শেরপুর, ২১ নভেম্বর ২০২৬: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১৪ নভেম্বর (শনিবার) জেলা শহরসহ পাঁচটি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ২৯৫টি স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে সর্বমোট ৩ হাজার ৩৪৯ জন অংশগ্রহণ করেন।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, শেরপুর সদর উপজেলায় ১৫১টি স্থানে ১ হাজার ১৮০ জন, নকলা উপজেলায় ৫৬টি স্থানে ৫৮১ জন, শ্রীবরদী উপজেলায় ৩০টি স্থানে ৫৭০ জন, ঝিনাইগাতী উপজেলায় ১৩টি স্থানে ১৪৮ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ৪৫টি স্থানে ৮৭০ জন এ কর্মসূচিতে অংশ নেন।
শেরপুর জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
এ ছাড়া অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের পরিবেশে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
