odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 9th November 2026, ৯th November ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মুক্তি ও গণতন্ত্র তোরণ এবং সিনেট ভবন এলাকায় বিস্ফোরণ; জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে, হতাহতের খবর নেই।

ঢাবি ক্যাম্পাসে ৮-১০টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

odhikarpatra | প্রকাশিত: ৮ November ২০২৬ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৮ November ২০২৬ ২৩:৫৪

ঢাকা |  ৮ নভেম্বর ২০২৬ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানিয়েছেন, ক্যাম্পাসে মোট ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের বাড়ি যথাক্রমে নাটোর, রাজশাহী ও গোপালগঞ্জে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করেন উপস্থিত লোকজন। এ সময় তাদের মারধর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, শিক্ষার্থীরা প্রথমে দুজনকে আটক করেন। পরে আরেকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।