধু “২০” লিখলে আমরা খুব বেশি কিছু জানি না।

কিন্তু যদি দেখা যায়—

  • Behaviour: ২/৮
  • Peer Risk: ৭/৮
  • Family/Monitoring: ৫/৮
  • School: ২/৮
  • Digital/Community Risk: ৪/৮

তখন picture পরিষ্কার।

এই শিশুর প্রধান সমস্যা aggression নয়। সবচেয়ে বড় intervention target হলো বন্ধুবৃত্ত, parental monitoring এবং digital/community exposure। অর্থাৎ KGRS–PTB শুধু বলে না—“ঝুঁকি আছে।”

এটি আরও সাহায্য করে বুঝতে—“ঝুঁকিটা কোথায়?”

আর সেই কারণেই এটি intervention planning-এর জন্য কার্যকর হতে পারে।

অভিভাবক ও শিক্ষক আলাদাভাবে পূরণ করবেন কেন?

একটি শিশুর আচরণ সব জায়গায় একই রকম নাও হতে পারে। বাড়িতে শান্ত, স্কুলে আক্রমণাত্মক। অথবা স্কুলে ভালো, কিন্তু স্কুলের বাইরে ঝুঁকিপূর্ণ peer group-এর সঙ্গে সময় কাটাচ্ছে। তাই KGRS–PTB ideally অভিভাবক ও শিক্ষক স্বাধীনভাবে পূরণ করবেন।

ধরা যাক—

  • Parent Score: ৮/৪০
  • Teacher Score: ২২/৪০

তখন প্রশ্ন হবে না—“কে ঠিক?”

বরং প্রশ্ন হবে—“স্কুলে কী ঘটছে যা পরিবার দেখতে পাচ্ছে না?”

আবার যদি Parent Score ২৪ এবং Teacher Score ৭ হয়, তাহলে দেখা দরকার—স্কুলের বাইরে, পাড়া, online space বা peer network-এ কী ঘটছে।—এই comparison অনেক সময় risk assessment-এর সবচেয়ে মূল্যবান অংশ হয়ে উঠতে পারে।

কখন স্কোর না দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে?

KGRS–PTB-তে একটি Red Flag Override রাখা হয়েছে। অর্থাৎ কিছু আচরণ এত গুরুতর যে মোট score কম হলেও তাৎক্ষণিক safety assessment দরকার। যেমন—

  • অস্ত্র বহন বা অস্ত্র ব্যবহার;
  • কাউকে হত্যার বা গুরুতর আঘাতের বিশ্বাসযোগ্য হুমকি;
  • ছিনতাই, robbery বা extortion;
  • মাদক বিক্রি;
  • গুরুতর assault;
  • অপরাধী network-এর হয়ে কাজ করা;
  • gang/group-এ যোগ দিতে coercion;
  • gang থেকে বের হলে প্রতিশোধের ভয়;
  • গুরুতর sexual exploitation;
  • দীর্ঘ সময় নিখোঁজ থাকা;
  • নিজের বা অন্যের জীবন তাৎক্ষণিক ঝুঁকিতে থাকা।

এই অবস্থায় “স্কোর কত?”—এটি মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন— “শিশুটিকে এখন নিরাপদ রাখব কীভাবে?”

স্কেল পূরণ করার পর কী করবেন?

KGRS–PTB-এর মূল দর্শন হলো—
Risk → Protection → Action → Review

অর্থাৎ প্রথমে ঝুঁকি বোঝা হবে। তারপর দেখা হবে কী protective factor আছে বা কোথায় ঘাটতি।  তারপর একটি বাস্তবসম্মত support plan তৈরি হবে।

শেষে নির্দিষ্ট সময় পর পুনরায় মূল্যায়ন করা হবে। উদাহরণ হিসেবে—

  • যদি Peer Risk বেশি হয়, তাহলে safe peer mapping, mentor, prosocial group এবং প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ বন্ধুবৃত্ত থেকে নিরাপদ separation গুরুত্বপূর্ণ হতে পারে।
  • যদি Family Risk বেশি হয়, তাহলে parent–child communication, নিয়মিত monitoring এবং consistent boundaries প্রয়োজন।
  • যদি School Risk বেশি হয়, তাহলে attendance support, anti-bullying action, caring teacher এবং learning support দরকার।
  • যদি Digital/Community Risk বেশি হয়, তাহলে digital safety plan, substance screening এবং নিরাপদ community activities-এর সুযোগ তৈরি করা প্রয়োজন।

