odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 15th November 2026, ১৫th November ২০২৬
প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ; চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার আহ্বান।

দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৬ ২২:৪১

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৬ ২২:৪১

নিউজ ডেক: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে দক্ষ চিকিৎসক ও বিশেষজ্ঞ জনবল বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে প্রত্যন্ত অঞ্চলেও যথাযথ অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া সম্ভব।

নিউজ প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬: বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (বিএসএসিসিপিপি) আয়োজনে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও যথাযথ অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি জানান, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। বর্তমানে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন।

দেশের ৬৪টি জেলা, ৫৩টি প্রশাসনিক অঞ্চল, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের সংকট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, দীর্ঘদিনের অবহেলার কারণে হাজার হাজার মানুষ স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন।

অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, তারা শুধু অপারেশন থিয়েটারেই দায়িত্ব পালন করেন না; সামগ্রিক স্বাস্থ্যসেবায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অস্ত্রোপচারের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, ক্রিটিক্যাল কেয়ার প্রদান এবং জীবন রক্ষায় তাদের অবদান অপরিহার্য।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা শুধু অবকাঠামো ও প্রযুক্তির ওপর নির্ভর করে গড়ে ওঠে না। এর জন্য প্রয়োজন দক্ষ, অনুপ্রাণিত এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়া পেশাজীবী।

চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, চিকিৎসকদের কর্মপরিবেশ ও পেশাগত সুরক্ষা রোগীদের উন্নত ও নিরাপদ সেবা প্রদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

অ্যানেস্থেশিয়া, ইনটেনসিভ কেয়ার এবং পেইন মেডিসিনের মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলেও জানান তিনি।

সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট অ্যানেস্থেসিওলজিস্ট, চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যানেস্থেসিওলজিস্টস: বিয়ন্ড দ্য অপারেটিং থিয়েটার’।

সম্মেলনে অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন মেডিসিনের সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

আয়োজকদের মতে, এ সম্মেলন বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, বিশেষজ্ঞ চিকিৎসাসেবার মানোন্নয়নে সুপারিশ প্রণয়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং দেশের প্রতিটি প্রান্তে স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

সম্মেলনে তিনজন চিকিৎসককে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া একজন চিকিৎসককে রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল এবং চারজন চিকিৎসককে এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বের কথা জানালেন জুবাইদা রহমান

 দেশের প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবা পৌঁছে দিতে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।

#জুবাইদা_রহমান #স্বাস্থ্যসেবা #অ্যানেস্থেসিওলজি #চিকিৎসক #স্বাস্থ্যখাত #বাংলাদেশ #অস্ত্রোপচার #অধিকারপত্র