অধিকারপত্র ডটকম, অনলাইন ডেক্স। ১৭ নভেম্বর মঙ্গলবার ২০২৬।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আদালত মানেই দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর ভোগান্তি। মামলার শুনানি কিংবা হাজিরার জন্য দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় আদালতের বারান্দা, সিঁড়ি কিংবা খোলা জায়গায়। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এই অপেক্ষা আরও কষ্টকর। এমন বাস্তবতায় ঢাকার আদালতপাড়ার রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য চালু করা হয়েছে বিশেষ বিশ্রামাগার।
নারী ও শিশুদের নিরাপদে বসে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিতে নেওয়া এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে জুডিশিয়াল স্ট্রেনদেনিং প্রজেক্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
বিশ্রামাগারের বাইরে নীল সাইনবোর্ডে লেখা রয়েছে ‘বিচারপ্রার্থী নারী ও শিশু বিশ্রামাগার’। পাশেই রয়েছে পুরুষদের প্রবেশ নিষেধসংক্রান্ত নির্দেশনা।
সরেজমিনে দেখা যায়, বিশ্রামাগারটিতে তিনজনের বসার উপযোগী আটটি স্টিলের চেয়ার এবং চারজনের বসার উপযোগী একটি কাঠের সিট রয়েছে। সব মিলিয়ে একসঙ্গে প্রায় ২৮ জন নারী ও শিশু এখানে বসতে পারেন। গরম থেকে স্বস্তি দিতে রয়েছে দুটি ফ্যান এবং ব্যবহারের জন্য রয়েছে তিনটি টয়লেট।
পুরুষদের প্রবেশ নিষিদ্ধ থাকায় নারী ও শিশুরা এখানে ব্যক্তিগত ও নিরাপদ পরিবেশে সময় কাটাতে পারছেন।
বিশ্রামাগারের দায়িত্বে থাকা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিউর রহমান বাসসকে বলেন, বিশ্রামাগারটি যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণের চেষ্টা করা হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টায় এটি খুলে দেওয়া হয় এবং বিকেল ৫টায় বন্ধ করা হয়। নারী ও শিশু বিচারপ্রার্থীরা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসতে পারেন, সে জন্য পুরুষদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন বলেন, রেবতী ম্যানশনের এই বিশ্রামাগারটি কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা নারী ও শিশুরা এখানে নিরাপদে বসে বিশ্রাম নিতে পারছেন। পুরুষদের প্রবেশ নিষিদ্ধ থাকায় তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আদালত প্রাঙ্গণে নারী ও শিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়।
আদালতে আসা নারী বিচারপ্রার্থীরাও জানিয়েছেন, আগে দীর্ঘ সময় বারান্দা কিংবা সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। বিশেষ করে ছোট শিশু নিয়ে আসা মায়েদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টকর। বিশ্রামাগার চালু হওয়ায় এখন তারা নিরাপদে বসে শুনানির জন্য অপেক্ষা করতে পারছেন।
একটি মামলায় হাজিরা দিতে কুমিল্লা থেকে আসা মমতাজ বেগম এবং চেক ডিজঅনার মামলার বাদী হিসেবে কেরানীগঞ্জ থেকে আসা রেহানা খাতুন জানান, আদালতের কার্যক্রম দুপুরের পর শুরু হবে। ফলে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। এই সময়ে বিশ্রামাগারটি তাদের জন্য নিরাপদ ও স্বস্তির জায়গা হয়ে উঠেছে।
সংশ্লিষ্টরা মনে করেন, বিশ্রামাগারটিতে বিশুদ্ধ খাবার পানি, ব্রেস্টফিডিং কর্নার ও তথ্য সহায়তা ডেস্ক যুক্ত করা হলে এটি দেশের অন্যান্য আদালতের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে।
সামান্য উদ্যোগ হলেও নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য এই বিশ্রামাগার আদালত প্রাঙ্গণে মানবিক পরিবেশ তৈরির একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