শিশুর নিজের কথা না শুনলে মূল্যায়ন অসম্পূর্ণ

অভিভাবক এবং শিক্ষক অনেক কিছু দেখেন। কিন্তু সবকিছু দেখেন না। তাই KGRS–PTB booklet-এ child/adolescent voice-এর জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। শিশুকে জিজ্ঞেস করা যেতে পারে—

  • “এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় সমস্যা কী?”
  • “কেউ কি তোমাকে এমন কিছু করতে চাপ দিচ্ছে যা তুমি করতে চাও না?”
  • “কোন বন্ধুর সঙ্গে থাকলে তুমি সবচেয়ে নিরাপদ বোধ কর?”
  • “কোন প্রাপ্তবয়স্ককে সবচেয়ে বেশি বিশ্বাস কর?”
  • “স্কুল বা বাড়িতে একটি জিনিস বদলাতে পারলে কী বদলাতে?”

এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় স্কোরের চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ কোনো শিশু “খারাপ” হয়ে যায়নি—হয়তো সে ভয় পাচ্ছে। হয়তো তাকে exploit করা হচ্ছে। হয়তো bullying-এর শিকার। হয়তো acceptance পাওয়ার জন্য এমন দলের সঙ্গে যাচ্ছে যেখান থেকে বের হতে পারছে না।

স্কেলটি কীভাবে ব্যবহার করা উচিত নয়

KGRS–PTB কখনোই ব্যবহার করা উচিত নয়—

  • কাউকে প্রকাশ্যে “গ্যাং সদস্য” ঘোষণা করতে;
  • শাস্তির justification হিসেবে;
  • স্কুল থেকে বহিষ্কার করতে;
  • পুলিশি profiling করতে;
  • সামাজিকভাবে অপমান করতে;
  • social media-তে নাম প্রকাশ করতে;
  • কোনো একটি পোশাক, hairstyle, ধর্ম, শ্রেণি বা এলাকার ভিত্তিতে শিশুকে সন্দেহ করতে।

স্কেলের তথ্য গোপনীয় রাখা উচিত। অবশ্যই Need-to-know principle অনুসরণ করা জরুরি—অর্থাৎ যে পেশাজীবীর কাজের জন্য যতটুকু তথ্য দরকার, শুধু ততটুকুই শেয়ার করা হবে। Community meeting, উঠান বৈঠক বা parent meeting কখনোই কোনো নির্দিষ্ট শিশুর case discussion-এর জায়গা হওয়া উচিত নয়।

কতদিন পর আবার স্কেল ব্যবহার করবেন?

স্কেলটির একটি বড় সুবিধা হলো progress tracking।

একজন শিশুর score যদি হয়—

  • প্রথম মূল্যায়ন: ২২/৪০
  • ছয় সপ্তাহ পর: ১৭/৪০
  • আরও ছয় সপ্তাহ পর: ১১/৪০

তাহলে বোঝা যায় intervention-এর পর ঝুঁকিসংকেত কমছে।

আবার যদি score হয়— ১২ → ১৮ → ২৫

তাহলে support intensify করার প্রয়োজন আছে।

সাধারণভাবে—

  • Green level: প্রয়োজন অনুযায়ী বা প্রায় ছয় মাস পর;
  • Yellow: ৬–৮ সপ্তাহ পর;
  • Orange: ৪–৬ সপ্তাহ পর;
  • Red: professional safety plan অনুযায়ী

RE-ASSESSMENT করা যেতে পারে।

একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: এটি diagnosis নয়

KGRS–PTB বর্তমানে একটি Research-Informed Field-Pilot Screening Instrument। তবে মনে রাখতে হবে, এটি psychiatric diagnosis নয়। এটি clinical violence-risk assessment-এর বিকল্প নয়। এবং এটি ভবিষ্যতে কোনো শিশু অপরাধ করবে কি না, সেটি নিশ্চিতভাবে predict করতে পারে না। —এই কারণে score ব্যবহার করতে হবে decision-support tool হিসেবে, decision-maker হিসেবে নয়।

