odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 18th November 2026, ১৮th November ২০২৬
সর্বসম্মতিক্রমে পাস হওয়া ৫৫ ধারার বিলে হুতিদের রাজনৈতিক, সামরিক ও বেসামরিক শাখাকে অন্তর্ভুক্ত; চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হয়েছে

ইয়েমেনের পার্লামেন্টে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার বিল পাস

odhikarpatra | প্রকাশিত: ১৮ November ২০২৬ ০৫:১৩

odhikarpatra
প্রকাশিত: ১৮ November ২০২৬ ০৫:১৩

অধিকারপত্র ডটকম আন্তর্জাতিক ডেক্স। ১৮ নভেম্বর বুধবার ২০২৬।

আন্তর্জাতিক  প্রতিবেদক | ইয়ামেন : ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা এবং তাদের কর্মকাণ্ড ও অর্থায়নকে অপরাধ হিসেবে গণ্য করার একটি বিল সর্বসম্মতিক্রমে পাস করেছে দেশটির পার্লামেন্ট। সোমবার (১৬ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দিনের আলোচনা শেষে বিলটি অনুমোদন করেন আইনপ্রণেতারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পার্লামেন্টের স্পিকার সুলতান আল-বারাকানি বিলটি চূড়ান্ত সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠান। ফলে পার্লামেন্টে বিল পাস হলেও রাষ্ট্রপক্ষের চূড়ান্ত অনুমোদন ও আইনে পরিণত হওয়ার প্রক্রিয়া তখনো বাকি ছিল। 

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী, ৫৫টি ধারা ও নয়টি অধ্যায়ে সাজানো হয়েছে বিলটি। এতে হুতি গোষ্ঠীর রাজনৈতিক, সামরিক ও বেসামরিক সব শাখা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার বিধান রাখা হয়েছে।

বিলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, শহর অবরোধ ও বাসিন্দাদের অনাহারে রাখা, বেসামরিক নাগরিকদের ওপর হামলা, স্থলমাইন স্থাপন, অপহরণ, জোরপূর্বক গুম, শিশুদের নিয়োগ এবং আন্তর্জাতিক নৌ চলাচলে হামলার মতো অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। নির্দিষ্ট কিছু অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে।

এ ছাড়া হুতি গোষ্ঠী ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ-সম্পদ শনাক্ত, জব্দ, স্থগিত ও বাজেয়াপ্ত করার আইনি ব্যবস্থাও বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

পার্লামেন্টের স্পিকার সুলতান আল-বারাকানি বলেছেন, ইয়েমেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ কোনো সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকতে পারে না। তিনি আইনটি কার্যকর করার পাশাপাশি রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে সমন্বয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধারে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে বিলটি পাস হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠীর মধ্যে লড়াই বেড়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা রাজধানী সানা দখল করে নেয়। এরপর থেকে দেশটিতে সংঘাত অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন আইনটি হুতি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও মানবিক সহায়তা কার্যক্রমের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অর্থ লেনদেন ও প্রয়োজনীয় পণ্য সরবরাহে জটিলতা তৈরি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আইনটি ভবিষ্যৎ শান্তি আলোচনা আরও জটিল করে তুলতে পারে বলে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

 

হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণায় ইয়েমেনের পার্লামেন্টে সর্বসম্মত সিদ্ধান্ত

: #Yemen #Houthis #YemenParliament #MiddleEast #HouthiRebels #Odhikarpatra #OdhikarpatraDotCom

ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার বিল সর্বসম্মতিক্রমে পাস করেছে দেশটির পার্লামেন্ট। ৫৫ ধারার এই বিলে হুতিদের রাজনৈতিক, সামরিক ও বেসামরিক শাখার কর্মকাণ্ড ও অর্থায়নকে অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ুন অধিকার পত্র ডটকমে।