নিউজ ডেস্ক | অধিকারপত্র
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন করে ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুমোদিত পদের মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)। নতুন এসব পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম ও জননিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করে। আদেশ অনুযায়ী, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে এসব পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, নতুন পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে। পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব পদ সৃজন করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডের। এ পদে বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ ১৭তম গ্রেডে সৃজন করা হয়েছে। এ পদে বেতন স্কেল ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।
কনস্টেবল পদে আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। এসআই পদেও সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। পরে অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর সম্মতি প্রদান করে। কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে।
এদিকে, কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
চলমান নিয়োগ কার্যক্রমে আগে থেকে শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ কিংবা নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
পুলিশ বাহিনীতে কনস্টেবল ও এসআই পদ দুটি মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনস্টেবলরা অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, এসআইরা অপরাধ তদন্ত, মামলা-সংক্রান্ত কার্যক্রম, আসামি গ্রেপ্তার এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন ১৪ হাজার পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা দেওয়ার সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র