বাংলাদেশে বড় sample-এর ওপর psychometric validation, reliability testing, factor analysis, sensitivity–specificity এবং normative cut-off নির্ধারণের পর এর বৈজ্ঞানিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

শেষ কথা: স্কেলটির সবচেয়ে বড় উদ্দেশ্য ‘ধরা’ নয়, ‘আগে বুঝতে পারা’

কোনো বাবা-মা চান না একদিন হঠাৎ জানতে—তাঁর সন্তান দীর্ঘদিন ধরে এমন একটি জগতে ঢুকে পড়েছিল, যার কিছুই তিনি জানতেন না।

কোনো শিক্ষকও চান না—একজন শিক্ষার্থীর আচরণের পরিবর্তন মাসের পর মাস চোখের সামনে ঘটেছে, অথচ কেউ গুরুত্ব দেয়নি।

KGRS–PTB-এর উদ্দেশ্য কোনো শিশুকে অপরাধী খোঁজা নয়। বরং—আগে দেখা; আগে কথা বলা; আগে সাহায্য করা; এবং প্রয়োজন হলে আগে হস্তক্ষেপ করা।

যদি একটি scale একজন মা-বাবাকে সময়মতো একটি অতিরিক্ত প্রশ্ন করতে শেখায়—“কী হয়েছে? আমাকে বলো, আগে তোমার কথা শুনব।”

যদি একজন শিক্ষক বুঝতে পারেন—“এই শিশুটি শুধু দুষ্টুমি করছে না; হয়তো সাহায্য চাইছে”—তাহলেই এই ধরনের screening tool-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক উদ্দেশ্য পূরণ হবে।

👉 KGRS–PTB সম্পূর্ণ Print-Ready Parent/Teacher Bangladesh Version দেখতে ও ব্যবহার করতে ক্লিক করুন: https://bit.ly/4d7AO68

বিশেষ অনুরোধ:

আপনি যদি KGRS–PTB স্কেলটি কোনো শিশু বা কিশোরের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে সম্ভব হলে ব্যবহারের অভিজ্ঞতা, স্কোরের ধরণ, কোন অংশগুলো ব্যবহার করতে সহজ বা কঠিন লেগেছে, এবং স্কেলটি বাস্তবে কতটা সহায়ক হয়েছে—এসব বিষয়ে আমাদের জানাবেন। আপনার মতামত, পর্যবেক্ষণ ও feedback ভবিষ্যতে এই স্কেলটির ভাষা, scoring system, risk indicators, protective factors এবং intervention guidance আরও উন্নত, নির্ভরযোগ্য ও বাংলাদেশ-উপযোগী করতে সহায়তা করবে।
তবে শিশুর নাম, ছবি, ঠিকানা, স্কুলের নাম বা অন্য কোনো ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য পাঠাবেন না। প্রয়োজন হলে কেবল anonymised বা পরিচয়বিহীন ফলাফল ও অভিজ্ঞতা শেয়ার করুন। কেননা আপনার বাস্তব অভিজ্ঞতাই KGRS–PTB-এর পরবর্তী উন্নয়ন ও validation-এর সবচেয়ে মূল্যবান ভিত্তি হতে পারে।

লেখক: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু, উপদেষ্টা, অধিকারপত্র, odhikarpatranews@gmail.com

#KGRS–PTB #আরকতঅপ্রতীম #কিশোরগ্যাং #শিশুসুরক্ষা #কিশোরমনোবিজ্ঞান #ঝুঁকিপূর্ণআচরণ #অভিভাবকসচেতনতা #শিক্ষকেরভূমিকা #বিদ্যালয়সুরক্ষা #কিশোরসহিংসতা #মানসিকস্বাস্থ্য #পারিবারিকযোগাযোগ #সামাজিকদায়বদ্ধতা #অধিকারপত্র #বিশেষঅনুসন্ধানীফিচার #দেশচিন্তা #YouthGang #ChildProtection #AdolescentPsychology #ParentingAwareness #SchoolSafety #YouthViolencePrevention #OdhikarPatra