odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 15th November 2026, ১৫th November ২০২৬
শিক্ষক যখন আসামি, মব যখন বিচারক, ক্ষমতাবান যখন নীতির রচয়িতা—আর বিবেক যখন ছুটিতে! এবং অন্যায় যখন নীতির নতুন পাঠ্যবই

ছায়ার সঙ্গে কুস্তি, ভয়ের সঙ্গে বন্ধুত্ব! ছায়াবাজির বাজারে অভয়বাণীর ফেরিওয়ালা

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৬ ১৭:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৬ ১৭:৫২

অধিকারপত্র বিশেষ রম্য-ব্যঙ্গ ফিচার│দেশচিন্তা

সুকুমার রায়ের ‘ছায়াবাজি’ ও ‘ভয় পেয়ো না’ কবিতার ভাবনা অবলম্বনে সমকালীন সমাজের এক হাস্যরসাত্মক রূপকপাঠ। মুখে সত্য, কাজে মিথ্যা! | ছায়ার সঙ্গে কুস্তি করি — ভণ্ডামি, দ্বিচারিতা, আত্মপ্রবঞ্চনা ও সামাজিক নৈতিকতার সংকট নিয়ে অধিকারপত্রের একটি ব্যতিক্রমধর্মী বাংলা রম্য-ব্যঙ্গ ও প্রতিবাদী গান। লোকজ সুর, ডটারা, বাঁশি, রক সংগীত, নাটকীয় কথকতা এবং বাংলা-ইংরেজি দ্বিভাষিক কণ্ঠের অনন্য সংমিশ্রণে গানটি আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের বহুল পরিচিত দ্বিমুখী আচরণকে ব্যঙ্গাত্মকভাবে উন্মোচন করেছে। নিজের ভুল আড়াল করে অন্যের বিচার করা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ ছাড়াই ভার্চুয়াল আদালত বসানো, গুজবকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা, ক্ষমতা ও সুবিধার সঙ্গে নীতির রং বদলানো এবং বিবেকের পরিবর্তে আত্মম্ভরিতাকে প্রাধান্য দেওয়ার প্রবণতা—সবকিছুকেই গানটি তুলে ধরেছে তীক্ষ্ণ সামাজিক পর্যবেক্ষণ ও শৈল্পিক প্রতিবাদের ভাষায়। তবে এটি নিছক ব্যঙ্গ বা অভিযোগের গান নয়; এর অন্তর্নিহিত আবেদন আত্মসমালোচনা, নৈতিক সাহস, মানবিকতা এবং নিজের বিবেকের মুখোমুখি হওয়ার আহ্বান। গানটির মূল দর্শন—অন্যের ছায়া অনুসরণ করে বিচার করার আগে নিজের আলোটি একবার দেখা।

লেখার পাশাপাশি শোনা হোক ব্যঙ্গের সুর: অধিকারপত্রের বিশেষ রম্য-ব্যঙ্গ গান। চারটি সামাজিক ব্যঙ্গগান

এই হাস্যব্যঙ্গ-রসাত্মক ফিচারটির সঙ্গে যুক্ত করা হয়েছে অধিকারপত্র প্রযোজিত চারটি তীক্ষ্ণ সামাজিক ব্যঙ্গাত্মক রম্যগান। গান চারটি কেবল বিনোদনের উপাদান নয়; বরং পুরো লেখার অন্তর্নিহিত বক্তব্য, সামাজিক প্রেক্ষাপট, অসংগতি ও ব্যঙ্গের গভীরতা উপলব্ধির সহায়ক এক ভিন্নধর্মী শিল্পভাষ্য। লেখাটির প্রতিটি ব্যঙ্গের অন্তর্নিহিত ইঙ্গিত ও সামাজিক বাস্তবতাকে আরও ভালোভাবে বুঝতে চাইলে গান তিনটি শুনে দেখতে পারেন। আশা করি, পাঠের পাশাপাশি শ্রবণের এই অভিজ্ঞতা আপনাকে লেখাটির আরও গভীর কনটেক্সট বুঝতে সাহায্য করবে। কারণ, কিছু কথা লেখায় বলা যায়, কিছু কথা গানে বলা যায়—আর কিছু কথা ব্যঙ্গের সুরে বললেই যেন সবচেয়ে ভালো বোঝা যায়!

প্রারম্ভিকা

এক দেশে এক অদ্ভুত ব্যবসা শুরু হয়েছে। ব্যবসাটা বেশ লাভজনক। পুঁজি লাগে না, কারখানা লাগে না, শ্রমিক লাগে না, এমনকি পণ্যও তৈরি করতে হয় না। শুধু একটু রোদ, সামান্য অন্ধকার, একখানা লম্বা জিভ আর কয়েকটি সুবিধাজনক মানুষ হলেই চলে। ব্যবসার নাম—ছায়ার ব্যবসা।

এই ব্যবসায়ীরা ছায়া বিক্রি করেন। তবে সাধারণ ছায়া নয়। তাঁরা বিক্রি করেন চরিত্রের ছায়া, বিবেকের ছায়া, আদর্শের ছায়া, দেশপ্রেমের ছায়া, নীতির ছায়া এবং প্রয়োজনমতো অপরাধীর ছায়াও। কারও গায়ে ছায়া লাগিয়ে তাঁকে অপরাধী বানানো যায়, আবার অপরাধীর গায়ে আলো ফেলে তাঁকে সমাজসেবক বানানো যায়। সবই নির্ভর করে ছায়ার মালিক কে, আলো জ্বালানোর সুইচ কার হাতে এবং বাজারে তাঁর কতখানি প্রভাব।

সুকুমার রায়ের ‘ছায়াবাজি’ কবিতার সেই ছায়া-ব্যবসায়ীর কথা মনে পড়ে যায়। যিনি গাছের ছায়া ধরে খাঁচায় পুরে রাখেন, চাঁদের আলোয় পেঁপের ছায়া দিয়ে সর্দিকাশি সারান, আর মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লটিং পেপারে শুষে বোতলে ভরে রাখেন। তাঁর ব্যবসার সবচেয়ে বড় গুণ—পণ্যটির কার্যকারিতা প্রমাণ করার প্রয়োজন নেই। ক্রেতার বিশ্বাসই তাঁর মূলধন।

আমাদের সমাজেও এমন কিছু ছায়াব্যবসায়ী আছেন। তাঁরা বাস্তবের চেয়ে বাস্তবের ব্যাখ্যা বিক্রি করতে বেশি পছন্দ করেন। সত্যের চেয়ে সত্যের সনদ, ন্যায়ের চেয়ে ন্যায়ের ঘোষণা এবং যোগ্যতার চেয়ে যোগ্যতার প্রচার তাঁদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এঁদের কাছে একজন শিক্ষক কেবল শিক্ষক নন; তিনি প্রয়োজনমতো আদর্শের প্রতীক, আবার প্রয়োজনমতো জনরোষের লক্ষ্যবস্তু। একজন শিক্ষার্থীর প্রশ্ন কখনো জ্ঞানচর্চার অংশ, আবার কখনো রাজনৈতিক সুবিধা অনুযায়ী বিদ্রোহ। একটি প্রতিবাদ কখনো গণতান্ত্রিক অধিকার, আবার কখনো বিশৃঙ্খলা। আর একটি দলবদ্ধ চাপ? সেটি যদি নিজেদের পক্ষে যায়, তবে গণজাগরণ; বিপক্ষে গেলে মব সন্ত্রাস!

কী চমৎকার বহুমুখী অভিধান!

১. ছায়ার বাজারে স্বাগতম: এখানে সবকিছু পাওয়া যায়, শুধু সত্যটা ছাড়া!

আজকাল বাজারে গেলে শুধু মাছ, মাংস, চাল, ডাল কিনলেই হয় না। একটু খোঁজখবর রাখলে আরও অনেক কিছু পাওয়া যায়। পাওয়া যায় দেশপ্রেম, নীতিবোধ, বিবেক, আদর্শ, নিরপেক্ষতা, মানবিকতা, এমনকি প্রয়োজনে বিপ্লবও। সবই বোতলজাত। দামও খুব বেশি নয়। তবে একটি শর্ত আছে—কোন পণ্যটি কখন ব্যবহার করতে হবে, তা বিক্রেতার কাছ থেকে ভালো করে বুঝে নিতে হবে।

এই বাজারের সবচেয়ে জনপ্রিয় দোকানটির নাম ‘ছায়াবাজি অ্যান্ড কোম্পানি’। দোকানের সাইনবোর্ডে লেখা:

‘ছায়া ধরুন, চরিত্র গড়ুন!
নিজের দোষ ঢাকুন, অন্যের দোষ বাড়ান!
প্রয়োজনে দেশপ্রেম, ন্যায়বিচার ও বিবেক—সবই পাওয়া যায়!’

দোকানের মালিক একজন অভিজ্ঞ ব্যবসায়ী। তাঁর পূর্বপুরুষেরা হয়তো গাছের ছায়া বিক্রি করতেন, তিনি বিক্রি করেন মানুষের চরিত্রের ছায়া। ব্যবসায় যথেষ্ট উন্নতি করেছেন। এখন তাঁর পণ্যের তালিকায় আছে—ক্ষমতার ছায়া, রাজনৈতিক ছায়া, সুবিধাবাদের ছায়া, প্রতিবাদের ছায়া, দেশপ্রেমের ছায়া, এমনকি নিরপেক্ষতার ছায়াও।

কোনো মানুষের গায়ে কোন ছায়াটি লাগাতে হবে, সেটি তিনি ভালো বোঝেন। একজন শিক্ষককে চাইলে মুহূর্তেই সন্দেহভাজন বানিয়ে দিতে পারেন। একজন ক্ষমতাবানকে চাইলে দেশপ্রেমিকের সার্টিফিকেট দিয়ে দিতে পারেন। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কাউকে নীতিবান হিসেবে উপস্থাপন করতে পারেন, আবার নীতির কথা বলা মানুষকেও সন্দেহজনক চরিত্রের অধিকারী বানাতে পারেন।

তাঁর ব্যবসার বিশেষত্ব হলো, এখানে কোনো পণ্যের গুণগত মান পরীক্ষা করতে হয় না। কারণ ছায়া বিক্রি হয় বিশ্বাসের ওপর, প্রমাণের ওপর নয়।

গান-০১│শুনুন অধিকারপত্রের রম্য সামাজিক ব্যঙ্গগান —হাসির আড়ালে তীক্ষ্ণ প্রশ্ন, সুরের ভেতরে সমাজের প্রতিচ্ছবি│ গানের শিরোনাম: 🎵 মুখে সত্য, কাজে মিথ্যা! | ছায়ার সঙ্গে কুস্তি করি| A Song against Hypocrisy |OdhikarPatraSatireSong

