odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

ধোলাইপাড়ে গৃহবধূ ইয়ানুর হত্যার অভিযোগ: স্বামীর বাসায় ভাঙচুর, আগুন

odhikarpatra | প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:৩৪

অধিকার পত্র ডটকম 

ঢাকার ধোলাইপাড়ে ভাড়া বাসায় গৃহবধূ ইয়ানুর (২৫) হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী মো. জুয়েল মৃধার বাসাবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ও ইয়ানুরের স্বজনরা এ ঘটনা ঘটান।

জানা গেছে, সোমবার দুপুরে বিবিরায় মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ইয়ানুর হত্যার ঘটনায় অভিযুক্ত জুয়েল মৃধাকে গ্রেপ্তারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ও ইয়ানুরের স্বজনরা জুয়েলের তালাবদ্ধ ঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

অভিযুক্ত জুয়েল মৃধা দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুর গ্রামের ফোরকান মৃধার ছেলে। তিনি ঢাকা-দশমিনা রুটের একটি পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে ইয়ানুরের সঙ্গে জুয়েল মৃধার বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকার ধোলাইপাড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত ইয়ানুরের ভাই রাকিব হোসেনের অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর রাতে স্বামী জুয়েল ইয়ানুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর ইয়ানুরের বাবা হানিফ হাওলাদার ঢাকার কদমতলী থানায় একটি হত্যা মামলা করেন।

ইয়ানুর হত্যার ঘটনায় অভিযুক্ত জুয়েল মৃধাকে গ্রেপ্তারের দাবিতে সোমবার মানববন্ধনে বক্তব্য দেন ইয়ানুরের বাবা হানিফ হাওলাদার ও মা গোলেনুর বেগমসহ স্বজনরা।

আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর বলেন, ইয়ানুরের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং ঘরবাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে তিনি ইয়ানুর হত্যার বিচার চান। তবে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগকে তিনি সমর্থন করেন না।

দশমিনা থানার এসআই মো. ছগির জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অধিকার পত্র ডটকম
সত্য, তথ্য ও জনস্বার্থের পক্ষে।