odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 18th November 2026, ১৮th November ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন, সড়কে ব্যারিকেড থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস

গোপালগঞ্জে থানার পর সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে আগুন

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৬ ২৩:৫৯

অধিকারপত্র ডটকম অনলাইন ডেক্স। ১৭ ই নভেম্বর মঙ্গলবার ২০২৬।

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এবার সংসদ সদস্য এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাটগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

এস এম জিলানি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জিলানির পৈতৃক বাড়িতে যান। এ সময় তারা বাড়িতে চড়াও হলে পরিবারের সদস্যরা নিরাপত্তার স্বার্থে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। পরে বাড়িতে আগুন দেওয়া হয়।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। তবে সড়কে ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। গ্রামবাসী আশপাশের জলাশয় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ জানান, সংসদ সদস্য এস এম জিলানির পাটগাতীর বাড়িতে আগুন দেওয়ার খবর তারা পেয়েছেন। তবে আন্দোলন ও সড়কে প্রতিবন্ধকতার কারণে ফায়ার সার্ভিস স্টেশন থেকে বের হতে পারছিল না। স্থানীয় কয়েকজন আগুন নেভানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এর আগে একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া কয়েকজন নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের যানবাহনেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত জিলানির বাড়িতে আগুন জ্বলছিল বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবারের সদস্যদের সর্বশেষ অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

 

টুঙ্গিপাড়া থানায় আগুনের পর এবার এমপি জিলানির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

 #গোপালগঞ্জ #এসএমজিলানি #টুঙ্গিপাড়া #অগ্নিসংযোগ #রাজনৈতিকসহিংসতা #বাংলাদেশ #Odhikarpatra #OdhikarpatraDotCom