odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 17th November 2026, ১৭th November ২০২৬
ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানো হয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের দিকে অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

ইয়েমেনে হুতিদের ৬৬১ অবস্থানে হামলার দাবি, নিহত-আহত ১৭৩; এডেনের দিকে অগ্রসর বিদ্রোহীরা

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৬ ২১:১৭

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৬ ২১:১৭

আন্তর্জাতিক ডেস্ক | অধিকারপত্র ডটকম ১৭ নভেম্বর মঙ্গলবার ২০২৬।

আন্তর্জাতিক প্রতিবেদক, ইয়েমেন :

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, বিভিন্ন যুদ্ধফ্রন্টে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ১৭৩ জন হুতি যোদ্ধা নিহত অথবা আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ নামে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। সোমবার তিনি এক বিবৃতিতে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, পরিচালিত হামলার মধ্যে রয়েছে ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা।

আল-নুজাইলির দাবি, এসব হামলায় হুতিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাদের কমান্ড সেন্টার, পর্যবেক্ষণ চৌকি ও সামরিক অবস্থানগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

তিনি জানান, তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টেও সামরিক তৎপরতা চলছে। বেসামরিক মানুষ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সতর্ক থাকার কথা জানিয়েছে সেনাবাহিনী।

এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা

অন্যদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতি বিদ্রোহীরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক বাহিনীগুলো সাম্প্রতিক লড়াইয়ে একাধিক কৌশলগত অবস্থান থেকে পিছিয়ে গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগর উপকূলের একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন করে দিয়েছে হুতিরা। এতে সরকারি বাহিনীকে কয়েকটি অবস্থান ছেড়ে দিতে হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির কাছের কৌশলগত অবস্থান থেকেও সরকারি বাহিনী পিছু হটে এডেনের প্রতিরক্ষা জোরদারে মনোযোগ দিচ্ছে।

এডেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী। শহরটির দিকে হুতিদের অগ্রযাত্রা দেশটির চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে।

হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার উদ্যোগ

এদিকে সামরিক উত্তেজনার মধ্যেই হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার একটি বিল সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে ইয়েমেনের পার্লামেন্ট।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী, বিলটিতে হুতিদের কার্যক্রম, অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সম্পদ জব্দ, অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা, স্থলমাইন স্থাপন ও আন্তর্জাতিক নৌ চলাচলে হামলার ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে।

বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর হুতিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে সরকারি বাহিনী। এর লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী সানাও রয়েছে।

তবে ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একদিকে সরকারি বাহিনীর সামরিক অভিযান, অন্যদিকে হুতিদের নতুন নতুন ভূখণ্ড দখলের অগ্রযাত্রা—সব মিলিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা, ১৭ নভেম্বর ২০২৬।