, অধিকার পত্র ডটকম
বরিশালের মুলাদীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ওই তিন নেতা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো তিনজন হলেন—মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি স্থানে কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, ১৭ মার্চ কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলার বেশির ভাগ আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করা আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
