odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 22nd November 2026, ২২nd November ২০২৬
দেশে বার্ষিক চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদন; আধুনিক সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে সারা বছর সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ।

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আপাতত আমদানির প্রয়োজন নেই: ডিএই

odhikarpatra | প্রকাশিত: ২২ November ২০২৬ ১৫:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২২ November ২০২৬ ১৫:৪৫

অধিকারপত্র :
ঢাকা: পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। ব্যাপক উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের ফলে আপাতত বিদেশ থেকে পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

ডিএইর তথ্য অনুযায়ী, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩৬ লাখ টন। এর বিপরীতে চলতি বছরে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। অর্থাৎ বার্ষিক চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আগে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে পেঁয়াজের সরবরাহে সংকট দেখা দিত। এ সময় স্থানীয় মজুত কমে যাওয়ায় আমদানির ওপর নির্ভর করতে হতো। তবে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণের ফলে এখন অফ-সিজনেও বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।

ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম জানান,দেশে বর্তমানে ৪ থেকে ৫ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতাসম্পন্ন আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ফলে মৌসুমের বাইরে পেঁয়াজের সরবরাহ ঘাটতির আশঙ্কা কমেছে। তাঁর মতে, এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই।

তিনি আরও জানান, কৃষকদের মধ্যে ইতোমধ্যে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে।

সরকারের এই উদ্যোগের ফলে গত ১১ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডিএই। এতে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।
উৎপাদন ও আমদানির চিত্র
ডিএইর তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছিল ৪৪ লাখ ৪৮ হাজার টন। ওই সময়ে আমদানি করতে হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে আমদানি হয়েছিল প্রায় ৬ লাখ টন।

চলতি বছরে ৩ লাখ হেক্টরের বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও উন্নত জাতের ব্যবহারে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কৃষকদের লাভবান করছে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি
পেঁয়াজের সংরক্ষণজনিত অপচয় কমাতে কৃষকদের মধ্যে এয়ার-ফ্লো প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। এ প্রযুক্তিতে নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচলের মাধ্যমে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণ করা যায়।
প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে ২৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার, মাচা তৈরির জন্য ৭ হাজার এবং সাইনবোর্ডের জন্য ১ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ইতোমধ্যে এই প্রযুক্তির মাধ্যমে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। দেশের ১৬টি জেলার ১০৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি ৩ হাজার ৯০০ কৃষককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ডিএইর কর্মকর্তারা মনে করছেন, উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ অব্যাহত থাকলে ভবিষ্যতে পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা আরও কমবে। একই সঙ্গে কৃষকদের জন্য রপ্তানির বাজার তৈরির সুযোগও সৃষ্টি হতে পারে।