নিউজ ডেস্ক | অধিকারপত্র
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষাবলম্বন, শিক্ষার্থীদের আন্দোলন দমনে উসকানি, হুমকি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষক এবং একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযোগে আরও দুই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্তরা যারা
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকার কারণে সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন:
১. অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ (লোক প্রশাসন বিভাগ)
২. অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন (সমাজবিজ্ঞান বিভাগ)
৩. অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম (ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ)
এছাড়া একই ধরনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা লাভলু মোল্লা শিশিরকে (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরখাস্তকৃত এই চারজনের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
অন্যদিকে, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হুমকি এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বাংলা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকেও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
উপ-উপাচার্যের বক্তব্য:
এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলন দমনে প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানিসহ নানা গুরুতর অভিযোগ ছিল। আর অধ্যাপক আজমলের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্য ও হুমকির অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির সুপারিশ আমলে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
যৌন নিপীড়নের দায়ে শিক্ষক চাকরিচ্যুত
সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করার সুপারিশ অনুমোদন করা হয়েছে। এর আগে আইবিএ-র শিক্ষক ওয়াসেল বিন সাদাত ও অধ্যাপক এরশাদ হালিমকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল, যার প্রেক্ষিতে এই সভায় ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।
ডাকসুর সাবেক জিএস গোলাম রব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত
২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত আইন উপদেষ্টার মতামতের জন্য পাঠানো হয়েছে। গত বছরের নভেম্বরেই তার এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়া না মেনে হওয়ায় তা বাতিল করা হয়েছিল এবং ডাকসুর জিএস পদ অবৈধ ঘোষণার সুপারিশ করেছিল একাডেমিক কাউন্সিল। এবার তার ছাত্রত্ব বৈধ না থাকায় পদ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্তের পাশাপাশি উক্ত পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খানকে জিএস ঘোষণা করা যাবে কি না, তা যাচাই-বাছাইয়ের জন্যও আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: