odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd November 2026, ৩rd November ২০২৬
প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে তাঁকে বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার আখ্যা দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আবেগঘন পোস্ট ভক্তদের নজর কেড়েছে।

জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী

অধিকার পত্র বিনোদন | প্রকাশিত: ৩ November ২০২৬ ১৩:১৭

অধিকার পত্র বিনোদন
প্রকাশিত: ৩ November ২০২৬ ১৩:১৭

অধিকারপত্র ডটকম অনলাইন ডেস্ক, 

বিনোদন প্রতিবেদক :

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমীর ৫৩তম জন্মদিন। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

স্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর কয়েকটি ছবির সমন্বয়ে তৈরি একটি কোলাজ প্রকাশ করেন ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’

ওমর সানীর এই ছোট্ট অথচ আবেগঘন শুভেচ্ছাবার্তায় ফুটে উঠেছে স্ত্রী মৌসুমীর প্রতি তাঁর ভালোবাসা এবং চলচ্চিত্রে মৌসুমীর দীর্ঘদিনের অবদানের প্রতি সম্মান।

এদিকে জন্মদিন উপলক্ষে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে স্ত্রীর সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও সম্মান কামনা করে দোয়া করেছেন ওমর সানী। তিনি মৌসুমীকে নিজের পরিবারের তাজ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মৌসুমীর জন্মদিন উপলক্ষে ভক্তদের আয়োজনে বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন।

জানা গেছে, মৌসুমী ও তাঁর মেয়ে ফাইজার জন্মদিন উপলক্ষে আগামী ৪ নভেম্বর সাভারের হেমায়েতপুরে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণের আয়োজন করেছে মৌসুমী ফ্যান ক্লাব। এই আয়োজন সফল করতে সবার কাছে দোয়া চেয়েছেন ওমর সানী।

১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন আরিফা পারভীন জামান মৌসুমী। নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে নিজের অভিনয় প্রতিভা ও সৌন্দর্য দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। প্রথম চলচ্চিত্রেই দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি।

পরবর্তী সময়ে ‘দোলা’, ‘দেনমোহর’, ‘আম্মাজান’, ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’, ‘খায়রুন সুন্দরী’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান সুদৃঢ় করেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাতেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অবদান রেখে চলেছেন মৌসুমী। অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

জন্মদিনে স্বামী ওমর সানীর এমন ভালোবাসাপূর্ণ শুভেচ্ছাবার্তা এবং ভক্তদের ভালোবাসায় বিশেষভাবে আলোচনায় এসেছেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী।

অধিকার পত্র ডটকম পরিবারের পক্ষ থেকেও প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।