অধিকারপত্র ডটকম, বিনোদন প্রতিনিধি :
ব্যবসায়িক সংকট ও ব্যাংকঋণ নিয়ে আলোচনার মধ্যে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। স্বামী ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের পাশে দাঁড়িয়ে পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বর্ষা শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লেখেন, তাঁদের দোয়া, ভালোবাসা ও আন্তরিকতা পরিবারকে সাহস ও অনুপ্রেরণা জোগাচ্ছে। এ জন্য সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জীবনের উত্থান-পতনের বাস্তবতা তুলে ধরে বর্ষা লেখেন, ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন—এ বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যেতে চান তাঁরা।
পোস্টে নিজের পাশাপাশি স্বামী অনন্ত জলিল, সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের জন্যও সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী।
তিনি লেখেন, আল্লাহ যেন সবাইকে ভালো ও সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং দেশের প্রতিটি মানুষকে শান্তিতে থাকার তৌফিক দান করেন। পাশাপাশি পরিবারকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করার জন্যও প্রার্থনা করেন তিনি।
বর্ষার এই পোস্ট এমন এক সময়ে এসেছে, যখন অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের ব্যাংকঋণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) প্রতিষ্ঠানটির ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। ব্যাংকের নোটিশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ ছাড়া অনন্ত জলিলের মালিকানাধীন একাধিক কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসা পুনরুদ্ধারে বিনিয়োগকারী ও অংশীদার খোঁজার বিষয়টিও আলোচনায় এসেছে।
এর আগে অনন্ত জলিলও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জন্য দোয়া ও ইতিবাচক বার্তা প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এবার বর্ষার পোস্টেও কঠিন সময়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থনের বিষয়টি উঠে এসেছে।
