odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 13th November 2026, ১৩th November ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুরে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেট কার ও ডলফিন পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের পর ১০টি যানবাহন দুর্ঘটনায় জড়ায়। নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরসহ আহত হন অর্ধশতাধিক মানুষ।

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক

odhikarpatra | প্রকাশিত: ১৩ November ২০২৬ ১৭:৪৬

odhikarpatra
প্রকাশিত: ১৩ November ২০২৬ ১৭:৪৬

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইলিয়াস ফকির (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইজিবাইকসহ অন্তত ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

যেভাবে ঘটল দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেট কারের সঙ্গে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একের পর এক ধাক্কায় বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১০টি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

গুরুতর আহত ২০-২৫ জন, ঢাকায় নেওয়ার পর বিএনপি নেতার মৃত্যু

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন।

পুলিশ জানায়, আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এমপির গাড়িবহরও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত

দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় সংসদ সদস্যের নিজের গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও যানবাহন সরিয়ে নেওয়ার মাধ্যমে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।