সুকুমার রায়ের ‘ছায়াবাজি’ কবিতার সেই অদ্ভুত ব্যবসায়ীর কথা মনে পড়ে যায়। যিনি ছায়ার সঙ্গে কুস্তি করেন, পাখির ছায়া ধরে খাঁচায় রাখেন, গাছের ছায়া ধরে ওষুধ তৈরি করেন। তাঁর কাছে ছায়া শুধু ছায়া নয়, এক আশ্চর্য সম্পদ। তার নানা রকম ব্যবহার, নানা রকম দাম। কিন্তু আমাদের সময়ের ছায়াবাজেরা আরও এক কাঠি সরেস। তাঁরা শুধু ছায়া ধরেন না, ছায়ার মালিকও নির্ধারণ করেন। কে ভালো, কে মন্দ, কে দেশপ্রেমিক, কে দেশবিরোধী, কে সংস্কারক, কে ষড়যন্ত্রকারী—সবকিছুর জন্য তাঁদের কাছে প্রস্তুত লেবেল আছে।

এখানে সত্যের চেয়ে সত্যের প্রচার বেশি মূল্যবান। ন্যায়ের চেয়ে ন্যায়ের অভিনয় বেশি জনপ্রিয়। আর বিবেক? সেটি আপাতত দোকানের পেছনের ঘরে রাখা আছে। বিশেষ প্রয়োজনে বের করা হয়।

ছায়ার বাজারে এখন চরিত্রও বোতলজাত হয়

একসময় মানুষ নিজের কাজ দিয়ে পরিচিত হতো। এখন পরিচয়ের জন্য কাজের প্রয়োজন খুব বেশি নেই। একটি বিশেষণই যথেষ্ট। কারও নামের আগে দেশপ্রেমিক, কারও আগে দেশবিরোধী; কারও আগে সংস্কারক, কারও আগে সুবিধাবাদী। কে কোন বিশেষণের যোগ্য, তার বিচার করার জন্য গবেষণা, তথ্য, প্রমাণ কিংবা নিরপেক্ষ অনুসন্ধানের প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্ট, একটি উত্তেজিত বক্তব্য এবং কিছু সমস্বরে চিৎকারই যথেষ্ট।

এ যেন চরিত্রের পাইকারি বাজার।—এখানে চরিত্রের দাম নির্ধারিত হয় বাজারের চাহিদা অনুযায়ী। আজ যে মানুষটি নীতিবান, কাল তিনিই সন্দেহভাজন। আজ যিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, কাল তাঁর বিরুদ্ধেই অন্যায়ের অভিযোগ তোলা যায়। আর যিনি ক্ষমতার ছায়ায় বসে আছেন, তাঁর চরিত্রের ওপর যেন স্বয়ংক্রিয়ভাবে একটি সুরক্ষাকবচ লাগানো থাকে।

এই বাজারে সবচেয়ে জনপ্রিয় পণ্য হলো ‘সন্দেহের ছায়া’। একবার কারও গায়ে সেটি লাগিয়ে দিতে পারলে আর বেশি কিছু করতে হয় না। তাঁকে ব্যাখ্যা দিতে হবে, নিজের অবস্থান বোঝাতে হবে, অতীতের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। অথচ যিনি অভিযোগ তুললেন, তাঁকে প্রমাণ দিতে হবে না। কারণ এখানে অভিযোগই প্রমাণ, আর অভিযুক্তের নীরবতা অপরাধের স্বীকারোক্তি!

বিচারের এই নতুন পদ্ধতিতে আদালতের প্রয়োজন কমে গেছে। সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন আরও কম। জনতার কণ্ঠস্বরই যেন রায়, আর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যঘরই যেন আদালতের নথি। তবে একটি প্রশ্ন থেকেই যায়—যে সমাজে অভিযোগের আগে রায় তৈরি হয়, সেখানে সত্যের দাঁড়ানোর জায়গা কোথায়?

সুকুমার রায়ের ছায়াবাজি যদি আজকের বাজারে আসত, তবে তাঁর ব্যবসা নিশ্চয়ই আরও জমজমাট হতো। তিনি হয়তো নতুন পণ্য আনতেন—‘রাজনৈতিক ছায়া’, ‘বিশ্বস্ততার ছায়া’, ‘বিবেকহীনতার ছায়া’ এবং ‘তাৎক্ষণিক চরিত্রহরণকারী ছায়া’। বিজ্ঞাপনে লিখতেন, একবার ব্যবহারেই মানুষ চিনুন! প্রমাণের ঝামেলা নেই, তদন্তের অপেক্ষা নেই, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতাও নেই!

২. ছায়ার রং বদলায়, চরিত্রের দামও বদলায়

আমাদের সমাজে মানুষের পরিচয় নির্ধারণের একটি অদ্ভুত পদ্ধতি চালু হয়েছে। আগে মানুষকে চিনতে হলে তাঁর কাজ দেখতে হতো, আচরণ বুঝতে হতো, কথা শুনতে হতো। এখন অনেক সময় এসবের প্রয়োজন পড়ে না। একটি পরিচয়ই যথেষ্ট।

আপনি কোন পক্ষের? কোন মতের? কার সঙ্গে ছবি তুলেছেন? কার বক্তব্যে সমর্থন জানিয়েছেন? কোন সময়ে কোথায় ছিলেন? আপনার সামাজিক যোগাযোগমাধ্যমের পুরোনো পোস্টে কী লেখা আছে?

এই প্রশ্নগুলোর উত্তর থেকেই চরিত্রের সার্টিফিকেট তৈরি হয়ে যায়।

একই কাজ দুই ব্যক্তি করলে তার মূল্যায়নও দুই রকম হতে পারে। একজন করলে সেটি আদর্শিক অবস্থান, অন্যজন করলে সেটি সুবিধাবাদ। একজন প্রতিবাদ করলে সেটি গণতান্ত্রিক চেতনা, অন্যজন করলে সেটি ষড়যন্ত্র। একজন প্রশাসনিক সিদ্ধান্ত নিলে সেটি সংস্কার, অন্যজন নিলে সেটি ক্ষমতার অপব্যবহার।

নীতির এই বহুমাত্রিক ব্যবহার দেখে মনে হয়, নৈতিকতারও বুঝি আলাদা আলাদা সংস্করণ বাজারে এসেছে।

একটি সংস্করণ নিজের দলের জন্য, একটি প্রতিপক্ষের জন্য, আরেকটি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের সংস্করণটি সবচেয়ে কঠিন। সেখানে নিয়ম মানতে হয়, আইন মানতে হয়, দায়িত্ব পালন করতে হয়। কিন্তু ক্ষমতাবানদের সংস্করণে কিছু বিশেষ ছাড় রয়েছে।

নিজের লোকের ভুল হলে বলা হয়, ‘মানুষ মাত্রই ভুল করে।’ অপরদিকে প্রতিপক্ষের ভুল হলে বলা হয়, ‘এটাই তাদের আসল চরিত্র।’

নিজের লোকের বিরুদ্ধে অভিযোগ উঠলে বলা হয়, ‘তদন্ত না করে কিছু বলা ঠিক নয়।’ বিপরীতে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলে বলা হয়, ‘এত কিছু দেখার পরও কি তদন্তের প্রয়োজন আছে?’

এ যেন ন্যায়বিচারেরও দলীয় পরিচয়পত্র আছে! আর এই দ্বিচারিতার সবচেয়ে বড় ক্ষতি হয় সামাজিক আস্থার। মানুষ যখন দেখে একই আচরণের জন্য দুই রকম বিচার হচ্ছে, তখন সে প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারায়। আইনকে নিরপেক্ষ মনে করে না। নৈতিকতার কথাকে বিশ্বাস করতে পারে না।

একসময় সে নিজেও একই কৌশল শিখে ফেলে। তখন সমাজে ন্যায়বিচারের চেয়ে পক্ষের জয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর যেটি হয়—ছায়াবাজদের ব্যবসা তখন আরও জমজমাট হয়।

গান-০২│শুনুন অধিকারপত্রের রম্য সামাজিক ব্যঙ্গগান —হাসির আড়ালে তীক্ষ্ণ প্রশ্ন, সুরের ভেতরে সমাজের প্রতিচ্ছবি│ গানের শিরোনাম: 🎵 মিথ্যা মুখের মেলা | Mithya Mukher Mela | Odhikarpatra Satirical Social Songs

৩. শিক্ষককে ঘিরে মবের মেলা: পাঠশালায় নতুন পাঠ্যক্রম

একটি সমাজের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানগুলোর একটি হলো শিক্ষাপ্রতিষ্ঠান। আর সেই প্রতিষ্ঠানের প্রাণ শিক্ষক। শিক্ষক জ্ঞান দেন, প্রশ্ন করতে শেখান, চিন্তার স্বাধীনতা তৈরি করেন, যুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। কিন্তু শিক্ষকও মানুষ। তাঁর ভুল হতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে।

সুতরাং শিক্ষককে সমালোচনার ঊর্ধ্বে রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু সমালোচনা আর অপমান এক নয়। জবাবদিহি আর নিপীড়ন এক নয়। অভিযোগ তদন্ত আর জনতার হাতে বিচার তুলে দেওয়া এক বিষয় নয়।

এই সাধারণ কথাগুলোই যখন ভুলে যাই, তখন শিক্ষাপ্রতিষ্ঠান অদ্ভুত এক সামাজিক নাট্যমঞ্চে পরিণত হয়।

সেখানে শিক্ষককে ঘিরে ধরে প্রশ্ন করা হয়, কিন্তু তাঁর উত্তর শোনার ধৈর্য থাকে না। অভিযোগ তোলা হয়, কিন্তু প্রমাণের অপেক্ষা করা হয় না। শাস্তির দাবি ওঠে, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ কতটা দেওয়া হলো, সে প্রশ্নটি গুরুত্ব পায় না।

শিক্ষককে একসময় বলা হতো মানুষ গড়ার কারিগর। ২০২৪ এর মাঝামাঝি থেকে এখন কিছু জায়গায় তাঁকে দেখে মনে হয়, তিনি বুঝি সমাজের সব সমস্যার একমাত্র দায়ী ব্যক্তি। দ্রব্যমূল্য বাড়ছে? শিক্ষক দায়ী হতে পারেন। বেকারত্ব বাড়ছে? শিক্ষকের ভূমিকা খতিয়ে দেখা দরকার। রাজনৈতিক বিভাজন? শিক্ষক নিশ্চয়ই কোনো না কোনো পক্ষের। শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম? প্রথমে শিক্ষকের নামটি খুঁজে দেখা যাক।

দেশে এমন এক অদ্ভুত সামাজিক প্রবণতা তৈরি হয়েছে, যেখানে শিক্ষকের প্রতি প্রশ্ন তোলার অধিকারকে কখনো কখনো শিক্ষকের প্রতি অসম্মান করার অনুমতিপত্র মনে করা হয়। অথচ প্রশ্ন করা আর অপমান করা এক জিনিস নয়। জবাবদিহি চাওয়া আর কাউকে জনতার সামনে হেনস্তা করা এক বিষয় নয়। অভিযোগ তদন্ত করা আর অভিযোগের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়াও এক নয়।

বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান, যেখানে প্রশ্ন করার স্বাধীনতা থাকা উচিত। শিক্ষক ভুল করতে পারেন, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, তাঁর প্রশাসনিক বা পেশাগত সিদ্ধান্তের সমালোচনা হতে পারে। প্রয়োজনে তদন্ত হবে, জবাবদিহি নিশ্চিত হবে, অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এসবের কোনোটিই মবের হাতে বিচার তুলে দেওয়ার যুক্তি হতে পারে না।

অথচ বাস্তবতার কিছু দৃশ্য যেন নতুন এক পাঠ্যবইয়ের অধ্যায়। আর চারটি পাঠে বিভক্ত এই অধ্যায়ের নাম—‘শিক্ষক ব্যবস্থাপনা ও জনতার তাৎক্ষণিক বিচার’। পাঠগুলো হচ্ছে:

  • প্রথম পাঠ: কোনো শিক্ষক সম্পর্কে অভিযোগ শুনলে আগে যাচাই করবেন না।
  • দ্বিতীয় পাঠ: অভিযোগের সত্যতা না জানলেও উত্তেজিত হবেন।
  • তৃতীয় পাঠ: শিক্ষককে ঘিরে ধরুন, তাঁকে কথা বলতে দিন না, তাঁর বক্তব্যের আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলুন।
  • চতুর্থ পাঠ: প্রয়োজন হলে তাঁর ব্যক্তিগত মর্যাদা, পেশাগত পরিচয় এবং সামাজিক অবস্থানকে একসঙ্গে প্রশ্নবিদ্ধ করুন।

আর এই অধ্যায়ের শিখনফল যাচাইয়ে অধ্যায় শেষে পরীক্ষার প্রশ্নে আসে: প্রাকৃতিক ন্যায়বিচার কী?

উত্তর: যে পদ্ধতিতে নিজের পছন্দের মানুষের বিচার হয় না, সেটিই প্রাকৃতিক ন্যায়বিচার!

অবশ্য এই উত্তরটি লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যাবে কি না, তা নির্ভর করবে পরীক্ষক কোন পক্ষের তাৎক্ষণিক ছায়ায় বসে আছেন তার ওপর।

৪. ভিন্নমতের শিক্ষকদের কাঠগড়ায় আনতে বিশ্ববিদ্যালয়ে অদৃশ্য নতুন বিভাগ

মনে হয়, বিশ্ববিদ্যালয়ে নতুন একটি বিভাগ খোলা হয়েছে—‘তাৎক্ষণিক শিক্ষক বিচারবিদ্যা’।

এই বিভাগের পাঠ্যসূচি বেশ সহজ ও সংক্ষিপ্ত:

  • প্রথম অধ্যায়: শিক্ষককে কীভাবে সন্দেহভাজন বানানো যায়।
  • দ্বিতীয় অধ্যায়: অভিযোগের আগে সিদ্ধান্ত গ্রহণের কৌশল।
  • তৃতীয় অধ্যায়: দলবদ্ধ চাপ প্রয়োগের সামাজিক মনস্তত্ত্ব।
  • চতুর্থ অধ্যায়: আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েও ন্যায়বিচারের দাবি কীভাবে করা যায়।
  • পঞ্চম অধ্যায়: শিক্ষককে সম্মান করার পাশাপাশি তাঁকে ভয় দেখানোর ভাষা।

পরীক্ষার প্রশ্নও সহজ, যা আগে থেকেই বলে দেওয়া । একটি মাত্র এমসিকিউ প্রশ্ন।

প্রশ্ন: একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলে কী করবেন?

উত্তর: সঠিক উত্তরের পাশে টিক দিন)

    • ক. অভিযোগ যাচাই করবেন।
    • খ. প্রাতিষ্ঠানিক তদন্ত চাইবেন।
    • গ. তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন।
    • ঘ. আগে থেকেই রায় দিয়ে দেবেন।

অবশ্য শেষের উত্তরটি অনেক সময় সবচেয়ে জনপ্রিয় হয়। কারণ এতে সময় কম লাগে, আবেগ বেশি পাওয়া যায়, আর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সুযোগও তৈরি হয়।

কিন্তু বিশ্ববিদ্যালয় কি জনপ্রিয়তার প্রতিযোগিতার জায়গা?

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নন। শিক্ষার্থীও কোনো গোষ্ঠীর ব্যক্তিগত কর্মী নন। বিশ্ববিদ্যালয় এমন একটি পরিসর, যেখানে মতবিরোধ থাকবে, বিতর্ক থাকবে, প্রতিবাদ থাকবে; কিন্তু এসবের মধ্যেও ব্যক্তির মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচারের অধিকার অক্ষুণ্ণ থাকতে হবে।

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হোক। অন্যায় প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু মবের চাপে কারও পেশাগত জীবন, সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই ন্যায়বিচার নয়। কারণ আজ যাঁর বিরুদ্ধে জনতার রায়, কাল সেই জনতার মধ্যেই অন্য কেউ অভিযুক্ত হতে পারেন।

গান-০৩│শুনুন অধিকারপত্রের রম্য সামাজিক ব্যঙ্গগান —হাসির আড়ালে তীক্ষ্ণ প্রশ্ন, সুরের ভেতরে সমাজের প্রতিচ্ছবি│ গানের শিরোনাম: 🎵 ছায়ার সঙ্গে কুস্তি | Dancing with Shadows | Official Bilingual Satirical Folk-Rock Anthem

বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। কিন্তু জবাবদিহির নামে তাঁকে ভয় দেখানো, অপমান করা কিংবা দলবদ্ধ চাপের মুখে সিদ্ধান্ত আদায় করা কোনোভাবেই শিক্ষার সংস্কৃতি হতে পারে না। এতে শুধু একজন শিক্ষক ক্ষতিগ্রস্ত হন না; ক্ষতিগ্রস্ত হয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, শিক্ষার্থীর প্রশ্ন করার সাহস এবং জ্ঞানচর্চার পরিবেশ।

যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিরাপদে মত প্রকাশ করতে পারেন না, সেখানে শিক্ষার্থীর স্বাধীন চিন্তার ভবিষ্যৎও খুব একটা নিরাপদ থাকে না। কারণ ভয় কখনো ভালো শিক্ষক তৈরি করে না। ভয় কেবল অনুগত মানুষ তৈরি করতে পারে।

৫. বিশ্ববিদ্যালয়: জ্ঞানের বাতিঘর, নাকি আনুগত্যের কারখানা?

বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কেবল ডিগ্রি দেওয়া নয়। বিশ্ববিদ্যালয় মানুষের চিন্তার পরিসর তৈরি করে। এখানে প্রশ্ন করা শেখানো হয়, যুক্তি নির্মাণ শেখানো হয়, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শেখানো হয়।

বিশ্ববিদ্যালয়ে মতবিরোধ থাকবেই। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বিতর্ক হবে। প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনা হবে। রাজনৈতিক ও সামাজিক বিষয়ে ভিন্নমত থাকবে। এসবই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। কিন্তু যখন শিক্ষককে ভয় দেখিয়ে নীরব করার চেষ্টা হয়, যখন শিক্ষার্থীর প্রশ্নকে রাজনৈতিক আনুগত্যের মাপকাঠিতে বিচার করা হয়, যখন প্রশাসনিক সিদ্ধান্ত জনচাপের কাছে আত্মসমর্পণ করে, তখন বিশ্ববিদ্যালয়ের মৌলিক চরিত্র ক্ষতিগ্রস্ত হয়।

শিক্ষককে জবাবদিহির আওতায় আনার জন্য নিয়ম আছে। অভিযোগ তদন্তের ব্যবস্থা আছে। আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকা উচিত।

এসব ব্যবস্থা কার্যকর না হলে মবের জন্য জায়গা তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তাই শুধু ক্ষমতা প্রয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠান হিসেবেও কাজ করতে হবে। কেননা একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার প্রশাসনিক ভবনের উচ্চতায় নয়; বরং সেখানে একজন ভিন্নমতের শিক্ষক কতটা নিরাপদে কথা বলতে পারেন, একজন শিক্ষার্থী কতটা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন এবং একজন গবেষক কতটা নির্ভয়ে সত্য অনুসন্ধান করতে পারেন—তার মধ্যে।

যে বিশ্ববিদ্যালয়ে সবাই একই কথা বলেন, সেখানে হয়তো শৃঙ্খলা আছে; কিন্তু জ্ঞানচর্চা কতটা আছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

৬. ভয় পেয়ো না আমরা তোমাকে কিছুই করব না!: অভয়বাণীর আড়ালে মুগুরের সংস্কৃতি

এবার আসা যাক সুকুমার রায়ের কবিতার প্রসঙ্গে। ‘ভয় পেয়ো না’ কবিতার বক্তা খুবই আশ্বাসপ্রবণ। তিনি বারবার বলছেন, ভয় পাওয়ার কিছু নেই। প্রথমেই তিনি আশ্বস্ত করছেন—ভয় পাওয়ার কিছু নেই, তিনি কাউকে মারবেন না। তাঁর মন নরম, হাড়ে রাগ নেই, কাউকে চিবিয়ে খাওয়ার ক্ষমতাও নেই। তাই তিনি কাউকে মারবেন না, কুস্তি করবেন না, চিবিয়ে খাবেন না। তাঁর মন নরম, রাগ নেই, কাউকে গুঁতো দেওয়ার ইচ্ছাও নেই।

কিন্তু আশ্বাসের পরপরই তাঁর বক্তব্যে বেরিয়ে আসে শিং, মুগুর, গর্ত, পা ধরে টানার কথা এবং পরিবারের সদস্যদের সম্মিলিত কামড়ের প্রতিশ্রুতি। অর্থাৎ কথায় অভয়, আচরণে ভয়। এ যেনো, আশ্বাসের ভাষা এক, অভিপ্রায়ের ভাষা আরেক।

আমাদের সমাজে এই কৌশলটির যথেষ্ট চর্চা পরিলক্ষিত হয়েছে ২০২৪ এর পটপরিবর্তনের পর থেকে। ক্ষমতাবান কেউ কাউকে আশ্বস্ত করেন, ‘আপনি ভয় পাবেন না, আমরা আপনার পাশে আছি।’ তারপর পাশে দাঁড়ানোর অর্থ বোঝাতে কয়েকজন লোক পাঠানো হয়। তাঁরা বোঝান, কী বলতে হবে, কী বলা যাবে না, কোন বিষয়ে চুপ থাকতে হবে এবং কোন বিষয়ে সামাজিকভাবে সক্রিয় হওয়া উচিত।

আর ২০২৪ এর আগস্টের পরে আমাদের সমাজেও এই ধরনের অভয়বাণীতে আকাশে পাতাল প্রকম্পিত হয়েছে।  গুপ্ত হয়ে ঘাপটি মেরে থাকা সুযোগ সন্ধানীরা প্রকট হয়েছে।  মুখোশধারী ছায়াবাজীর সংখ্যা যেনো আশংকাজনকভাবে বেড়ে গেছে। “মুখে মধু, অন্তরে বিষ” –শ্রেণির প্রাণীর অগাধ বিচরণে বাতাসও যেন থমকে গেছে। ‘প্রতিশ্রুতি’ নামক পণ্যের যেন অভাব নেই। আর হঠাৎই লাইমলাইটে আসা চেতনার ফেরিওয়ালা, কেই কেউ এসে বলেছেন, ‘আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো সমস্যা হবে না।’ - তারপর আরেকজন এসে বোঝান, ‘বিষয়টি নিয়ে বেশি কথা না বলাই ভালো।’

