শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের তাগিদ
অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জুবাইদা রহমান বলেন, শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক এবং জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে বিকশিত করতে প্রয়োজন একটি মুক্ত ও সহায়ক পরিবেশ।
তিনি বলেন, প্রতিটি শিশুর জীবন নানা স্বপ্ন ও আকাঙ্ক্ষায় ভরপুর। তাদের জন্য সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের নিশ্চয়তা, সবুজ খোলা মাঠে খেলাধুলা এবং প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো শিশু যেন অবহেলায় ঝরে না পড়ে এবং প্রত্যেক শিশু যেন পরিবার ও অভিভাবকের কাছে নিরাপদ থাকে—এ বিষয়েও গুরুত্ব দেন তিনি।
শিশুদের উৎকর্ষ সাধনে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং পরবর্তীতে কন্যাশিশুদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের নিজেদের প্রতিভা ও শ্রেষ্ঠত্ব প্রকাশের সুযোগ করে দিতে হবে।
‘ব্লু স্কাই’ স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে জুবাইদা রহমান বলেন, যথাযথ প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে শিশুরা তাদের অসীম প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। দলগতভাবে সাফল্য অর্জন এবং খেলাধুলার চর্চা শিশুদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে আত্মবিশ্বাস ও মনোবল জোগাবে।
তিনি বলেন, শিশুরা সমাজ ও রাষ্ট্রের অত্যন্ত মূল্যবান সম্পদ। তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি করা সবার দায়িত্ব। ভবিষ্যতে তারাই নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।
অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন জুবাইদা রহমান। দেশের নারী জনগোষ্ঠীর উন্নয়নে বাফওয়ার প্রশিক্ষণ ও হস্তশিল্পভিত্তিক কার্যক্রমকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এর আগে জুবাইদা রহমান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেন। পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং ‘বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে শিশুরা গান, নৃত্য, ফ্যাশন শোসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি সুবিধা প্রদান এবং নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে বাফওয়ার মানবিক উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স ওমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য রাখেন ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)।
অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিবৃন্দ এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাফওয়া ও আদার্স ওমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের পক্ষ থেকে জুবাইদা রহমানকে শুভেচ্ছা স্মারক ও বিশেষ উপহার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ছবি দেওয়া হয়। পরে বাফওয়ার বিভিন্ন কর্মসূচি এবং ‘ব্লু স্কাই’ স্কুলের কার্যক্রমের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: