নিউজ ডেক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজ প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬: দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে নির্ধারিত ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রয়েছে।
মাউশির মহাপরিচালক বলেন, এর ফলে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে অথবা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতেও সহায়তা করবে।
মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি পত্রের আলোকে রোববার মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এ নির্দেশনা জারি করা হয়।
মাউশির অধীন দেশের সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত খেলাগুলো বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
খেলার তালিকায় রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি।
গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব খেলাধুলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
ডিও লেটারে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল ও কর্মক্ষম জাতি গঠন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অত্যন্ত বেশি। খেলাধুলা কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে দলগত কাজের মানসিকতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক স্তর থেকেই নিয়মিত ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ৪ নম্বর লক্ষ্য তথা অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা অর্জনে সহায়ক হবে।
এ ছাড়া সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থায় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলা ও ফিটনেস চর্চার উদাহরণ তুলে ধরেন প্রতিমন্ত্রী।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর দফায় ক্রীড়াশিক্ষা ও খেলাধুলার প্রসারের বিষয়টি উল্লেখ রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মাঠমুখী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ বিষয়ে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাসসকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের এ উদ্যোগ সময়োপযোগী।
তিনি জানান, আগে সাধারণত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির মাধ্যমে গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলা এবং প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হতো। তবে বছরব্যাপী খেলাধুলার জন্য নির্দিষ্ট একাডেমিক সময়সূচি ছিল না।
নতুন উদ্যোগের ফলে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবেই বছরজুড়ে নির্ধারিত খেলাধুলা পরিচালনার সুযোগ তৈরি হবে।
এ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত মনিটরিং করার নির্দেশনাও দেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা ক্যালেন্ডারের অংশ হিসেবে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
#শিক্ষা #খেলাধুলা #শিক্ষাপ্রতিষ্ঠান #মাউশি #শিক্ষামন্ত্রণালয় #ফুটবল #ক্রিকেট #শিক্ষার্থী #অধিকারপত্র