বিদেশে থেকে উড়ে আসা নব্য চেতনাবাজদের সর্দার সেই ‘স্বপ্নের পাইকারি সিন্ডিকেট প্রধানের সুরে সুর মিলিয়ে অনেক জনকেই বলতে শুনা গেছে, ‘আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি।’ কিন্তু পরক্ষণেই সতর্কবাণীও উচ্চারিত হয়েছে, ‘তবে কিছু কথা বলার আগে পরিস্থিতি বুঝে নেওয়া উচিত।’

আবার সিন্ডিকেটের পাতি নেতা খুচরা ব্যবসায়ীদের কাউকে কাউকে বলতে শুনা গেছে, ‘আমরা কাউকে ভয় দেখাতে চাই না।’ - কিন্তু যাঁকে আশ্বস্ত করা হচ্ছে, তার মধ্যে যেন ভয়ের অনুভব আরো বেড়ে গেছে, কারণ দিনের আলোতে অভয়বাণীর সঙ্গে বাস্তবতার বিশাল দূরত্ব ফুটে ওঠেছে।

এখানে ভয় দেখানোর ভাষাটিও বেশ মার্জিত। সরাসরি হুমকি দেওয়া হয় না। বলা হয়, ‘আপনার ভবিষ্যতের কথা ভেবেই বলছি।’ কাউকে চুপ করানো হয় না, বলা হয়, ‘বিষয়টি আর না বাড়ালে সবার জন্য ভালো হবে।’ কাউকে মত পরিবর্তন করতে বাধ্য করা হয় না, বলা হয়, ‘আপনি নিশ্চয়ই বৃহত্তর স্বার্থ বুঝতে পারছেন।’

মুগুরের নাম বদলে হয়েছে ‘সামাজিক চাপ’। গর্তের নাম হয়েছে ‘নিরাপদ আশ্রয়’। আর কাউকে ধরে রাখার নাম হয়েছে ‘সৌহার্দ্যপূর্ণ সমঝোতা’। আর মজার বিষয় হচ্ছে এমন সমাজে মানুষ ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কথা স্বীকার করতে চায় না। কারণ ভয় স্বীকার করলে সাহসের সার্টিফিকেট প্রাপ্তিতে সমস্যা হতে পারে।

এখানে একটি মজার বিষয় শুরু হয়েছে, কেউ যদি প্রশ্ন করেন, ‘আমার স্বাধীন মত প্রকাশের অধিকার কোথায়?’

উত্তর আসে, ‘অবশ্যই আছে। তবে সময় বুঝে বলবেন। এখন বলার সময় আসে নি।’
কেউ যদি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করুন।’
উত্তর আসে, ‘অবশ্যই হবে। তবে আগে একটু সামাজিক পরিবেশ শান্ত হতে দিন।’ এর সাথে যুক্ত হয় ‘আমার উপর উপরের চাপ আছে।’
কেউ যদি বলেন, ‘আমাকে দলবদ্ধভাবে অপমান করা হচ্ছে।’
উত্তর আসে, ‘আপনি ভুল বুঝছেন। সবাই তো আপনার মঙ্গলই চায়!’

এখানেই ভয় পেয়ো না সংস্কৃতির আসল সৌন্দর্য। এক হাতে অভয়বাণী, অন্য হাতে মুগুর। মুখে সহনশীলতার বুলি, পেছনে চাপ প্রয়োগের ব্যবস্থা। সামনে শান্তির আহ্বান, আড়ালে ভয়ের আয়োজন।

এই সমাজে ভয় দেখানোর যেনো একটি নতুন সৃজনশীল ভাষা তৈরি হয়েছে। সরাসরি না বলে, পরোক্ষ হুমকিতে বলা হয়, ‘পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে নেই।’ এখানে  কাউকে চুপ করানোর জন্য প্রত‍্যক্ষ আদেশ দেওয়া হয় না; বলা হয়, ‘আপনার সম্মান রক্ষার স্বার্থেই বিষয়টি আর না বাড়ানো ভালো।’ কাউকে সরাসরি সরিয়ে দেওয়ার কথা বলা হয় না; বলা হয়, ‘প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে আপনাকে একটু সহযোগিতা করতে হবে।’ আর আমি বলি,

‘আহা! কী অপূর্ব ভাষাশৈলী!’এটা যেনো মুগুরের করপোরেট সংস্করণ। নাম—‘সৌহার্দ্যপূর্ণ সমঝোতা’।

৭. মবের বিচার: আদালত বন্ধ, জনতার অধিবেশন চলছে

প্রতিবাদ গণতান্ত্রিক সমাজের অপরিহার্য অধিকার।সমাজে অন্যায় হলে মানুষ প্রতিবাদ করবে। মানুষ অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নেবে। প্রয়োজন হলে অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হবে, দাবি জানাবে, প্রশ্ন তুলবে—এটাই স্বাভাবিক। আর এটিই গণতান্ত্রিক সৌন্দর্য, সমাজের স্বাভাবিক চর্চা কিন্তু প্রতিবাদ যখন দলবদ্ধ ভয় দেখানো, অপমান, শারীরিক বা মানসিক নিপীড়ন এবং বিচারপ্রক্রিয়া অগ্রাহ্য করার মাধ্যমে পরিচালিত হয়, তখন তা আর স্বাভাবিক প্রতিবাদ থাকে না।

সেখানে মব-মনস্তত্ত্ব কাজ করতে শুরু করে। মবের সবচেয়ে বড় শক্তি হলো ব্যক্তিগত দায়বোধের দুর্বলতা। একা যে কাজ করতে মানুষ দ্বিধা করে, দলবদ্ধ অবস্থায় সেটিই অনেক সময় করতে সাহস পায়। নিজের আচরণের নৈতিক দায়টি তখন ভিড়ের ওপর চাপিয়ে দেওয়া যায়। বলা যায়, বিক্ষুব্ধ জনতার কাজ।

এখানে কেউ বলতে পারেন, ‘আমি তো একা কিছু করিনি।’
আরেকজন বলেন, ‘সবাই তো ছিল।’
তৃতীয়জন বলেন, ‘পরিস্থিতি এমনই ছিল।’

অর্থাৎ অপরাধের দায়িত্বটি যেন বাতাসে ভাসে। কারও ব্যক্তিগত নয়, সবার সম্মিলিত। অথচ ক্ষতিগ্রস্ত মানুষটি বাস্তবেই ক্ষতিগ্রস্ত হন।

যুগযুগান্তরে চলে আসা সামাজিক রীতিনীতি ধ্বংস করতে কোন এক অদৃশ্য ইশারা যেনো শান্তির সমাজে প্রতিবাদ ও মব-সন্ত্রাসকে মিলিয়ে একাকার করে দিয়েছে। কিন্তু প্রতিবাদ এবং মব সন্ত্রাসের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে, যা বুঝার বোধশক্তিটুকু যেনো বিলোপ সাধিত হয়েছে।

প্রতিবাদ প্রশ্ন তোলে; মব অনেক সময় প্রশ্নের আগেই সিদ্ধান্ত দেয়। প্রতিবাদ প্রমাণ চায়; মব বেশিরভাগ সময় প্রমাণের প্রয়োজন অনুভব করে না। প্রতিবাদ জবাবদিহি দাবি করে; মব ব্যক্তিকে ভয় দেখিয়ে নতি স্বীকার করাতে চায়।প্রতিবাদের লক্ষ্য অন্যায় সংশোধন। মবের লক্ষ্য অদৃশ্য প্রভুর এজেন্ডা বাস্তবায়ন, যার অমোঘ লক্ষ্য টার্গেট মানুষকে পরাস্ত করা আর এভাবেই প্রতিবাদ ও মবের মধ‍্যকার পার্থক্যটি তুলে দিয়ে নূরে গণতান্ত্রিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস অন্যের অধিকার হরণের হাতিয়ারে পরিণত হয়েছে ।

এযেনো এক নতুন রুল-বুকের প্রচলন করা হয়েছে, যেখানে লেখা রয়েছে, মবের বিচারব্যবস্থায় অভিযোগকারী একই সঙ্গে তদন্তকারী, সাক্ষী, বিচারক এবং শাস্তি কার্যকরকারী। অভিযুক্তের কথা শোনার সুযোগ খুব সামান্যই রাখা হয়েছে, আর যেখানে নিরপেক্ষতার কোনো জায়গাই রাখা হয়নি। অপরদিকে এখানে ভুল হলে সংশোধনের ব্যবস্থাও নেই। অর্থাৎ এই রুল-বুকের রুলস অব বিজনেসে ভুল বলে কোনো শব্দ নাই। অন‍্যায়ই হচ্ছে ন‍্যায়, ক্ষমতা ও শক্তিই শেষ কথা।

তবে একটি মজার বিষয় আছে। মব সাধারণত নিজের কাজকে মব বলে স্বীকার করতে চায় না। নিজেরা হলে গণদাবি, অন্যরা হলে বিশৃঙ্খলা। নিজেদের সমাবেশ হলে জনতার জাগরণ, অন্যদের হলে আইনশৃঙ্খলার অবনতি। অর্থাৎ মবেরও দলীয় পরিচয় আছে!

আমাদের পরিবর্তিত সামাজ বাস্তবতায় আরেকটি মজার বিষয়ের উদয় হয়েছে। এখানে ক্ষমতায় থাকা নিজেরা যদি কোনো বিষয়ে ক্ষুব্ধ হয়, তবে তারা প্রতিবাদের অধিকারকে পবিত্র বলে ঘোষণা করে। আবার অন্য দল একই কাজ করলে সেটি হয়ে যায় বিশৃঙ্খলা। নিজেরা কাউকে ঘিরে ধরলে সেটি হয়ে যায় ন্যায়বিচারের দাবি;আর অন্যরা ঘিরে ধরলে বলা হয় মব সন্ত্রাস।

এখানে প্রশ্ন হলো, আমরা কি এমন সমাজ চাই যেখানে জনতার প্রতিবাদের অধিকার থাকবে, নাকি এমন সমাজ চাই যেখানে জনতার নামে যে কেউ অন্যের অধিকার কেড়ে নিতে পারবে?

গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের মত গুরুত্বপূর্ণ। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতই ন্যায়বিচারের একমাত্র মানদণ্ড নয়। একজন মানুষের মৌলিক অধিকার সংখ্যার হিসাব দিয়ে বাতিল করা যায় না।

বিচারের পাল্লায়ও আলাদা ওজন। আগেই বলেছি, নিজের লোকের বিরুদ্ধে অভিযোগ উঠলে বলা হয়, ‘তদন্ত হোক, প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না।’ অন্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে বলা হয়, ‘এত প্রমাণের কী আছে? সবাই তো জানে!’

এই দ্বিমুখী নীতির নাম কী হবে? নৈতিকতার দ্বৈত নাগরিকত্ব?

