অধিকারপত্র ডটকম, অনলাইন ডেক্সট। ১৬ ই নভেম্বর সোমবার ২০২৬।
বিনোদন প্রতিবেদক ঢাকা :, ১৬ নভেম্বর ২০২৬: ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়ান মোনামি। ব্যক্তিগত পরিসরে শেয়ার করা ভিডিও সংবাদমাধ্যমে পৌঁছানো নিয়ে প্রশ্ন তুলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে মোনামি লিখেছেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অথচ সংবাদমাধ্যমের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার নাচ।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পেছনের ঘটনা তুলে ধরে তিনি জানান, প্রথমে তার এক বন্ধু ভিডিওটি শুধু বন্ধুদের জন্য ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে তিনি নিজেও সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তার ধারণা ছিল, বন্ধুতালিকার মধ্যেই ভিডিওটি সীমাবদ্ধ থাকবে।
তবে ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে দেওয়ার পেছনে অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন তিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোনামি লেখেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে এমন ক্ষুদ্র পথের পরিবর্তে আরও সম্মানজনক ও হালাল উপার্জনের পথ দেখান।
নিজের নাচ নিয়ে সমালোচনার জবাবে মোনামি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তার বয়স কিংবা শারীরিক গঠন তথাকথিত আদর্শ না-ও হতে পারে। কিন্তু একজন মানুষের নাচের ক্ষেত্রে বয়স বা শারীরিক গঠন কেন অপরিহার্য মানদণ্ড হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
নাচের ভিডিও প্রকাশ হলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল বা সমালোচনার শিকার হতে পারেন, তা আগে থেকেই জানতেন বলেও উল্লেখ করেন মোনামি। তবে এসব নিয়ে তিনি চিন্তিত নন বলে স্পষ্ট জানিয়েছেন।
তিনি আরও জানান, এটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। আবারও এমন সুযোগ এলে তিনি একইভাবে নাচবেন। নাচের কারণে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই তার; বরং এটি ছিল আনন্দ প্রকাশের স্বাভাবিক অভিব্যক্তি।
পোস্টের শেষাংশে বাংলায় নিজের অবস্থান আরও স্পষ্ট করে মোনামি লেখেন, “একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।”
তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আনন্দ প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আমি কি নাচতে পারব না?’—ভাইরাল ভিডিও নিয়ে মোনামির কড়া জবাব
: #মোনামি #শেহরীনআমিনভুইয়ান #ঢাবি #ভাইরালভিডিও #গায়েহলুদ #ফেসবুকপোস্ট #Odhikarpatra #OdhikarpatraDotCom
তথ্যসূত্র: শেহরীন আমিন ভুইয়ান মোনামির ভেরিফায়েড ফেসবুক পোস্টের স্ক্রিনশট
