odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 9th November 2026, ৯th November ২০২৬
খিলক্ষেত, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ও পান্থপথে বিস্ফোরণের খবর; এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্লবী থানা ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাজধানীর আরও তিন স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নগরজুড়ে

odhikarpatra | প্রকাশিত: ৮ November ২০২৬ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৮ November ২০২৬ ২৩:৫৭

অধিকারপত্র ডটকম :

ঢাকা: রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পুলিশের বিভিন্ন স্থাপনা ও অন্যান্য এলাকায় বিস্ফোরণের পর এবার খিলক্ষেত, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ও পান্থপথে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব নতুন ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সমকালের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত থানার অদূরে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই দিন রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের বের হওয়ার ফটকে বিস্ফোরণ ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পান্থপথেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সমকালকে বলেন, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের বের হওয়ার গেটে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

 ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও একাধিক বিস্ফোরণ

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কয়েক মিনিটের ব্যবধানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সমকালের প্রতিবেদনে চারটি স্থানে ৮ থেকে ১০টি বিস্ফোরণের কথা বলা হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিআইডি কার্যালয় ও পল্লবী থানায় ককটেল

একই দিন সন্ধ্যায় রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় এবং মিরপুরের পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, মালিবাগে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। অন্যদিকে পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হন বলে চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর ভাটারা এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 আগের রাতেও বিস্ফোরণ ও বাসে আগুন

এর আগের রাতেও রাজধানীর যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ছাড়া মিরপুরে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

 তদন্ত ও নজরদারি জোরদারের কথা জানিয়েছে পুলিশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল, মোবাইল পার্টি ও পিকেট ডিউটি জোরদার করা হয়েছে।