অধিকারপত্র ডটকম ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
এ সময় সরকারের বিরুদ্ধে জনগণের দেওয়া রায় উপেক্ষা এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি এবং জনগণের গণরায় উপেক্ষা করেছে।
সংসদে বিভিন্ন বিল পাসের সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া মতামতের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের মতামত সরকার আমলে নেয়নি। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তা প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ায় মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে জনগণের ভোটের রায় উপেক্ষা করা হলে সেটিও তারা মেনে নেবেন না বলে জানান তিনি।
সংস্কার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না। সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও জনগণের রায় থেকে তারা সরে দাঁড়াবেন না।
সরকারের কর্মকাণ্ডের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সরকার ভালো কাজ করলে জামায়াতে ইসলামী সমর্থন করবে। আর খারাপ কাজ করলে তার বিরোধিতা করা হবে এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিষয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, র্যাব জাতির সঙ্গে চরম অন্যায় করেছে বলেই তারা এর বিলুপ্তি চেয়েছিলেন। কিন্তু পুরোনো সদস্য ও আগের কার্যক্রম বহাল রেখে নতুন নামে এসআরবি গঠন করা হয়েছে।
এ ছাড়া সম্পদ বণ্টন আইন নিয়েও আপত্তি জানান ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, কোরআনের বিধানের বিপরীতে এই আইন করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, এমন দুঃসাহস ইংরেজ শাসকরাও করেনি।

আপনার মূল্যবান মতামত দিন: