অধিকারপত্র ডটকম করপোরেট ডেক্স /
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এখন থেকে জমির মূল্য নির্ধারণে শুধু সর্বনিম্ন বাজারমূল্য বিবেচনা করা হবে না। বরং স্থানীয় বাজারদর, জমির অবস্থান, ব্যবহার, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করা হবে।
এ জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক তিন স্তরের কমিটি গঠন করা হবে। এসব কমিটির নির্ধারিত বাজারমূল্যের তালিকা তিন বছর কার্যকর থাকবে।
গত ১১ নভেম্বর নিবন্ধন অধিদপ্তর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ অধিকতর সংশোধন করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের ৬৯ ধারার উপধারা (১)-এর দফা (কে)-তে দেওয়া ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এই সংশোধনী আনা হয়েছে। সংশোধনের মাধ্যমে বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘বাজার মূল্য’ বলতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য বোঝানো হয়েছে।
যেভাবে নির্ধারিত হবে জমির বাজারমূল্য
নতুন বিধান অনুযায়ী, সিটি করপোরেশন এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য দায়িত্ব পালন করবে জেলা কমিটি। এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির বাজারমূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি।
বিভাগীয় কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। কমিটির সদস্য হিসেবে থাকবেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আয়কর বিভাগের প্রতিনিধি এবং প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি। জেলা রেজিস্ট্রার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক। এ কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারসহ নির্ধারিত কর্মকর্তারা সদস্য থাকবেন। জেলা রেজিস্ট্রার হবেন সদস্য-সচিব।
অন্যদিকে উপজেলা কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদস্য হিসেবে থাকবেন উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। উপজেলা সাব-রেজিস্ট্রার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
তিন বছর পরপর নতুন বাজারমূল্যের তালিকা
সংশোধিত বিধিমালা অনুযায়ী, নির্ধারিত বাজারমূল্যের তালিকা তিন বছর কার্যকর থাকবে। কোনো এলাকার বাজারমূল্যের মেয়াদ যে পঞ্জিকাবর্ষে শেষ হবে, ওই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে নতুন বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুত করতে হবে।
তালিকার একটি অনুলিপি ১৫ ডিসেম্বরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে।
বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য এবং বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য বিবেচনায় নিতে হবে।
এ ছাড়া স্থানীয় বাজারদর অনুসন্ধান, গণশুনানিতে পাওয়া তথ্য, পূর্ববর্তী নিবন্ধিত দলিলের মূল্য এবং সাম্প্রতিক জমি ক্রয়-বিক্রয়ের তথ্যও মূল্যায়নে অন্তর্ভুক্ত করতে হবে।
বিধিমালায় স্পষ্ট করা হয়েছে, কোনো একটি বিষয়কে এককভাবে বিবেচনা করে বাজারমূল্য নির্ধারণ করা যাবে না। বরং সংগৃহীত সব তথ্য-উপাত্ত যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে মূল্য নির্ধারণ করতে হবে। কোনো মৌজায় জমির অবস্থান ও বৈশিষ্ট্যের কারণে বাজারদরে পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে।
চূড়ান্ত তালিকা প্রকাশ ও সংরক্ষণ
কমিটিগুলোর কাছ থেকে তালিকা পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন তা পর্যালোচনা করে চূড়ান্ত বাজারমূল্যের তালিকা অনুমোদন ও আদেশ জারি করবেন।
চূড়ান্ত তালিকার অনুলিপি নিবন্ধন অধিদপ্তর, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তালিকা সংরক্ষণের পাশাপাশি নির্ধারিত কার্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই জমির নির্ধারিত বাজারমূল্য জানতে পারেন।
আদালতের ডিক্রি ও বায়নাপত্রে বিশেষ নিয়ম
নতুন বিধিমালায় আদালতের ডিক্রির মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। চুক্তি প্রবলের মামলায় আদালতের ডিক্রি জারি কার্যক্রমের আওতায় আদালত কর্তৃক সম্পাদিত দলিল দলিলে প্রদর্শিত মূল্যেই নিবন্ধন করতে হবে।
বায়নাপত্রের ক্ষেত্রেও মূল্য নির্ধারণের পৃথক নিয়ম করা হয়েছে। বায়নাপত্রে উল্লেখ করা সম্পত্তির মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময় কার্যকর বাজারমূল্যের ভিত্তিতে নিবন্ধন করতে হবে।
অন্যদিকে বায়নাপত্রে উল্লেখিত মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়নাপত্রে প্রদর্শিত মূল্যেই বিক্রয় দলিল নিবন্ধন করতে হবে।
নতুন বিধিমালার ফলে জমির বাজারমূল্য নির্ধারণে স্থানীয় বাস্তবতা, সাম্প্রতিক ক্রয়-বিক্রয় এবং অবকাঠামোগত সুবিধা অধিক গুরুত্ব পাবে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে জমির মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বাস্তবভিত্তিক মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে।
