রাজবাড়ী, ২১ নভেম্বর ২০২৬: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকার আমন ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় ৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা সদরের বানিবহ, রাজধরপুর ও মূলঘর এলাকার কৃষিজমিতে বৃষ্টির পানি জমে ধান তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আকভানের প্রভাবে গত দুই দিন ধরে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বৃষ্টি বন্ধ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির কারণে কৃষিজমিতে পানি জমেছে। তবে বৃষ্টি বন্ধ হওয়ায় পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে পুরোদমে আমন ধান কাটা ও মাড়াই শুরু হবে।
এদিকে, ধান কাটার মৌসুমের ঠিক আগে জমিতে পানি জমে যাওয়ায় ফসলের ক্ষতি নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
