অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২৩:২২ |
জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) ভোররাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় সিফাত পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ, পাঁচজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে বাসে উঠে চালক ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় বাসে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন।
বাসের যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪ নম্বরের সিফাত পরিবহনের বাসটি ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে জামালপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে সাইনবোর্ড এলাকায় কয়েকজন যাত্রী নেমে যাওয়ার পর রাত আনুমানিক ৩টার দিকে বাসটি ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়।
যাত্রী নামানোর সময় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে জোর করে বাসে ওঠে বলে অভিযোগ রয়েছে। তাদের একজন চালকের বুকে বড় ছুরি ধরে যাত্রীদের ভয় দেখায়। পরে যাত্রীদের কাছ থেকে একে একে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে তারা বাস থেকে নেমে যায়।
তবে ঠিক কী পরিমাণ নগদ টাকা ও কতগুলো মোবাইল ফোন লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাসচালক ও যাত্রীরা জানান, ডাকাতরা চলে যাওয়ার পর তারা ঘটনাস্থলের অদূরে থাকা ফতুল্লা থানা পুলিশের একটি টহল দলের কাছে বিষয়টি জানান।
সিফাত পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী বিপ্লব জানান, রাত সাড়ে ৩টার দিকে বাসটি নারায়ণগঞ্জ কোর্ট এলাকার কাউন্টারের সামনে পৌঁছালে যাত্রীরা তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা জানান।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির বলেন, বাসে ডাকাতির ঘটনাস্থলের আশপাশেই পুলিশের টহল দল ছিল। তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা পুলিশকে বিষয়টি জানান। যাত্রীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ধারালো অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ফোন লুট করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনায় বাসচালক বা যাত্রীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।
এসআই মিলন ফকিরের ভাষ্য অনুযায়ী, যাত্রীরা ঘটনার সময় অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার দাবি, দুর্বৃত্তদের মধ্যে দুজন বাসের ভেতরে উঠেছিল এবং একজন বাইরে ছিল। তবে যাত্রীদের বর্ণনায় ডাকাত দলের সদস্যসংখ্যা পাঁচজন বলে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে।
#নারায়ণগঞ্জ #বাসে_ডাকাতি #ভূঁইগড় #ফতুল্লা