আইনের চোখে সবাই সমান—এই কথাটি আমরা প্রায়ই শুনি। কিন্তু বাস্তবে অনেক সময় মনে হয়, আইনের চোখে সবাই সমান হলেও কারও কারও চোখে আইন বেশি সমান। কেউ আইনের সুরক্ষা পান, কেউ আইনের ব্যাখ্যা পান, আর কেউ পান জনতার তাৎক্ষণিক সিদ্ধান্ত। আবার মনে হয়, আইন ইচ্ছা করেই অন্ধত্বের অভিনয় করছে, যাতে দূর্বলের উপর অত্যাচারের বিচার করতে না হয়, বা স্বল্প বিপক্ষেও যেতে না হয়।

তাহলে স্বাভাবিক প্রশ্ন হলো, আমরা কি এমন একটি সমাজ চাই, যেখানে অপরাধের বিচার হবে, নাকি এমন একটি সমাজ চাই, যেখানে যার বিরুদ্ধে বেশি লোক চিৎকার করতে পারবে, তার শাস্তি আগে নিশ্চিত হবে?

৮. নীতির দোকানে পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ নেই

এই বাংলা তথা বিদেশ, একটি সমৃদ্ধ উত্তরাধিকার ছিল। মহাবীর আলেকজান্ডারও অবাক হয়ে এই ভূমি পুত্রদের উন্নত নৈতিক অবস্থান, দেশপ্রেম, সাহস দেখেছেন॥ সেই প্রাচীন অতীত থেকেই নীতিবোধেরও একটি স্থায়ী সংজ্ঞা ছিল। সত্য বলা ভালো, অন্যায় করা মন্দ, দুর্নীতি অনৈতিক, ক্ষমতার অপব্যবহার অন্যায়, অন্যের অধিকার হরণ অপরাধ।

কালের পরিক্রমায় এখন মনে হয়, এসব সংজ্ঞার সঙ্গে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেমন—

  • নিজের পক্ষের দুর্নীতি হলে সেটি ভুল বোঝাবুঝি। অন্যের পক্ষের দুর্নীতি হলে সেটি রাষ্ট্রীয় বিপর্যয়।
  • নিজের পক্ষের সুবিধাবাদ হলে সেটি বাস্তববাদিতা। আর অন্যের পক্ষের সুবিধাবাদ হলে সেটি আদর্শহীনতা।
  • নিজের পক্ষের ক্ষমতাচর্চা হলে সেটি নেতৃত্ব। অন্যের পক্ষের ক্ষমতাচর্চা হলে সেটি স্বৈরতন্ত্র।
  • নিজের পক্ষের নিয়োগ হলে সেটি যোগ্যতার মূল্যায়ন। অন্যের পক্ষের নিয়োগ হলে সেটি দলীয়করণ।

নীতির এই নতুন অভিধানটি বেশ সুবিধাজনক। এতে কোনো নৈতিক দ্বন্দ্ব নাই। বিবেককে প্রতিদিন নতুন করে প্রশিক্ষণ দিতে হয় না। শুধু পক্ষ পরিবর্তন করলেই নীতির সংজ্ঞা বদলে যায়।

কেউ যদি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা।’
তাঁকে জিজ্ঞাসা করা যায়, ‘সব দুর্নীতির বিরুদ্ধে, নাকি শুধু প্রতিপক্ষের?’

প্রশ্নটি অবশ্য একটু বিপজ্জনক। কারণ প্রশ্নটি করলে প্রশ্নকারীর চরিত্র নিয়ে আলোচনা শুরু হতে পারে। — এখানে একটি বিশেষ ধরনের নীতিবান মানুষও আছেন। তাঁরা অন্যের ভুল ধরতে অত্যন্ত দক্ষ। তাঁদের চোখে দূরের মানুষের চরিত্রের ক্ষুদ্রতম দাগও স্পষ্ট। কিন্তু নিজের নাকের ডগায় বসে থাকা হাতির সমান অনিয়মটি দেখতে পান না। নিজের দলের দুর্নীতি দেখলে চোখে কুয়াশা নামে, আর প্রতিপক্ষের সামান্য ভুল দেখলে চোখে দূরবীক্ষণ যন্ত্র বসে যায়।

এঁদের জন্য যেনো এমন একটি বিশেষ চশমা তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে—‘বিবেকদর্শী চশমা’। তবে শর্ত একটাই: চশমাটি নিজের দিকে তাকানোর সময় খুলে রাখতে হয়!

৯. ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে সবাই নির্দোষ: নিজের ছায়াকে সূর্য মনে করার অদ্ভুত রোগ

ক্ষমতা একটি অদ্ভুত আয়না। এতে মানুষ নিজের চেহারা দেখতে দেখতে একসময় নিজের ছায়াকেও আসল পরিচয় মনে করতে শুরু করে। ক্ষমতা মানুষের চরিত্রের একটি অদ্ভুত পরীক্ষা নেয়। ক্ষমতা পেলে কেউ দায়িত্বশীল হন। আবার কেউ ভাবেন, তাঁর সিদ্ধান্তই নিয়ম, তাঁর বক্তব্যই ব্যাখ্যা, তাঁর নীরবতাই প্রশাসনিক নির্দেশনা। আর তাঁর কাছে প্রতিষ্ঠান মানে নিজের ইচ্ছার সম্প্রসারণ। আইন মানে প্রয়োজনমতো ব্যবহারের উপকরণ। আর জবাবদিহি? সেটি অন্যদের জন্য। কেউ প্রশ্ন করলে তিনি বিরক্ত হন। কেউ সমালোচনা করলে তাঁকে অকৃতজ্ঞ মনে করেন। কেউ অনিয়মের কথা বললে তাঁকে প্রতিষ্ঠানের শত্রু ভাবেন। —এ যেন ক্ষমতার নব-প্রবর্তিত নিজস্ব ব্যাকরণ। ক্ষমতার সবচেয়ে বড় বিপদ হলো, এটি মানুষকে নিজের ভুলের প্রতি অন্ধ করে দিতে পারে। চারপাশে যখন সবাই প্রশংসা করে, তখন সমালোচনার শব্দ কানে পৌঁছায় না। যখন অধস্তনরা সব সিদ্ধান্তে সম্মতি জানায়, তখন নিজের সিদ্ধান্তকে প্রশ্ন করার প্রয়োজনও অনুভূত হয় না।

এই ব্যাকরণে ‘আমি’ মানে প্রতিষ্ঠান, ‘আমার সিদ্ধান্ত’ মানে নীতি, ‘আমার সুবিধা’ মানে বৃহত্তর স্বার্থ এবং ‘আমার বিরোধিতা’ মানে ষড়যন্ত্র।

অথচ প্রতিষ্ঠান কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। রাষ্ট্র কোনো দলের নয়। বিশ্ববিদ্যালয় কোনো প্রশাসকের নয়। সংবাদমাধ্যম কোনো ক্ষমতাবানের প্রচারযন্ত্র নয় কেননা প্রতিষ্ঠানের স্থায়িত্ব নির্ভর করে নিয়মের ওপর, ব্যক্তির ইচ্ছার ওপর নয়। একজন দায়িত্বশীল ক্ষমতাবান জানেন, তাঁর সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়তে পারে। তিনি জানেন, ক্ষমতা মানে জবাবদিহি। আর যিনি এসব মানতে চান না, তিনি আসলে ক্ষমতাকে দায়িত্ব হিসেবে নয়, ব্যক্তিগত অধিকার হিসেবে ব্যবহার করেন।

এভাবে একসময় ক্ষমতাবান ব্যক্তি নিজের ছায়াকেই নিজের চেয়ে বড় মনে করতে শুরু করেন। তখন তাঁর কাছে প্রতিষ্ঠান মানে নিজের ইচ্ছার সম্প্রসারণ, আইন মানে ভিন্নমতালম্বীদের দমনে  নিজের সুবিধামতো ব্যবহারের উপকরণ, আর জনগণ মানে প্রয়োজনমতো করতালি দেওয়ার একটি সমষ্টি।

এরপরেও যদি কেউ যদি বলেন, ‘আপনার সিদ্ধান্তে অনিয়ম হয়েছে।’ তখন সহাস্য তিনি উত্তর দেন, ‘আপনি কি জানেন আমি কে?’
আবার কেউ যদি বলেন, ‘এই কাজটি নিয়মবহির্ভূত।’ তখন আর সরাসরি উত্তর , ‘নিয়মের উদ্দেশ্য তো কাজ করা।’
যদি কেউ বলেন, ‘এখানে স্বচ্ছতা প্রয়োজন।’ তখন তিনি বলেন, ‘সবকিছু কি প্রকাশ করা যায়?’
এসময় কেউ যদি বলেন, ‘জবাবদিহি করতে হবে।’ তার তখন হুমকিমাখা গলায় উত্তর ‘আমাদের কাজের মূল্যায়ন ইতিহাস করবে।’

আর আমি ভাবি, আহা! ইতিহাসের ওপরও কী বিপুল দায়িত্ব! জীবিত অবস্থায় কেউ প্রশ্নের উত্তর দিতে চান না, অথচ মৃত্যুর পর ইতিহাস তাঁকে ন্যায়বিচার করে দেবে—এমন প্রত্যাশা রাখেন।কিন্তু ইতিহাসও তো মানুষের কাজের দলিল দেখে। ছায়ার বিজ্ঞাপন দেখে বিচার করে না।

১০. নীতির বোতলে সুবিধাবাদের মিশ্রণ, আছে সাংস্কৃতিক ঐতিহ্য

দুর্নীতি আমাদের সমাজে শুধু অর্থনৈতিক অনিয়ম নয়; সাম্প্রতিক সময়ে এটি সামাজিক দক্ষতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার ঝুঁকি তৈরি করেছে। কে কতটা নিয়ম এড়িয়ে কাজ করতে পারেন, কার সঙ্গে কার যোগাযোগ আছে, কোথায় ফোন করলে কাজ দ্রুত হয়—এসব যেন এক ধরনের অনানুষ্ঠানিক যোগ্যতার মাপকাঠি। আর যোগ্যতা দিয়ে কাজ না হলে পরিচয় দিয়ে চেষ্টা করুন। পরিচয় দিয়ে না হলে সুপারিশ। সুপারিশে না হলে চাপ। চাপেও না হলে সামাজিক আন্দোলন! —অবশ্য এই আন্দোলনের উদ্দেশ্য কী, সেটি আগে থেকে নির্ধারিত থাকে না। পরিস্থিতি অনুযায়ী উদ্দেশ্য তৈরি হয়।

দুর্নীতির বিরুদ্ধে কথা বলা এখন প্রায় সামাজিক সৌজন্য। সবাই দুর্নীতির বিরোধী। সভা-সেমিনারে সবাই দুর্নীতির বিরুদ্ধে। পোস্টারে সবাই দুর্নীতির বিরুদ্ধে। বক্তব্যে সবাই দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু বাস্তবে দুর্নীতির সুবিধা পাওয়া গেলে অনেকের নৈতিক অবস্থান কিছুটা নমনীয় হয়ে যায়। কিন্তু নিজের পরিচিত কেউ নিয়ম ভাঙলে সেটি হয় মানবিক বিবেচনা। নিজের দলের কেউ সুবিধা নিলে সেটি হয় রাজনৈতিক বাস্তবতা। নিজের লোকের নিয়োগ হলে সেটি হয় যোগ্যতার স্বীকৃতি। আর অন্যের লোকের নিয়োগ হলে সেটি হয় দলীয়করণ।

দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুর্নীতির সুবিধাভোগী হয়ে ওঠার মতো সৃজনশীলতা পৃথিবীর খুব বেশি সমাজে পাওয়া যায় না। আমাদের আরেকটি বিস্ময়কর অভ্যাস হলো, দুর্নীতির অভিযোগ উঠলেই আমরা ব্যক্তি বিশেষের দিকে তাকাই; কিন্তু যে প্রতিষ্ঠান, প্রক্রিয়া বা সংস্কৃতি দুর্নীতিকে সম্ভব করে তোলে, তার দিকে তাকাই না। দুর্নীতিরও যেন এখন নৈতিক ব্যাখ্যার আলাদা বিভাগ আছে।

এই সমাজে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে জোরে কথা বলা মানুষটিও যদি নিজের সুবিধার সময় নিয়ম এড়িয়ে যেতে চান, তাহলে তাঁর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা কোথায় থাকে?

দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়। এটি সুযোগের অসম বণ্টন, যোগ্যতার অবমূল্যায়ন, প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থার অবক্ষয় এবং ন্যায্যতার ধারণাকে দুর্বল করার একটি প্রক্রিয়া। কেউ যখন যোগ্যতা ছাড়াই সুবিধা পান, তখন শুধু একজন বঞ্চিত হন না; একটি প্রতিষ্ঠানও তার বিশ্বাসযোগ্যতা হারায়। তাই দুর্নীতি দূর করতে হলে শুধু দুর্নীতিবাজের নাম প্রকাশ করলেই চলবে না। দুর্নীতির সুযোগ তৈরি করে এমন প্রাতিষ্ঠানিক কাঠামোও বদলাতে হবে। অন্যথায় পুরোনো বোতলে নতুন লেবেল লাগিয়ে আবারও বাজারে ছাড়া হবে।

একজন দুর্নীতিবাজকে সরিয়ে দিলেই দুর্নীতির অবসান হয় না। কারণ দুর্নীতি অনেক সময় ব্যক্তির চেয়ে বড় একটি ব্যবস্থার মধ্যে শিকড় গেড়ে বসে থাকে। কেননা একটি পদ শূন্য হলে সেখানে নতুন মানুষ বসেন। কিন্তু পদটির সঙ্গে যুক্ত অনিয়মের সুযোগগুলো অক্ষত থাকলে পুরোনো সমস্যাই নতুন পোশাক পরে ফিরে আসে। মনে রাখতে হবে, “ছায়ার ব্যবসায়ীরাও এ বিষয়টি ভালো বোঝেন। তাঁরা পণ্যের নাম বদলান, বোতলের রং বদলান, বিজ্ঞাপনের ভাষা বদলান; কিন্তু ভেতরের মিশ্রণটি একই রাখেন।”

১১. ফেসবুকের আদালত: বিচারক অনেক, বিবেকের সাক্ষী কম

সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের অনেক ভালো সুযোগ দিয়েছে। মানুষ নিজের কথা বলতে পারছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারছে, তথ্য ছড়িয়ে দিতে পারছে। কিন্তু একই সঙ্গে এই মাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার, চরিত্রহনন, গুজব এবং দলবদ্ধ আক্রমণের প্রবণতাও তৈরি হয়েছে। বিস্ময়কর হলেও সত্যি, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এক বিস্ময়কর দৃশ্য দেখা যায়। সবাই সব বিষয়ে বিশেষজ্ঞ। কেউ অর্থনীতিবিদ, কেউ সংবিধান বিশেষজ্ঞ, কেউ শিক্ষাবিদ, কেউ মনোবিজ্ঞানী, কেউ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আর প্রয়োজনে সবাই বিচারপতিও।

একটি ছবি দেখেই অপরাধী শনাক্ত। একটি বক্তব্যের কয়েক সেকেন্ড শুনেই উদ্দেশ্য নির্ধারণ। একটি পোস্ট দেখেই মানুষের রাজনৈতিক ও নৈতিক চরিত্রের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। একটি ভিডিওর কয়েক সেকেন্ড দেখেই উদ্দেশ্য নির্ধারণ। একটি বক্তব্যের বিচ্ছিন্ন অংশ শুনেই মানুষের পুরো জীবন সম্পর্কে সিদ্ধান্ত।

তথ্য যাচাই করার প্রয়োজন নেই। প্রেক্ষাপট জানার দরকার নেই। বক্তব্যের আগে-পরে কী বলা হয়েছে, তা দেখারও সময় নেই। প্রেক্ষিতের প্রয়োজন নেই। পূর্ণ বক্তব্যের প্রয়োজন নেই। ঘটনার আগে-পরে কী ঘটেছিল, তা জানারও প্রয়োজন নেই। তবে রায় দিতে কোনো অসুবিধা হয় না। তথ্য যাচাই করতে গেলে সময় লাগে। অথচ রায় দিতে লাগে কয়েক সেকেন্ড। —এখানে দ্রুততম বিচারকের জন্য পুরস্কার থাকা উচিত। যিনি সবচেয়ে কম সময়ে সবচেয়ে বড় রায় দিতে পারবেন, তিনি পাবেন ‘ডিজিটাল ন্যায়বিচার পদক’।

অবশ্য পুরস্কার দেওয়ার আগে একটি ছোট প্রশ্ন থাকবে—আপনি কি পুরো ঘটনাটি জানেন?

উত্তর যদি হয়, ‘না’, তাহলে পরের প্রশ্ন—তাহলে রায় দিলেন কীভাবে?

উত্তর: ‘সবাই তো বলছে!’

এই ‘সবাই’ শব্দটি বেশ রহস্যময়। এর কোনো নির্দিষ্ট পরিচয় নেই। কেউ জানে না সবাই কারা। কিন্তু সবাই জানে সবাই কী বলছে। — এভাবে গুজব সামাজিক সত্যের পোশাক পরে। অপপ্রচার তথ্যের জায়গা দখল করে। আর চরিত্রহনন হয়ে ওঠে বিনোদনের উপকরণ।যে সমাজে একটি শেয়ার বাটন মানুষের সম্মান নষ্ট করতে পারে, সেখানে ডিজিটাল নাগরিকত্বের শিক্ষা অত্যন্ত জরুরি।

এখানে জনপ্রিয়তারও একটি অদ্ভুত সমীকরণ আছে। যে যত বেশি উত্তেজনা তৈরি করতে পারেন, তাঁর পোস্ট তত বেশি ছড়ায়। যে যত বেশি নিশ্চিতভাবে ভুল কথা বলতে পারেন, অনেক সময় তাঁর আত্মবিশ্বাস তত বেশি প্রশংসা পায়। আর যিনি বলেন, ‘বিষয়টি যাচাই করে দেখা দরকার’, তাঁকে অনেক সময় দুর্বল, দ্বিধাগ্রস্ত কিংবা পক্ষপাতদুষ্ট বলে মনে করা হয়। অর্থাৎ সতর্কতা এখানে সন্দেহজনক, আর অজ্ঞতার আত্মবিশ্বাস প্রশংসনীয়!

গান-০৪│শুনুন অধিকারপত্রের রম্য সামাজিক ব্যঙ্গগান —হাসির আড়ালে তীক্ষ্ণ প্রশ্ন, সুরের ভেতরে সমাজের প্রতিচ্ছবি│ গানের শিরোনাম: 🎵 শিক্ষকের মর্যাদা | The Dignity of Teachers | Special Editorial Song on Justice & Mob Mentality

এমন পরিবেশে শিক্ষক, সাংবাদিক, গবেষক কিংবা যেকোনো সমালোচনামূলক কণ্ঠ সহজেই আক্রমণের শিকার হতে পারেন। বিশেষত যখন তাঁদের বক্তব্য কোনো গোষ্ঠীর স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়। তাই ডিজিটাল নাগরিকত্বের প্রথম পাঠ হওয়া উচিত—কিছু দেখলেই বিশ্বাস করবেন না, কিছু শুনলেই ছড়াবেন না, আর কাউকে অভিযুক্ত করার আগে প্রমাণের অপেক্ষা করতে শিখুন। কারণ শেয়ার বাটন চাপা সহজ; কিন্তু কারও হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়া সহজ নয়।

১২. বিবেকের দলীয় কার্যালয়: নিজের দোষে ছুটি, অন্যের দোষে কর্মব্যস্ততা

বিবেকের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এটি সাধারণত নিজের ভেতরে বাস করে। কিন্তু আমাদের সমাজে বিবেকেরও যেন দলীয় কার্যালয় হয়েছে। কারও বিবেক জাগে সকালে, কারও দুপুরে, কারও আবার রাজনৈতিক পরিস্থিতি বুঝে রাতে। —একই অন্যায়ের বিরুদ্ধে একজন আজ প্রতিবাদ করছেন, কাল নীরব থাকছেন। কারণ অন্যায়ের শিকার ব্যক্তি বদলে গেছেন।

  • কেউ শিক্ষককে অপমান করলে প্রতিবাদ করা উচিত—এ কথা আমরা বলি। কিন্তু সেই শিক্ষক যদি আমাদের অপছন্দের হন, ভিন্ন মতের হয়, তখন কি তাঁর মর্যাদা রক্ষার অধিকারও বাতিল হয়ে যায়?
  • কেউ যদি রাজনৈতিক পরিচয়ের কারণে নিপীড়নের শিকার হন, তাঁর অধিকার কি কমে যায়?
  • কেউ যদি ভুল করেন, তাহলে কি তাঁর প্রতি অন্যায় করার অধিকার অন্যদের জন্মায়?

এসব প্রশ্নের উত্তর খুব কঠিন নয়। কিন্তু উত্তরগুলো মেনে চলা কঠিন।কারণ নৈতিকতার সবচেয়ে বড় পরীক্ষা হলো, যে মানুষটিকে আমরা পছন্দ করি না, তাঁর অধিকারও রক্ষা করতে পারি না।

এখানে ইচ্ছাধীন নাগিনের দ্বারা স্মৃতিবিভ্রম ঘটানো হয়েছে , আমরা ভুলে গেছি, যে শিক্ষককে আমরা সমর্থন করি না, তাঁরও ন্যায়বিচারের অধিকার আছে। যে ব্যক্তির রাজনৈতিক মতের সঙ্গে আমাদের মত মেলে না, তাঁরও নিরাপত্তা ও মর্যাদা পাওয়ার অধিকার আছে। যে মানুষটি ভুল করেছেন, তাঁর ভুলের বিচার হবে নিয়ম অনুযায়ী; জনতার ক্রোধ অনুযায়ী নয়। আর সভ্যতার এই ন্যূনতম শর্তাবলীর আমাদের ডিকশেনারী থেকে মুছে দেওয়া হয়েছে।

অন্যের অধিকার রক্ষার জন্য তাঁর মতের সঙ্গে একমত হওয়া লাগে না। লাগে শুধু নিজের বিবেককে জীবিত রাখা।বিবেকের কাজ হলো মানুষকে নিজের ভুলের মুখোমুখি দাঁড় করানো। কিন্তু সেই বিবেক কবে যে হারিয়ে গেছে, ছায়াবাজরা নতুন বিবেকায় প্রোগ্রামিং করে দিয়েছে, তাইতো দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেকের বিবেকের কর্মসূচি একটু আলাদা হয়ে প্রকাশিত হচ্ছে:

  • নিজের পক্ষের ভুল দেখলে বিবেক ছুটিতে যায়। অন্যের পক্ষের ভুল দেখলে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজে নামে।
  • নিজের দলের দুর্নীতি দেখলে বলে, ‘সময় দিন।’অন্যের দলের দুর্নীতি দেখলে বলে, ‘এখনই ব্যবস্থা চাই।’
  • নিজের পক্ষের অন্যায় দেখলে বলে, ‘প্রেক্ষাপট বিবেচনা করুন।’অন্যের পক্ষের অন্যায় দেখলে বলে, ‘অপরাধের কোনো প্রেক্ষাপট হয় না।’

এমন বিবেকের জন্য আলাদা বেতন কাঠামো থাকা উচিত। নিজের পক্ষের ক্ষেত্রে ছুটি, অন্যের ক্ষেত্রে ওভারটাইম। কিন্তু বিবেকের প্রকৃত পরীক্ষা তো এখানেই। যে মানুষটির সঙ্গে আমার মতের মিল নেই, তাঁর অধিকারও কি আমি রক্ষা করতে পারি? যে শিক্ষককে আমি পছন্দ করি না, তাঁর ন্যায়বিচারের দাবিও কি আমি সমর্থন করতে পারি? যে রাজনৈতিক পক্ষের সঙ্গে আমার বিরোধ, তার সদস্যের ওপর অন্যায় হলে কি আমি প্রতিবাদ করতে পারি?

যদি না পারি, তাহলে আমাদের নীতিবোধ আসলে নীতিবোধ নয়; সেটি পক্ষের প্রতি আনুগত্য। আর নিজেকে মানুষ হিসেবে দাবী করার অধিকার যেনো হারিয়ে যাচ্ছে —ন্যায়বিচার নিজের লোকের জন্য এক রকম এবং অন্যের জন্য আরেক রকম হতে পারে না। অন্তত একজন মানুষ হলে তাই মনে করতো!

১৩. ছায়ার ওষুধে সমাজের রোগ সারবে না কিন্তু রোগের নাম বদলাবে?

সমাজে যখন সমস্যা দেখা দেয়, আমরা প্রায়ই নতুন ওষুধ খুঁজি। নতুন আইন, নতুন কমিটি, নতুন নীতিমালা, নতুন শুদ্ধি অভিযান। কিন্তু রোগের মূল কারণ যদি অক্ষত থাকে, তাহলে ওষুধের নাম বদলালেও ফল বদলায় না। মব সন্ত্রাস বন্ধ করতে হলে শুধু মবের বিরুদ্ধে বক্তব্য দিলে চলবে না। আইনের শাসন নিশ্চিত করতে হবে। দলবদ্ধ চাপ প্রয়োগের সংস্কৃতিকে প্রত্যাখ্যান করতে হবে। অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। শিক্ষকের মর্যাদা রক্ষার জন্য শুধু ফুল দিয়ে শুভেচ্ছা জানালে হবে না। পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা এবং ন্যায্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি বন্ধ করতে শুধু দুর্নীতিবিরোধী দিবস পালন যথেষ্ট নয়। নিয়োগ, পদোন্নতি, ক্রয়, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতা গড়ে তুলতে শুধু গুজববিরোধী পোস্ট দিলেই হবে না। তথ্য যাচাই, ডিজিটাল সাক্ষরতা এবং অন্যের মর্যাদা রক্ষার শিক্ষা প্রয়োজন। আর রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হলে শুধু প্রতিপক্ষের অন্যায় নিয়ে কথা বললে চলবে না। নিজের পক্ষের অন্যায়ের বিরুদ্ধেও একই দৃঢ়তায় দাঁড়াতে হবে।

সমাজের সবচেয়ে কার্যকর ওষুধটির নাম—প্রাতিষ্ঠানিক ন্যায়বিচার। —এই ওষুধের কোনো সহজ বিকল্প নেই। এটা জানার পরেও সমাজের রোগ সারাতে আমরা প্রায়ই নতুন নতুন ওষুধ খুঁজি। কখনো নতুন আইন, কখনো নতুন কমিটি, কখনো নতুন নীতিমালা, কখনো নতুন শুদ্ধি অভিযান। কিন্তু রোগের মূল কারণ যদি অক্ষত থাকে, তাহলে ওষুধের নাম বদলালেও ফল খুব বেশি বদলায় না। তাই সেমাজ পরিবর্তনে চাই নিচের ৗষধ:

  • মব সন্ত্রাস বন্ধ করতে হলে শুধু মবের বিরুদ্ধে বক্তব্য দিলেই হবে না; দলবদ্ধ চাপ প্রয়োগের সংস্কৃতি প্রত্যাখ্যান করতে হবে।
  • শিক্ষকের মর্যাদা রক্ষা করতে হলে শুধু শিক্ষক দিবসে ফুল দিলেই হবে না; শিক্ষকের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা এবং ন্যায্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।
  • দুর্নীতি বন্ধ করতে হলে শুধু দুর্নীতিবিরোধী স্লোগান দিলেই হবে না; নিয়োগ, পদোন্নতি, ক্রয়, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
  • সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার কমাতে হলে শুধু গুজববিরোধী পোস্ট দিলেই হবে না; তথ্য যাচাই, ডিজিটাল সাক্ষরতা এবং দায়িত্বশীল নাগরিক আচরণ গড়ে তুলতে হবে। এবং
  • রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হলে শুধু প্রতিপক্ষের অন্যায় চিহ্নিত করলেই হবে না; নিজের পক্ষের অন্যায়ের বিরুদ্ধেও একই দৃঢ়তায় দাঁড়াতে হবে।

সমাজ সংস্কারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ওষুধটির নাম—প্রাতিষ্ঠানিক ন্যায়বিচার। —এই ওষুধের কোনো সহজ বিকল্প নেই। এটি তিক্ত হতে পারে, সময়সাপেক্ষ হতে পারে, কিন্তু এর কার্যকারিতা দীর্ঘস্থায়ী।

১৪. ছায়াবাজদের বাজারজাতকৃত ব‍্যবসাসফল নতুন পণ্যের তালিকা

সুকুমার রায়ের কল্পনার বাজারে নয়, যেন আমাদের সমাজেই আমাদের সময়ের ছায়াবাজরা কয়েকটি নতুন পণ্য বাজারজাত করেছনে, যার চাহিদা ব্যাপক ও লাভ —বলে শেষ করা যায় না:

  • প্রথম পণ্য—‘তাৎক্ষণিক দেশপ্রেম’। প্রয়োজনমতো ব্যবহার করুন। প্রতিপক্ষের সমালোচনা করতে কাজে লাগবে। নিজের ভুলের সময় এটি সাময়িকভাবে বন্ধ রাখুন।
  • দ্বিতীয় পণ্য—‘অভিযোগপ্রমাণক ছায়া’। কাউকে সন্দেহভাজন বানাতে একবার ব্যবহারই যথেষ্ট। তবে নিজের ক্ষেত্রে ব্যবহার করলে কার্যকারিতা নাও থাকতে পারে।
  • তৃতীয় পণ্য—‘অভয়বাণী মুগুর’। মুখে বলুন, ভয় পাবেন না; প্রয়োজনে নীরব থাকার কারণটিও বুঝিয়ে দেবে।
  • চতুর্থ পণ্য—‘বিবেকের দলীয় সংস্করণ’। আপনার দলের জন্য আলাদা, প্রতিপক্ষের জন্য আলাদা। একই ঘটনার দুটি সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা তৈরি করতে সক্ষম।
  • পঞ্চম পণ্য—‘জনতার তাৎক্ষণিক বিচার’। তদন্তের অপেক্ষা নেই, আদালতের ঝামেলা নেই, আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন নেই। তবে ভুল রায় হলে ফেরতযোগ্য নয়।
  • ষষ্ঠ পণ্য—‘নীতির রঙ পরিবর্তনকারী কালি’। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে নৈতিকতার সংজ্ঞাও বদলে যাবে। এই পণ্যের সাথে ফ্রি অফার ক্ষমতার ছায়া, যা ব্যবহারকারীকে সাময়িকভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থাকার অনুভূতি দেবে।
  • সপ্তম পণ্য—‘সম্মান রক্ষার নীরবতা’। অন্যায়ের প্রতিবাদ করতে ইচ্ছা হলে ব্যবহার করুন। মুহূর্তের মধ্যে আপনার কণ্ঠস্বরকে ভদ্র, মার্জিত এবং অকার্যকর করে তুলবে।
  • অষ্টম পণ্য— সুবিধাবাদের নীতিকালি । ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদর্শের রং বদলে যাবে।

তবে ক্রেতাদের জন্য একটি সতর্কীকরণও থাকা উচিত, যা বিক্রেতাদের অভিধানে থাকে না। তাই সংবিধিবদ্ধ সতর্ককরণ হিসেবে থাকতে হবে:

সতর্কীকরণ বিজ্ঞপ্তি:

এই পণ্যগুলো দীর্ঘদিন ব্যবহার করলে বিবেকের স্বাভাবিক কার্যকারিতা কমে যেতে পারে। নিজের ভুল দেখার ক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সামাজিক সম্পর্ক, ন্যায়বিচার ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ক্ষতিকর।

১৫. শেষ পর্যন্ত প্রশ্নটি আমাদেরই: আমরা কোন সমাজ চাই? আসলে আমরা কী চাই—ছায়া, না আলো?

আমরা কি এমন সমাজ চাই, যেখানে শিক্ষক ভুল করলে তাঁর বিচার হবে, কিন্তু তাঁকে অপমান করা হবে না? যেখানে শিক্ষার্থী প্রতিবাদ করবে, কিন্তু অন্যের অধিকার কেড়ে নেবে না? যেখানে প্রশাসন ক্ষমতা প্রয়োগ করবে, কিন্তু ক্ষমতার জবাবদিহি থেকেও মুক্ত থাকবে না? যেখানে রাজনৈতিক পরিচয় নয়, কাজের ভিত্তিতে মানুষের মূল্যায়ন হবে?

আমরা কি এমন সমাজ চাই, যেখানে অভিযোগ উঠলে তদন্ত হবে, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে এবং প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে?

নাকি এমন সমাজ চাই, যেখানে যার কণ্ঠস্বর বেশি জোরালো, তার রায়ই শেষ কথা?

