odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 19th November 2026, ১৯th November ২০২৬
মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবারের সংঘর্ষ ও বিক্ষোভের পর বুধবার সকালে গাজীপুরের শিল্পাঞ্চলে খুলেছে অধিকাংশ পোশাক কারখানা, স্বাভাবিক রয়েছে সড়কের যান চলাচল।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর অধিকাংশ কারখানা চালু, স্বাভাবিক উৎপাদন

odhikarpatra | প্রকাশিত: ১৮ November ২০২৬ ২০:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৮ November ২০২৬ ২০:৫৯

অধিকারপত্র ডটকম, জাতীয় ডেক্স।  ১৮ নভেম্বর বুধবার ২০২৬।

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর : শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের এক দিন পর গাজীপুরের শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারের অস্থিরতার পর বুধবার (১৮ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ সড়ক, ভবানীপুর, মেম্বারবাড়ী, নতুন বাজার ও টঙ্গী এলাকার কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন।

বুধবার সকাল থেকেই শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। নতুন করে কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমজাদ হোসেন জানান, মঙ্গলবার বন্ধ থাকা অনেক কারখানায় বুধবার উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যরা শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করবেন।

এর আগে মঙ্গলবার ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেন এবং বিভিন্ন মহাসড়ক অবরোধ করেন। এ সময় গাজীপুরের ভোগড়া বাইপাস, শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি ও আসপাডা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য, শ্রমিক ও সাংবাদিক আহত হন।

অস্থিরতা এড়াতে মঙ্গলবার প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় আগেভাগে শ্রমিকদের ছুটি দেওয়া হয়। পাশাপাশি ৭০টি কারখানা ছুটি ঘোষণা করে।

মঙ্গলবারের উত্তেজনার পর বুধবার অধিকাংশ কারখানা খুলে যাওয়ায় গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।

 

সংঘর্ষের পর কাজে ফিরলেন শ্রমিকরা, গাজীপুরে খুলেছে অধিকাংশ পোশাক কারখানা

 #গাজীপুর #শ্রমিকবিক্ষোভ #গার্মেন্টস #পোশাককারখানা #ন্যূনতমমজুরি #Odhikarpatra #OdhikarpatraDotCom