অধিকারপত্র ডটকম, জাতীয় ডেক্স:
ঢাকা | ২১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। একই সঙ্গে নিহতের পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
নিহত মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার দলনেতা ও ইমাম ছিলেন।
১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলা
বাসসের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশের ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলার সদস্যরা। এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি ওমরাহযাত্রী নাসরুল্লাহ নিহত হন। কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।
হামলার খবর পাওয়ার পর ধর্মমন্ত্রী কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেন। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও তিনি সার্বক্ষণিকভাবে তাঁদের খোঁজখবর রাখেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলায় যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়ায় তাঁদের খাবার ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবাসনের বিষয়েও সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়।
নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তা
নাসরুল্লাহ বদরপুরির পরিবারের খোঁজ নিতে গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লার নাঙ্গলকোটের বদরপুরে তাঁর বাড়িতে যায়। এ সময় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
নিহতের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরিবারের সঙ্গে ফোনালাপে ধর্মমন্ত্রী নাসরুল্লাহর মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারটিকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি।
দেশে ফিরেছেন ৩৩ ওমরাহযাত্রী
হামলার শিকার ৪৫ সদস্যের কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে দেশে ফেরা যাত্রীদের অভ্যর্থনা জানান।
এ সময় সাংবাদিকদের ছাদেক আহমদ বলেন, ধর্মমন্ত্রীর নির্দেশনায় দেশে ফেরা ওমরাহযাত্রীদের অভ্যর্থনা জানাতে তাঁরা বিমানবন্দরে এসেছেন। মন্ত্রী ব্যক্তিগতভাবে তাঁদের নৈশভোজের ব্যবস্থা করেছেন। পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ মাদরাসা ও বাড়িতে পৌঁছে দিতে পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী সময়েও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
দেশে ফেরা ওমরাহযাত্রীরা বিপদের সময় পাশে থাকা এবং সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তাঁরা বলেন, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী নিয়মিত তাঁদের খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছেন এবং দেশে ফেরার পর নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহনের ব্যবস্থা করেছেন।
সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসা, আবাসন ও অন্যান্য সহায়তা দেওয়ায় দেশটির সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
বিমানবন্দরে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব আকরাম হোসাইনের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ, জামেয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