সুকুমার রায়ের কবিতার রস আমাদের হাসায়, কিন্তু সেই হাসির আড়ালে একটি গভীর সত্য লুকিয়ে থাকে। মানুষ কখনো কখনো এমন অদ্ভুত যুক্তি তৈরি করে, যার সঙ্গে বাস্তবতার সম্পর্ক খুব সামান্য। ছায়াকে ধরে ওষুধ বানানোর মতোই আমরা অনেক সময় অন্যায়ের ছায়াকে ন্যায়বিচার বলে চালিয়ে দিই। ভয় দেখিয়ে অভয় দেওয়ার মতোই স্বাধীনতার কথা বলে মানুষকে নীরব থাকতে শেখাই। কিন্তু ছায়া যত বড়ই হোক, সেটি আলোকে প্রতিস্থাপন করতে পারে না।

একটি সমাজের প্রকৃত শক্তি তার ক্ষমতাবান মানুষের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না। নির্ধারিত হয় দুর্বল মানুষের অধিকার কতটা নিরাপদ, ভিন্নমতের মানুষ কতটা স্বাধীন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ কতটা সুরক্ষিত—তা দিয়ে।

শিক্ষককে সম্মান করা মানে তাঁকে সমালোচনার ঊর্ধ্বে রাখা নয়; বরং সমালোচনাকে যুক্তিসংগত, জবাবদিহিকে ন্যায়সংগত এবং বিচারপ্রক্রিয়াকে মানবিক রাখা।

আমরা এমন সমাজ চাই না, যেখানে শিক্ষক প্রশ্ন করতে ভয় পাবেন, শিক্ষার্থী ভিন্নমত প্রকাশ করতে ভয় পাবেন, সাংবাদিক অনুসন্ধান করতে ভয় পাবেন, গবেষক সত্য অনুসন্ধান করতে ভয় পাবেন কিংবা সাধারণ নাগরিক নিজের অধিকার দাবি করতে সংকোচ বোধ করবেন।

আমরা এমন সমাজ চাই, যেখানে শিক্ষক ভুল করলে তাঁর জবাবদিহি হবে, কিন্তু তাঁকে অপমান করা হবে না; শিক্ষার্থী প্রতিবাদ করলে তার কথা শোনা হবে, কিন্তু অন্যের অধিকার হরণ করতে দেওয়া হবে না; ক্ষমতাবান অন্যায় করলে তাঁর পরিচয় নয়, কাজের বিচার হবে; দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত হবে, আর প্রমাণিত হলে যথাযথ শাস্তি নিশ্চিত হবে।

ক্ষমতাবানকে প্রশ্ন করা মানে রাষ্ট্রের বিরোধিতা নয়; বরং প্রতিষ্ঠানকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া। আর ভিন্নমতের মানুষকে অধিকার দেওয়া মানে তাঁর সঙ্গে একমত হওয়া নয়; বরং নিজের সভ্যতার পরিচয় দেওয়া।

আজ আমরা এমন এক সামাজিক পরিস্থিতির মুখোমুখি, যেখানে ন্যায়বিচারের নামে অন্যায়, দেশপ্রেমের নামে বিদ্বেষ, সংস্কারের নামে প্রতিহিংসা এবং শৃঙ্খলার নামে ভয় তৈরির প্রবণতা দেখা দিতে পারে। এই প্রবণতাগুলোকে মোকাবিলা করতে হলে শুধু ব্যক্তি বদলালেই হবে না; আমাদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক আচরণেরও পরিবর্তন প্রয়োজন।

আমরা চাই, অভিযোগের আগে প্রমাণ আসুক, রায়ের আগে শুনানি হোক, ক্ষমতার আগে দায়িত্ববোধ আসুক এবং রাজনৈতিক পরিচয়ের আগে নাগরিক মর্যাদা স্বীকৃতি পাক।

সবচেয়ে বড় কথা, আমরা চাই—বিবেক যেন কোনো দলের অস্থায়ী কর্মী না হয়। কারণ একটি সমাজের প্রকৃত শক্তি তার ক্ষমতাবান মানুষের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না; নির্ধারিত হয় দুর্বল মানুষের অধিকার কতটা নিরাপদ, ভিন্নমতের মানুষ কতটা স্বাধীন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ কতটা সুরক্ষিত—তা দিয়ে।

শেষ কথা: ছায়ারও একদিন জেরা হবে, সেটা যেনো ভুলে না যাই

ছায়ার ব্যবসা যতই জমজমাট হোক, একটি বিষয় ছায়াবাজদের মনে রাখা দরকার—ছায়া কখনো মানুষের আসল পরিচয় নয়। আলো বদলালে ছায়ার আকার বদলায়, অবস্থান বদলালে দৈর্ঘ্য বদলায়, কখনো বড় হয়, কখনো ছোট হয়। কিন্তু মানুষের কাজের হিসাব শেষ পর্যন্ত কাজ দিয়েই দিতে হয়।

আজ যে শিক্ষককে জনতার সামনে দাঁড় করানো হচ্ছে, কাল তাঁর জায়গায় অন্য কেউ দাঁড়াতে পারেন। আজ যে ব্যক্তি মুগুর হাতে অভয় দিচ্ছেন, কাল তিনিও অন্য কারও অভয়বাণীর অপেক্ষায় থাকতে পারেন। আজ যে মানুষটি অন্যের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই রায় দিচ্ছেন, কাল তাঁর নিজের বিরুদ্ধে একই পদ্ধতি প্রয়োগ হলে তিনি হয়তো ন্যায়বিচারের কথা স্মরণ করবেন।

তখন তাঁকে মনে করিয়ে দেওয়া দরকার—ন্যায়বিচার কোনো মৌসুমি পণ্য নয়। এটি নিজের জন্য এক রকম, অন্যের জন্য আরেক রকম হতে পারে না।

আরেকটি কথা। মবের ভিড় যত বড়ই হোক, সেটি আদালত নয়। ক্ষমতার আসন যত উঁচুই হোক, সেটি বিবেকের বিকল্প নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যত অনুসারীই থাকুক, সেটি সত্যের মালিকানা দেয় না।

শিক্ষককে সম্মান করা মানে তাঁকে সমালোচনার ঊর্ধ্বে রাখা নয়; বরং সমালোচনাকে যুক্তিসংগত, জবাবদিহিকে ন্যায়সংগত এবং বিচারপ্রক্রিয়াকে মানবিক রাখা। ক্ষমতাবানকে প্রশ্ন করা মানে রাষ্ট্র বা সমাজের বিরোধিতা নয়; বরং প্রতিষ্ঠানকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া।

আমাদের দরকার এমন এক সামাজিক সংস্কৃতি, যেখানে কাউকে ভয় দেখিয়ে নীরব করা হবে না, আবার অন্যায়কে প্রশ্রয় দিয়ে স্বাধীনতার অপব্যবহারও করা হবে না। যেখানে প্রতিবাদ থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না; সমালোচনা থাকবে, কিন্তু চরিত্রহনন থাকবে না; জবাবদিহি থাকবে, কিন্তু মবের বিচার থাকবে না।

ভাবুন তো, সুকুমার রায়ের ছায়াবাজির সেই ব্যবসায়ী যদি আজকের সমাজে এসে দোকান খুলতেন, তবে হয়তো তাঁর দোকানের সামনে বিশাল সাইনবোর্ড ঝুলত— ‘এখানে সব রকম ছায়া পাওয়া যায়। নিজের দোষ ঢাকার জন্য, অন্যের দোষ বাড়ানোর জন্য, ক্ষমতার আলোয় নির্দোষ হওয়ার জন্য এবং প্রয়োজনে বিবেককে সাময়িক ছুটিতে পাঠানোর জন্য বিশেষ ছাড়!’

আর দোকানের পাশেই দাঁড়িয়ে থাকতেন ‘ভয় পেয়ো না’ কবিতার সেই অভয়বাণীর ফেরিওয়ালা। এক হাতে মুগুর, অন্য হাতে মাইক্রোফোন। মুখে মধুর হাসি। মিষ্টি কথায় হয়তো বলতেন—

‘ভয় পেয়ো না, ভয় পেয়ো না, আমরা তোমারই লোক,
শুধু সত্যটা বলবে না ভাই, তাহলেই থাকবে সুখ!’

কিন্তু শেষ পর্যন্ত একটি প্রশ্ন থেকেই যায়—যে সমাজে সত্য বলার জন্য মানুষকে অভয় দিতে হয়, সেই সমাজে ভয়টা আসলে কার:

  • শিক্ষকের?
  • শিক্ষার্থীর?
  • সাধারণ নাগরিকের?
  • নাকি সেই ক্ষমতাবানের, যিনি জানেন—আলো জ্বলে উঠলে তাঁর নিজের ছায়াটিও আর আগের মতো থাকবে না?

ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্র ব্যথা হতে পারে। কিন্তু ছায়াকে মানুষ ভেবে তার কাছে আত্মসমর্পণ করার চেয়ে আলো জ্বালানো অনেক বেশি জরুরি। কারণ সমাজকে বাঁচাতে ছায়ার ব্যবসা নয়, বিবেকের চর্চা প্রয়োজন। অভয়বাণীর ফেরিওয়ালা নয়, ন্যায়বিচারের প্রতিষ্ঠান প্রয়োজন। আর সবচেয়ে বেশি প্রয়োজন—এমন মানুষ, যাঁরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সময় নিজের পক্ষের পরিচয়পত্রটি পকেটে রেখে আসতে পারেন।

তবেই হয়তো একদিন ছায়ার বাজারে ক্রেতা কমবে, মুগুরের দোকানে তালা পড়বে, আর শিক্ষক আবার নিশ্চিন্তে শ্রেণিকক্ষে দাঁড়াতে পারবেন, সেদিনই হয়তো শিক্ষক আবার নিশ্চিন্তে শ্রেণিকক্ষে দাঁড়িয়ে বলতে পারবেন—‘প্রশ্ন করো। দ্বিমত করো। যুক্তি দাও। সত্য অনুসন্ধান করো।’

আর সেটিই হবে একটি সভ্য সমাজের সবচেয়ে সুন্দর অভয়বাণী। আর  সেদিনই বোঝা যাবে, আমরা সত্যিই একটি সভ্য সমাজের দিকে এগোচ্ছি। নাকি এখনো ছায়া ধরার ব্যবসাতেই ব্যস্ত আছি!

অধিকারপত্রের ভাবনা | আপনার কণ্ঠ, আপনার অধিকার।
করুণা নয়, অধিকার। ভয় নয়, মর্যাদা। প্রতিহিংসা নয়, ন্যায়বিচার।

লেখক: অধ্যাপক ড. মাহবুব লিটু, উপদেষ্টা, অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)

#ছায়াবাজি #ছায়ারসঙ্গেকুস্তি #ভয়পেয়োনা #ছায়াবাজি #সুকুমাররায় #শিক্ষকেরমর্যাদা #মবসন্ত্রাস #একাডেমিকস্বাধীনতা #প্রাতিষ্ঠানিকসংস্কার #দুর্নীতিবিরোধীসংস্কৃতি #বিবেকেরস্বাধীনতা#ন্যায়বিচার #সামাজিকব্যঙ্গ #অধিকারপত্র

কীওয়ার্ড: ছায়াবাজি, সুকুমার রায়, সামাজিক দ্বিচারিতা, শিকক্ষ নিপীড়ন, মব সন্ত্রাস, একাডেমিক স্বাধীনতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, নৈতিক অবক্ষয়, বিবেকের সংকট, প্রাতিষ্ঠানিক ন্যায়বিচার।