অধিকার পত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩ জুন : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত কমিটি তাদের অনুসন্ধান প্রতিবেদন মন্ত্রীর কাছে হস্তান্তর করেছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পৃথক তদন্ত কমিটি আগামী বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে। একই দিন বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে এ বিষয়ে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে এর কারণ অনুসন্ধানে পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরও পৃথক তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি, অবহেলা বা ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার বিষয় খতিয়ে দেখতে নিজস্ব তদন্ত কমিটি গঠন করে।
হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এখন স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ এবং দায়-দায়িত্ব সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা
#অধিকারপত্র #আদদ্বীনহাসপাতাল #নবজাতকমৃত্যু #স্বাস্থ্যমন্ত্রণালয় #স্বাস্থ্যঅধিদপ্তর #তদন্তপ্রতিবেদন #মগবাজার #বাংলাদেশ
স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল ব্যবস্থাপনা তদন্ত প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী নবজাতকের মৃত্যু আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আপনার মূল্যবান মতামত দিন: