odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 19th November 2026, ১৯th November ২০২৬
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের বিরুদ্ধে। একই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকেও মারধর ও দপ্তরে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

জগন্নাথের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

odhikarpatra | প্রকাশিত: ১৯ November ২০২৬ ০৩:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১৯ November ২০২৬ ০৩:৩৪

অধিকারপত্র ডটকম / বিশব্বিদ্যালয় ডেক্স /

ববি প্রতিবেদক | ১৯ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের বিরুদ্ধে।

বুধবার (১৮ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত ব্যক্তিরাও বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসব কর্মকাণ্ড হতে দেওয়া হবে না।

শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রচলিত আইনে তাঁদের বিচার হবে।

এর আগে গত সোমবার একই ধরনের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে শাখা ছাত্রদল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করে।

ইসলামী বিশ্ববিদ্যালয়েও দুই কর্মকর্তাকে মারধর

এদিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই কর্মকর্তাকে মারধর এবং প্রশাসন ভবনের গোপনীয় শাখার কক্ষের দরজা ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার সংগঠনটির শাখা আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

মারধরের শিকার দুই কর্মকর্তা হলেন সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস এবং আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন দাবি করেন, চন্দন কুমারের বিরুদ্ধে ছাত্রলীগকে অর্থ দিয়ে হামলায় সহযোগিতা করার বিষয়ে তাঁদের কাছে তথ্য রয়েছে। তাঁরা তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে ছাত্রলীগের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করার সময় দেখতে পান বলে দাবি করেন।

এ সময় তাঁর মুঠোফোন পরীক্ষা করতে চাইলে তিনি তা দিতে রাজি হননি। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে চড়-থাপ্পড় মারেন বলে স্বীকার করেন ছাত্রদল নেতা।

অন্য কর্মকর্তা মেহেদী হাসানকে মারধরের ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় পরবর্তী সময়ে ওই কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান।

একাধিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে এ ধরনের হামলা ও মারধরের ঘটনায় শিক্ষাঙ্গনের প্রশাসনিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

 

একের পর এক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের ওপর হামলা, এবার বরিশাল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে মারধর

#বরিশালবিশ্ববিদ্যালয় #ববি #ছাত্রদল #জগন্নাথবিশ্ববিদ্যালয় #ইসলামীবিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয় #বাংলাদেশ #Odhikarpatra #OdhikarpatraDotCom