হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, দেশে মোট প্রাণহানি ১১৬২
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম :
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
২৪ ঘণ্টায় নতুন রোগী ১ হাজার ২৭৩
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ১৮০ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৩ জন। এ হিসাবে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৫ জন।
নিশ্চিত হামে মৃত্যু ১০৪, উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৫৮ জন। দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৬২।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৪২১ জনের।
হাসপাতালে ভর্তি ১ লাখ ৮২ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৮২ হাজার ৪৭ জন ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
