প্রকাশ: ৩১ মে ২০২৬ | নিজস্ব প্রতিবেদক
অধিকার পত্র ডটকম:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নামাজের সময় মাইকে উচ্চস্বরে গান বাজানো নিয়ে বিরোধের জেরে এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের সাবেক ইমামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তার ডান চোখে গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) মাগরিবের নামাজ চলাকালে গফরগাঁওয়ের পুখুরিয়া এলাকায় একটি মেলা উপলক্ষে উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। এ সময় পুখুরিয়া হুদা মহিউসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা ইউসুফ আলী শব্দ কমানোর অনুরোধ জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সাইফুর রহমান ঢালী তাকে রড দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
আহত ইউসুফ আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী জানান, ফরজ নামাজ শেষে তিনি বাইরে এসে গান আস্তে বাজানোর অনুরোধ করেছিলেন, যাতে মুসল্লিদের নামাজে ব্যাঘাত না ঘটে। তার দাবি, এ কথার জেরে অভিযুক্ত ব্যক্তি একটি রড এনে তার চোখ ও মাথায় আঘাত করেন। এতে তিনি অজ্ঞান হয়ে যান। বর্তমানে তিনি ডান চোখে দেখতে পাচ্ছেন না বলেও জানান।
আহতের ছোট ভাই ইউনুস আলী বলেন, তার ভাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চার সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ আলী এলাকায় একজন সম্মানিত শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার ওপর হামলার ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত সাইফুর রহমান ঢালী এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে তার পরিবারের পক্ষ থেকেও ঘটনার বিচার দাবি করা হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. ফয়সাল কাদের শাহ চৌধুরী বলেন, রডের আঘাতে চোখের ব্যাপক ক্ষতি হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে চোখের পাতা পুনঃস্থাপনের চেষ্টা করা হবে। পরবর্তী চিকিৎসা ও পর্যবেক্ষণের পর চোখের স্থায়ী ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ময়মনসিংহ গফরগাঁও মাওলানা ইউসুফ আলী মাদ্রাসাশিক্ষক হামলা চোখে আঘাত সাইফুর রহমান ঢালী মামলা পুলিশ অভিযান।

আপনার মূল্যবান মতামত দিন: