সংবর্ধনা শেষে ২০ মিনিট ধরে সংঘর্ষ, ভাঙচুর কয়েকটি গাড়ি
অধিকারপত্র ডটকম অনলাইন ডেক্স। ১৭ নভেম্বর মঙ্গলবার ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক | লন্ডন :যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের মধ্যে পাঁচজন লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুর সামনে ও পেছনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল ছুড়তে থাকেন। পরে অতিথিদের সঙ্গে তাঁদের উত্তেজনা ও সংঘর্ষের সূত্রপাত হয়।
অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি ও সংঘর্ষ চলে। এ সময় সড়কে পার্ক করে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে।
এনসিপির দাবি, অন্তত চারজন গুরুতর আহত
এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ অভিযোগ করেন, নাহিদ ইসলামের কর্মসূচি পণ্ড করতে না পেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন। পরে অংশগ্রহণকারীরা অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধি ঘটনাস্থলে চারজন আহত ব্যক্তিকে দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে, স্থানীয় সূত্রের বরাতে পাঁচজনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। সংঘর্ষের পর আহতদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।
ফেসবুক পোস্টে নাহিদের অভিযোগ
ঘটনার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।
তিনি উল্লেখ করেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও হেনস্তার অভিযোগ
এর আগে শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। তবে এনসিপির নেতাকর্মীদের তৎপরতায় সেদিন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর যুক্তরাজ্য সফর ঘিরেও উত্তেজনা দেখা দিয়েছিল।
২১ নভেম্বর দেশে ফেরার কথা নাহিদের
এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। আগামী ২১ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
লন্ডনের এ সংঘর্ষের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে বিদেশের মাটিতে এ ধরনের সহিংসতা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা ও ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছে।
