অধিকারপত্র ডটকম, আন্তর্জাতিক অনলাইন ডেক্স
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল ক্যাপলানের সঙ্গে বৈঠক করেছে প্রধানমন্ত্রী মনোনীত বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ বৈঠকে সময়ের সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেননি। বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের বড় মেটা ব্যবহারকারী জনগোষ্ঠীর বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মেটার সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ডিজিটাল বাণিজ্যের প্রসারে সহায়তা করতে পারে, সে বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মেটার একটি অফিস খোলার আমন্ত্রণ জানান। একই সঙ্গে অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়।
