নিউজ ডেস্ক | অধিকারপত্র
ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলার শিকার রাশিয়াগামী একটি কার্গো জাহাজে এখনো আগুন জ্বলছে। জাহাজটি ডুবে যাওয়া ঠেকাতে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। এ ঘটনায় ইউক্রেনকে সন্দেহ করছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। তবে কিয়েভ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সকালে ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে ‘স্পার্টা-২’ (Sparta II) নামের রুশ কার্গো জাহাজটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। জাহাজটি রাশিয়ার বাল্টিক অঞ্চলের বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের উদ্দেশে যাচ্ছিল। হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে এটি ফিনল্যান্ডের জলসীমায় চলে যায়।
রোববার (২২ নভেম্বর) ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, জাহাজটি যাতে ডুবে না যায়, সে জন্য উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে জাহাজটিতে পানি ছিটানো হচ্ছে। তবে আশপাশের সামুদ্রিক যান চলাচল কিংবা মানুষের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ধার অভিযানে ফিনল্যান্ডের পাশাপাশি এস্তোনিয়া ও রাশিয়ার উদ্ধারকারী সরঞ্জাম ও সদস্যরাও অংশ নিচ্ছেন। কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভাননিখ প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানিয়েছেন, হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কালিনিনগ্রাদের সরবরাহব্যবস্থার ওপর কোনো হুমকি নেই বলে দাবি করেছেন তিনি।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো বলেছেন, ‘যুদ্ধ আমাদের একেবারে কাছাকাছি এলাকায় ছড়িয়ে পড়ছে। আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’
হামলার পর জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া
ফিনল্যান্ডের কোস্ট গার্ড জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে (জিএমটি ৬টা ৫০ মিনিট) তারা জাহাজটিতে হামলার খবর পায়। সে সময় জাহাজটি ফিনল্যান্ড উপসাগরে সুুরসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। ঘটনার পর ওই এলাকায় সাময়িকভাবে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
হামলার কিছুক্ষণ পর ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি রুশ হেলিকপ্টার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার অভিযান অথবা জাহাজটির অবস্থান শনাক্ত করার কার্যক্রমের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হয়।
কালিনিনগ্রাদের গভর্নর জানান, একটি রুশ উদ্ধারকারী জাহাজ ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজটির কাছে পৌঁছালে এর নাবিকেরা জানান, তাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। জাহাজের কর্মীরা প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছেন এবং যাত্রা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে পরে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, জাহাজটির নাবিকদের অন্য একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে। ওই জাহাজটি ইতোমধ্যে রাশিয়ার উদ্দেশে যাত্রা করেছে। অন্যদিকে উদ্ধারকারী রুশ জাহাজটি ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজের কাছেই অবস্থান করছে।
ফিনল্যান্ডের কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এখন পর্যন্ত সমুদ্রে কোনো পরিবেশগত দূষণ শনাক্ত করা যায়নি। পাশাপাশি আশপাশের নৌযান চলাচল ও উপকূলীয় এলাকার মানুষের জন্যও কোনো বিপদের আশঙ্কা নেই।
নিষেধাজ্ঞার তালিকায় ছিল স্পার্টা-২
হামলার শিকার স্পার্টা-২ জাহাজটি আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং চলতি বছরের শুরুতে ইউক্রেন জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি তথ্য অনুযায়ী, জাহাজটি একটি রুশ কোম্পানি পরিচালনা করে। প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামোর অধীনে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সাল থেকে এটি দেশটির সামরিক নির্মাণ খাতের সঙ্গে যুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন জানিয়েছেন, হামলার ঘটনাটি তদন্তের দায়িত্ব দেশটির সীমান্তরক্ষী বাহিনীর। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করে কাজ চলছে। ঘটনাটি সম্পর্কে ন্যাটোকেও অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বাল্টিক সাগরে বাড়ছে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বাল্টিক সাগর অঞ্চল ক্রমেই ভূরাজনৈতিক উত্তেজনার গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে সম্মুখযুদ্ধের এলাকা ছাড়িয়ে দূরপাল্লার হামলা জোরদার করেছে। এরই মধ্যে ফিনল্যান্ড উপসাগরে রুশ জাহাজে ড্রোন হামলার ঘটনা বাল্টিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তবে স্পার্টা-২ জাহাজে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলার পেছনে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র
