অধিকারপত্র ডটকম: রাজনৈতিক ডেক্স :
অধিকারপত্র বিশেষ প্রতিনিধি :
রাজধানীর মিরপুরে হামলা ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি অভিযোগ করে বলেছেন, কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র ইন্ধন না থাকলে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এত বড় হামলা চালানোর সাহস থাকার কথা নয়।
মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, গরিব মানুষ, বিশেষ করে মা ও প্রসূতিদের চিকিৎসাসেবা দেওয়া একটি অলাভজনক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষ্য, বাংলাদেশ তো বটেই, পাকিস্তান আমলেও কোনো সেবামূলক হাসপাতালের ওপর এ ধরনের বর্বর হামলার কথা তিনি জানেন না।
তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, এর পেছনে কারা রয়েছে এবং হামলাকারীদের শেকড় কোথায়—তা খুঁজে বের করতে হবে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
হামলার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি অভিযোগ করেন, প্রায় তিন ঘণ্টা ধরে হামলা চললেও মাত্র আধা কিলোমিটার দূরে থাকা থানা থেকে পুলিশ সময়মতো ঘটনাস্থলে আসেনি।
এমনকি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
‘সরকার নির্লিপ্ত থাকলে আস্থার সংকট তৈরি হবে’
দেশে কাঠামোগত সংস্কারের কথা বলা হলেও মানুষের দৈনন্দিন জীবন ও মৌলিক নিরাপত্তার ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন মান্না।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের আলোচনা হলেও মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত মৌলিক বিষয়গুলোতে দৃশ্যমান পরিবর্তন খুবই সীমিত।
স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতার প্রশংসা করে মান্না বলেন, সরকার যদি এ ধরনের ঘটনায় নির্লিপ্ত থাকে, তাহলে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হতে পারে।
গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনাও ঘটছে উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সরকারের প্রতি এসব বিশৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
৩ ঘণ্টা ধরে হামলা, ৯৯৯-এ ফোন করেও সাড়া মেলেনি! মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র নিয়ে বিস্ফোরক মন্তব্য মান্নার
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহমুদুর রহমান মান্নার!
রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন—কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র ইন্ধন ছাড়া সন্ত্রাসীদের এত বড় হামলা চালানোর সাহস থাকার কথা নয়।
তার দাবি, প্রায় তিন ঘণ্টা ধরে হামলা চললেও কাছের থানা থেকে পুলিশ সময়মতো আসেনি। এমনকি ৯৯৯-এ একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
মান্না হামলার নেপথ্যে কারা রয়েছে, তা তদন্ত করে বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মিরপুরের এই ঘটনায় আপনার মতামত কী?
🔑
#মিরপুর #স্বাস্থ্যকেন্দ্রে_হামলা #মাহমুদুর_রহমান_মান্না #রাড্ডা_স্বাস্থ্যকেন্দ্র #নাগরিক_ঐক্য #মিরপুর_হামলা #লুটপাট #পুলিশ #৯৯৯ #ঢাকা #আইনশৃঙ্খলা #অধিকারপত্র
