odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 10th November 2026, ১০th November ২০২৬
সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর; বাংলাদেশের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে ৫ হাজার কোটা বাড়ানো হয়েছে।

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল আরও ৫ হাজার, সুযোগ পাবেন ৮৩ হাজার ৫০০ জন

odhikarpatra | প্রকাশিত: ১০ November ২০২৬ ২১:১১

odhikarpatra
প্রকাশিত: ১০ November ২০২৬ ২১:১১

অধিকারপত্র | নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের পবিত্র হজে বাংলাদেশি হজযাত্রীদের জন্য আরও ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি আরব সরকার। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

সোমবার (১০ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ নতুন কোটা নির্ধারণ করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে দৈনিক সমকাল।

চুক্তিতে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে দুই দেশের মন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে হজযাত্রীর কোটা বাড়ানোর বিশেষ অনুরোধ জানানো হলে সৌদি আরব তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বাড়াতে সম্মত হয়।

ধর্মমন্ত্রী জানান, চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনের কোটা নির্ধারিত ছিল। নতুন করে ৫ হাজার কোটা বাড়ানোয় ২০২৭ সালে বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

তিনি আরও জানান, সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতা সীমিত থাকায় হজের কোটা বাড়ানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী বাংলাদেশের ধর্মমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সেবার মান উন্নত করা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

২০২৭ সালের হজে কোটা বৃদ্ধির ফলে বাংলাদেশ থেকে আরও বেশি মানুষের পবিত্র হজ পালনের সুযোগ তৈরি হলো।

#হজ২০২৭ #বাংলাদেশেরহজকোটা #সৌদিআরব #হজচুক্তি #ধর্মমন্ত্রণালয় #Hajj2027 #Bangladesh